এক বছরের কাজ পাঁচ বছরেও শেষ হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী পৌর ভবনের নির্মাণকাজ এখনো শেষ হয়নি। অথচ এক বছরের মধ্যে নির্মাণকাজ শেষ করার কথা থাকলেও গত পাঁচ বছরেও তা শেষ হয়নি। অবশ্য এ জন্য মামলাসংক্রান্ত জটিলতাকে দায়ী করেছেন ঠিকাদার। ফলে অস্থায়ী ভবনেই চলছে দাপ্তরিক কার্যক্রম।সরেজমিনে দেখা গেছে, দোতলা ভবনের নিচতলায় কয়েকটি কক্ষে ইটের দেয়াল উঠেছে, কিন্তু আস্তরণ (পলেস্তরা) করা হয়নি। আর দোতলার ছাদ হলেও এখনো কক্ষের ইটের দেয়াল ওঠেনি। নির্মাণাধীন ভবনে গিয়ে ঠিকাদারের কোনো শ্রমিককেও দেখা যায়নি।পৌরসভা কার্যালয় সূত্রে জানা গেছে, পৌর ভবন নির্মাণ করার জন্য ২০০৫ সালের মে মাসে প্রায় এক কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। নির্মাণকাজের দায়িত্ব পায় মেসার্স লাকি ট্রেডার্স। ২০০৫ সালের জুলাই থেকে নির্মাণকাজ শুরু করে ২০০৬ সালের জুন মাসে, অর্থাৎ এক বছরের মধ্যে শেষ করার কথা ছিল। কিন্তু মামলাসংক্রান্ত জটিলতার কারণে আড়াই বছর কোনো আর্থিক লেনদেন না হওয়ায় নির্মাণকাজও বন্ধ ছিল। এরপর আরও সময় গড়ালেও অসমাপ্তই রয়ে গেল নির্মাণকাজ।নির্মাণকাজের ঠিকাদার আবদুল মতিন বলেন, ‘মামলা জটিলতার কারণে ফান্ড না পাওয়ায় সঠিক সময়ে কাজ শেষ করতে পারিনি। তবে যত দ্রুত সম্ভব পৌর ভবনের অসমাপ্ত নির্মাণকাজ শেষ করে ভবনটি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করার চেষ্টা চলছে।এ প্রসঙ্গে মহেশখালী পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র পূর্ণচন্দ্র দে প্রথম আলোকে বলেন, মামলাসংক্রান্ত জটিলতায় প্রায় আড়াই বছর পৌরসভার আর্থিক লেনদেন বন্ধ ছিল।২০১০ সালের জুন মাসে আর্থিক লেনদেনের বিষয়টি নিষ্পত্তি হয়ে যায়। কিন্তু এর পরও নির্মাণকাজ শেষ হয়নি। পৌর ভবনের অসমাপ্ত কাজ শেষ করার জন্য বেশ কয়েকবার ঠিকাদারকে তাগাদা দেওয়া সত্ত্বেও কোনো কাজ হয়নি। এ কারণে অস্থায়ী ভবনে পৌরসভার দাপ্তরিক কাজ চালাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। তবে ভবনের নির্মাণকাজ শেষ করার জন্য কয়েক দিনের মধ্যে সংশ্লিষ্ট ঠিকাদারকে আবারও কারণ দর্শানো বিজ্ঞপ্তি দেবেন বলে তিনি জানান।