কক্সবাজারের পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহাবউদ্দিন ফরায়েজীকে হত্যার তদন্ত এক বছরেও শেষ হয়নি। এ নিয়ে হতাশ হয়ে পড়েছেন পরিবারের সদস্যরা।
বাদীপক্ষের অভিযোগ, ১৭ জন আসামির মধ্যে আটজন গ্রেপ্তার হলেও ছয়জন জামিনে বেরিয়ে এসেছেন। অন্যরা ধরাছোঁয়ার বাইরে। আসামিরা এখন প্রকাশ্যে ঘোরাফেরা করে তাঁদের নানাভাবে হুমকি দিচ্ছেন।
পেকুয়া থানা সূত্র জানায়, গত বছরের ৭ অক্টোবর টৈটং ইউনিয়নের বটতলী ছড়া থেকে পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহাবউদ্দিন ফরায়েজীর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় ১০ অক্টোবর নিহত ব্যক্তির ছেলে মেহেদি হাসান ফরায়েজি বাদী হয়ে ১৭ জনের বিরুদ্ধে মামলা করেন। পরে ওই বছরের ১০ নভেম্বর মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) স্থানান্তরিত হয়।
বর্তমানে মামলাটি তদন্ত করছেন সিআইডির কক্সবাজারের সহকারী পুলিশ সুপার (এএসপি) মিজানুর রহমান চৌধুরী। তিনি প্রথম আলোকে বলেন, ‘মামলার সবকিছু ঘুচিয়ে তদন্তকাজ শেষ পর্যায়ে আনা হয়েছে। অল্প সময়ের মধ্যে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দেওয়া হবে।’
বাদী ও তাঁর পরিবারকে হুমকি প্রসঙ্গে মিজানুর রহমান চৌধুরী বলেন, ‘বাদী এ নিয়ে থানায় সাধারণ ডায়েরি করেছেন। থানা-পুলিশ ওই বিষয়টি তদন্ত করছে।’
পুলিশ ও পরিবার সূত্র জানায়, মামলার ১৭ জন আসামির মধ্যে এখন পর্যন্ত নয়জন আসামিকে পুলিশ গ্রেপ্তার করতে পারেননি। তাঁরা হলেন শাহাদাত হোসেন, আবদুল জলিল, রেজাউল করিম, আজিজুর রহমান, দেলোয়ার হোসেন, আইয়ুব খান, আবদুর রহমান, হেলাল উদ্দিন ও মো. কাইছার। আর গ্রেপ্তার হয়ে জামিনে বেরিয়ে এসেছেন মোসলেম উদ্দিন, আবু ওমর, নেজামত উল্লাহ, জাফর আলম, মাহমুদুল হক ও জসিম উদ্দিন। আটক আছেন শামরুক বেগম ও মো. মুছা।
মামলার বাদী ও নিহত সাহাবউদ্দিন ফরায়েজীর ছেলে মেহেদি হাসান ফরায়েজী প্রথম আলোকে বলেন, মামলার প্রধান আসামিদের মধ্যে একজনও গ্রেপ্তার হননি। হত্যাকাণ্ডের পরপরই থানা-পুলিশ অভিযান চালিয়ে আটজনকে গ্রেপ্তার করেছিল। এক মাস পরই মামলা সিআইডিতে হস্তান্তর করা হয়। এরপর থেকে আসামিরা এলাকায় প্রকাশ্যে ঘোরাফেরা করছেন।’
মেহেদি হাসান বলেন, ‘আসামিরা আমাকে ও আমার পরিবারের সদস্যদের মেরে ফেলার হুমকি দিচ্ছেন। এ পর্যন্ত আমি থানায় তিনটি সাধারণ ডায়েরি করেছি। আমার বাবাকে তো হারিয়েছি, পরিবারের অন্য সদস্যদের হারানোর ভয় প্রতিনিয়ত আমাকে তাড়া করছে।’
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া মোহাম্মদ মোস্তাফিজ ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ‘ফরায়েজি হত্যা মামলার বাদীকে হুমকি–সংক্রান্ত তিনটি সাধারণ ডায়েরি তদন্তাধীন রয়েছে। তিনজন পুলিশ কর্মকর্তা আদালতের অনুমতি নিয়ে এ তদন্ত করছেন। পাশাপাশি মামলাটি থানা-পুলিশের কাছে তদন্তাধীন না থাকলেও বাদীপক্ষের সঙ্গে আমাদের প্রতিনিয়ত যোগাযোগ হচ্ছে। নিরাপত্তাবিষয়ক খোঁজখবরও রাখা হচ্ছে।’
জানতে চাইলে পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম প্রথম আলোকে বলেন, পুলিশ এখন পর্যন্ত কীভাবে ও কেন ফরায়েজীকে হত্যা করা হয়েছে, তার কিছুই বের করতে পারেনি। এমনকি এক থেকে ছয় নম্বর আসামির কেউই গ্রেপ্তার হননি। তাঁরা এলাকায় ঘুরে বেড়াচ্ছেন। এটা আমাদের জন্য লজ্জার। প্রধানমন্ত্রীর নির্দেশের পরও পুলিশ মামলাটি নিয়ে অবহেলা করছে। মামলাটি সম্পর্কে বিস্তারিত জানাতে আমি শিগগিরই প্রধানমন্ত্রীর দ্বারস্থ হব।’