গত বছরের ফেব্রুয়ারি থেকে গরিব ও দুস্থদের মধ্যে স্বল্পমূল্যে চাল-গম বিক্রির জন্য চালু হওয়া ফেয়ার প্রাইস (রেশন কার্ড) কার্যক্রম চলছে খুঁড়িয়ে। এক বছর পার হলেও নগরের দুই লাখ পাঁচ হাজার লোকের পূর্ণ তালিকা তৈরি হয়নি। এ পর্যন্ত কার্ড ইস্যু করা হয়েছে ৭০ হাজার। এ ছাড়া সব ওয়ার্ডে ডিলার নিয়োগও সম্ভব হয়নি।বিভাগীয় আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক সূত্রে জানা গেছে, প্রতি ওয়ার্ডে গরিব ও দুস্থ লোক ধরা হয়েছে পাঁচ হাজার করে। সেই হিসাবে নগরে এ সুবিধা পাওয়ার কথা দুই লাখ পাঁচ হাজার মানুষ। রেশন কার্ডধারীরা প্রতি মাসে চাল-গম মিলে ২০ কেজি করে নিতে পারবেন। তাঁদের তালিকা তৈরি করবে সাংসদ মনোনীত পাঁচজন প্রতিনিধির একটি কমিটি। প্রতিনিধিরা তালিকা তৈরি করে মন্ত্রীর কাছে পাঠাবেন। মন্ত্রীর পাঠানো তালিকা দেখে খাদ্য বিভাগ রেশন কার্ড ইস্যু করবে। অন্যদিকে এ পর্যন্ত ৪১ ওয়ার্ডের ২০৫ জন ডিলারের মধ্যে ৩৬ ওয়ার্ডে ১৩১ জন ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। নগরের ৪১ ওয়ার্ডের প্রতিটিতে পাঁচজন করে ডিলার নিয়োগ দেওয়ার কথা। জানা গেছে, কোনো কোনো ওয়ার্ডে দুই হাজার আবার কোনোটিতে তিন হাজার লোকের তালিকা খাদ্য বিভাগে জমা দেওয়া হয়েছে। খাদ্য বিভাগ থেকেও সে অনুযায়ী রেশন কার্ড দেওয়া হয়েছে। আবার কিছু ওয়ার্ড থেকে কোনো তালিকাই জমা পরেনি। এ ওয়ার্ডগুলো হচ্ছে—১, ৬, ১২, ২১, ২৩, ২৪, ২৫, ২৬, ২৮, ২৯, ৩০, ৩১, ৩৪ ও ৩৫। এ ব্যাপারে ৩৩, ৩৪ ও ৩৫ নম্বর ওয়ার্ডের দুস্থদের তালিকা তৈরির দায়িত্বে থাকা কাউন্সিলর লুৎফুন্নেছা দোভাষের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ‘এ তালিকা তৈরি করতে আনুষঙ্গিক বিভিন্ন কাজ সম্পন্ন করতে গিয়ে কাজ ধীরগতিতে এগোচ্ছে। আমি নিজেও মাঠ পর্যায়ে কাজ করছি। ৩৩ নম্বর ওয়ার্ডে দুই হাজার এবং ৩৪ নম্বর ওয়ার্ডে এক হাজার লোকের তালিকা তৈরি করে ইতিমধ্যেই সাংসদের কাছে জমা দিয়েছি। ৩৫ নম্বর ওয়ার্ডের তালিকা তৈরির কাজে এখনো হাত দিইনি।’ ফিরিঙ্গিবাজারের ডিলার মো. ইয়াহিয়া বলেন, ‘ফেয়ার প্রাইস কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত কমিটির সদস্যরা নিজেদের নানা কাজে ব্যস্ত থাকেন। তালিকা তৈরির কাজ এগোবে কীভাবে? তালিকা তৈরি হবে, এ তালিকা খাদ্য অফিসে জমা দেবে, এরপরই কার্ড ইস্যু করবে। ততক্ষণ পর্যন্ত আমি চাল বিক্রির কাজটিও করতে পারব না। ’বিভাগীয় আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রণ কার্যালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, ‘এ পর্যন্ত ৭০ হাজার ফেয়ার প্রাইস কার্ড (রেশন কার্ড) খাদ্য বিভাগ ইস্যু করেছে। খাদ্য বিভাগ থেকে এ কার্যক্রম ত্বরান্বিত করার জন্য আমরা মন্ত্রণালয়ে চিঠি দিয়ে অনুরোধ জানিয়েছি, যাতে মনোনীত ব্যক্তিরা দ্রুত তালিকা তৈরি করে আমাদের বরাবর পাঠিয়ে দেন। কিন্তু তাঁদের অন্তর্কোন্দলের কারণে এটি করা যাচ্ছে না।’তালিকা তৈরিতে সময় বেশি লাগছে কেন জানতে চাইলে বিভাগীয় আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক এ কে এম ফজলুর রহমান বলেন, ‘নগরের কিছু ওয়ার্ডে যেমন নাসিরাবাদ, খুলশী, আগ্রাবাদ সিডিএ, মেহেদিবাগের মতো আবাসিক এলাকাগুলোতে ধনাঢ্য লোকের বসবাস বেশি। যে কারণে এসব এলাকা থেকে গরিব-দুস্থদের পরিপূর্ণ তালিকা এখনো পাওয়া যায়নি। আর সব ওয়ার্ডে ডিলার নিয়োগের ক্ষেত্রে খাদ্য বিভাগ প্রতিনিয়ত পত্রিকায় বিজ্ঞাপন দিচ্ছে। তবে আমরা সব কাজ যত তাড়াতাড়ি সম্ভব সমাধানের চেষ্টা করছি।’