
সাড়ে নয় বছর ধরে অসমাপ্ত অবস্থায় পড়ে আছে কক্সবাজারের মহেশখালী পৌরসভার ভবনের নির্মাণের কাজ। অথচ ওই ভবনের নির্মাণকাজ শেষ করার কথা ছিল ২০০৬ সালের জুন মাসে। ভবন অসমাপ্ত রেখে টাকাও তুলে নিয়েছেন ঠিকাদার। এ নিয়ে পৌর কর্তৃপক্ষ ঠিকাদারের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে অভিযোগও দায়ের করেছে।
মহেশখালী পৌরসভা কার্যালয় সূত্রে জানা গেছে, ২০০১ সালের জুলাই মাসে গোরকঘাটা ইউনিয়নকে বিলুপ্ত করে পৌরসভা উন্নীত করা হয়। এরপর ২০০৫ সালে এক কোটি টাকা ব্যয়ে নতুন পৌর ভবন নির্মাণের জন্য কাজ শুরু হয়। নির্মাণকাজের দায়িত্ব পায় মেসার্স লাকি ট্রেডার্স। কার্যাদেশ অনুযায়ী, ২০০৬ সালের জুনে নির্মাণকাজ শেষ হওয়ার কথা থাকলেও তা হয়নি।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, দুই তলা বিশিষ্ট অসমাপ্ত ভবনের সিমেন্টের পলেস্তারা করা হয়নি। নেই কোনো দরজা, জানালা। সিমেন্টের আবরণ না থাকায় খুলে আসছে ইট। বর্তমানে ওই ভবনের আধা কিলোমিটার দূরে উপজেলা পরিষদের একটি দুইতলা ভবনে অস্থায়ীভাবে পৌরসভার কার্যক্রম চলছে।
পৌরসভার কাউন্সিলর খাইর হোসেন বলেন, স্থায়ী ভবন না থাকায় দাপ্তরিক কার্যক্রম চালাতে হিমশিম খেতে হচ্ছে। নাগরিকদের বিভিন্ন সমস্যা সমাধানও করা কঠিন হয়ে উঠেছে। স্থায়ী ভবন হলে তথ্য সংরক্ষণসহ নানা কাজ আরও সহজ হতো।
পৌরসভার উপসহকারী প্রকৌশলী সাইদুল আলম বলেন, মেসার্স লাকি ট্রেডার্সের ঠিকাদার আব্দুল মতিন পৌর ভবন নির্মাণের সময় বরাদ্দের এক কোটি টাকার মধ্যে প্রায় ৯০ লাখ টাকা তুলে নিয়েছেন। এরপর নির্মাণকাজ বন্ধ থাকা সত্ত্বেও ২০০৯ সালের আগস্টে তিনি অতিরিক্ত আরও ১৬ লাখ তোলেন। সব মিলিয়ে এক কোটি ছয় লাখ টাকা তিনি তুলেছেন। এ নিয়ে পৌর কর্তৃপক্ষ ঠিকাদারসহ জড়িত অন্যান্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে দুদকে মামলা করেন। বর্তমান মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে।
জানকে চাইলে পৌরসভার সচিব মোহাম্মদ নেজামূল হক বলেন, পৌর ভবনের অসমাপ্ত কাজ শেষ করার বিষয়ে অনুমতি চেয়ে ইতিমধ্যে স্থানীয় সরকারের পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে কয়েকবার আবেদন করা হয়েছে, কিন্তু সাড়া মেলেনি।
মহেশখালী পৌরসভার মেয়র মকসুদ মিয়া বলেন, কাজ শেষ না করে পুরো টাকাই তুলে নিয়ে গেছেন ঠিকাদার। এ নিয়ে আমরা পৌরসভার পক্ষ থেকে দুর্নীতি ও অর্থ আত্মসাতের বিষয়ে তিন বছর আগে দুর্নীত দমন কমিশনে আমরা লিখিত অভিযোগ করেছি। এ নিয়ে মামলাও হয়েছে। বর্তমানে চট্টগ্রামে বিভাগীয় বিশেষ জজ আদালতে মামলাটি বিচারাধীন রয়েছে।
এ বিষয়ে জানার জন্য ঠিকাদার আব্দুল মতিনের সঙ্গে যোগাযোগ করা হলে মুঠোফোনে তিনি বলেন, ‘আমি অতিরিক্ত টাকা তুলে নেইনি। বরং যে কাজ করেছি তারও বিল পাইনি। ভবনের নব্বই শতাংশ কাজ শেষ হয়েছে। বরাদ্দের অভাবে ১০ ভাগ কাজ শেষ করা যায়নি।’