এক বছরে ৫৫ হাজার মামলা, সাড়ে ৩ কোটি টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রাফিক আইন অমান্য করায় শুধু ২০০৯ সালে বাস ও বাসচালকদের বিরুদ্ধে ৫৫ হাজার ২৩৬টি মামলা করেছে চট্টগ্রাম নগর পুলিশের ট্রাফিক বিভাগ। জরিমানা আদায় করা হয়েছে সাড়ে তিন কোটি টাকার বেশি। এর আগের চার বছরে দুই লাখ ৭৫ হাজার ৬৪১ মামলার বিপরীতে জরিমানা করা হয়েছে ১০ কোটি ৬৮ লাখ ৮৫ হাজার ৯৫০ টাকা। এরপরও নগরের পরিবহনব্যবস্থায় শৃঙ্খলা ফিরে আসছে না। ইচ্ছেমতো ভাড়া নিচ্ছে বিভিন্ন সার্ভিসের বাসগুলো। জ্বালানি তেলের দাম কমলেও ভাড়া কমেনি যানবাহনে। অভিযোগ রয়েছে, পরিবহন মালিক সংগঠন ও চালকদের অসহযোগিতার কারণে সমস্যা থেকে যাচ্ছে। ট্রাফিক পুলিশের নানামুখী উদ্যোগ বারবার ভেস্তে যাচ্ছে। ট্রাফিক পুলিশ সূত্রে জানা যায়, বাসচালকেরা কারণে-অকারণে ট্রাফিক আইন অমান্য করেন। নির্দিষ্ট স্থান ছাড়াও যেখানে-সেখানে বাস থামিয়ে যাত্রী উঠানো-নামানো হয়। অতিরিক্ত যাত্রী নেওয়া, সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি, অনুমোদন না নিয়ে গাড়ি চালানোর প্রমাণ পাওয়া যায় প্রতিদিনই। চালকেরা নির্দিষ্ট পোশাক পরেন না। গাড়ি চালানোর সময় মুঠোফোনে কথা বলেন। এসব অভিযোগে মামলা ও জরিমানা আদায় করে পুলিশ। তা সত্ত্বেও ট্রাফিক আইন না মানার প্রবণতা কমছে না বলে জানান সংশ্লিষ্টরা। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সূত্রে জানা যায়, নগরের ১১টি সড়কে সিটি সার্ভিসের ৮৪০টি বাস চলাচলের অনুমতি ছিল। নিয়মিত চলাচল না করায় গত বছর ১৮০টি বাসের চলাচলের অনুমতি (পারমিট) বাতিল করা হয়। বর্তমানে ৬৬০টি বাস চলাচল করে। এ ছাড়া মেট্রো স্পেশাল সার্ভিসের ৪২টি ও ইপিজেডের পোশাক কারখানার শ্রমিকদের জন্য ৬০টি বাস যাত্রী পরিবহন করছে। সিটি করপোরেশনের নিরাপদ যাত্রীসেবার ২০টি বাসের মধ্যে ১৭টি বাস বেসরকারি উদ্যোগে চালানোর প্রক্রিয়া চলছে।ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, আইন অমান্য করায় ২০০৯ সালে ৫৫ হাজার ২৩৬ মামলায় তিন কোটি ৫৩ লাখ ১৭ হাজার ৭৫০ টাকা জরিমানা আদায় করে ট্রাফিক বিভাগ। এ ছাড়া ২০০৫ সালে ৭৩ হাজার ৬১৫ মামলার বিপরীতে এক কোটি ছয় লাখ ৯৮ হাজার ১৫০ টাকা, ২০০৬ সালে ৫৯ হাজার ৪৫৯ মামলার বিপরীতে এক কোটি ৫৪ লাখ ১৩ হাজার ৫০ টাকা, ২০০৭ সালে ৭৪ হাজার ৮১৮টি মামলার বিপরীতে তিন কোটি ৮৫ লাখ ৩৩ হাজার ৫০০ টাকা, ২০০৮ সালে ৬৭ হাজার ৭৪৯ মামলার বিপরীতে তিন কোটি ৬২ লাখ ৮০ হাজার ২৫০ টাকা। এ বিষয়ে নগর পুলিশের উপকমিশনার (ট্রাফিক) ফারুক আহমেদ জানান, ট্রাফিক আইনে কিছুটা শিথিলতা আছে। এ কারণে চালকদের আইন ভাঙার প্রবণতা দিন দিন বাড়ছে। বাড়ছে যানজটও। আইনের কঠোরতা থাকলে সব ক্ষেত্রে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব বলে তিনি মন্তব্য করেন।সিটি বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক নুরুল আলম বলেন, ‘আমাদের সংগঠনের আওতায় যেসব বাস চলাচল করে সেসব বাসের চালকেরা ট্রাফিক আইন মেনে চলে।’