যুবলীগ নেতা হুমায়ুন কবির মুরাদ হত্যা মামলার এক বছর পূর্ণ হলেও তদন্ত শেষ করতে পারেনি পুলিশ। এজাহারে থাকা আসামিরা জামিনে বেরিয়ে গেছে। এ অবস্থায় পলাতক থাকা আসামিদের গ্রেপ্তার করে দ্রুত অভিযোগপত্র দিয়ে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে মুরাদের পরিবার। যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবরের অনুসারী হিসেবে তিনি পরিচিত ছিলেন। রেলওয়ের দরপত্র নিয়ে দলীয় লোকজন ছাড়াও যুবদলের কয়েকজন কর্মীর সঙ্গে তাঁর বিরোধ ছিল।
মামলার বাদী ও নিহতের স্ত্রী মনি বেগম প্রথম আলোকে বলেন, প্রকাশ্যে গুলি করে আসামিরা পালিয়ে গেলেও এক বছরেও তদন্ত শেষ করতে পারেনি পুলিশ। কয়েকজন গ্রেপ্তার হলেও জামিনে বেরিয়ে গেছে। সন্তানদের নিয়ে প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে থাকি। মামলা তুলে নিতে চাপ দিচ্ছে আসামিরা।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের ২৮ অক্টোবর মোটরসাইকেল নিয়ে বাসায় ফেরার পথে মুরাদকে নগরের টাইগারপাস আমবাগান এলাকায় রামদা দিয়ে কুপিয়ে আহত করে একদল সন্ত্রাসী। পরে এলোপাতাড়ি লাঠি দিয়ে পিটিয়ে মৃত্যু নিশ্চিত করা হয়। লোকজন জড়ো হলে ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা। এই ঘটনায় নগর যুবলীগের ১১ জনকে আসামি করে খুলশী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের স্ত্রী। ঘটনাস্থল থেকে পালানোর সময় আফছার উদ্দিন নামের এক আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। একই বছরের ৩০ অক্টোবর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় আসামি আফছার।
জবানবন্দিতে আফছার স্বীকার করে, ঠিকাদারি ব্যবসা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ খুনের ঘটনা ঘটে। সে জানায়, ‘হত্যাকাণ্ডে অংশগ্রহণ করে পাঁচজন। ১৫ দিন আগে এ হত্যার পরিকল্পনা করা হয়। তাজুল, সোহেলও মানিককে চিনি। অপর ব্যক্তিকে চিনি না। ঘটনার দিন যুবলীগ কর্মী হুমায়ুন কবির মুরাদ মোটরসাইকেল নিয়ে তাঁর বাসা নগরের আমবাগান এলাকায় পৌঁছালে দুটি ফাঁকা গুলি করে মোটরসাইকেল থামানো হয়। পরে মুরাদকে মানিক কিরিচ দিয়ে এলোপাতাড়ি কোপায়। অন্যরাও মারধর করে। পরে আমরা চলে যাই।’
পুলিশ গ্রেপ্তার করলেও জামিনে বেরিয়ে গেছে এই মামলার আসামি আলী হোসেন, সন্ত্রাসী খোকনচন্দ্র তাতী, গিয়াস উদ্দিন, সাইফুল ইসলাম, মো. মাসুম, ও মো. সুমন। গ্রেপ্তার আছে আফছার উদ্দিন, সোহেল, কামাল ও রনি। পলাতক রয়েছে মানিক ও তাজুল।
তদন্তের অগ্রগতি জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা নগরের খুলশী থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন মিয়া প্রথম আলোকে বলেন, তদন্ত মোটামুটি শেষ পর্যায়ে। হত্যায় তাজুল, সোহেল, মানিকসহ পাঁচজন অংশ নেয় বলে নিশ্চিত হওয়া গেছে। পলাতক আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে। আসামি মানিকের সঠিক নাম-ঠিকানা না পাওয়ায় তাকে ধরা যাচ্ছে না।