এক বর্গকিলোমিটারের মধ্যে চার বইমেলা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের এক বর্গকিলোমিটারের মধ্যে চলছে চারটি বইমেলা। কোনোটিতেই আশানুরূপ বই বিক্রি না হলেও নাচ-গানে জমজমাট থাকছে মঞ্চ। এ ক্ষেত্রে লালদীঘি মাঠ ও ডিসি হিলে বইমেলার সাংস্কৃতিক আয়োজন উপভোগ করছেন হাজারো দর্শক। বৃহত্তর চট্টগ্রামের লেখক-প্রকাশক-পরিবেশকদের সম্মিলিত উদ্যোগে ফেব্রুয়ারি মাসজুড়ে বইমেলা আয়োজনের ওপর গুরুত্বারোপ করেছেন বইমেলায় আসা ক্রেতা-বিক্রেতারা।এ বছর প্রথম একুশের বইমেলা শুরু করেছিল চেরাগি পাহাড়ের বইবিপণিকেন্দ্র বাতিঘর। ১ ফেব্রুয়ারি শুরু হওয়া ঘরোয়া এ মেলা চলবে আগামী ১০ মার্চ পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত এখানে পাওয়া যাচ্ছে বাছাই করা নতুন বই। শুরুর দিক থেকে দ্বিতীয় ছিল লালদীঘি মাঠে সিটি করপোরেশনের ১০ দিনের ‘২১ বইমেলা, চট্টগ্রাম’। ১২ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন অনুষ্ঠানকে ঘিরে এ মেলার উদ্বোধন করেন সিটি মেয়র মোহাম্মদ মন্জুর আলম। কাল ২১ ফেব্রুয়ারি লালদীঘির মাঠের বইমেলা শেষ হবে। সরেজমিন গত শুক্রবার রাতে দেখা গেছে, লালদীঘি মাঠে হাজারো দর্শক উপভোগ করছেন সাংস্কৃতিক অনুষ্ঠান। কিন্তু মাঠের উত্তর-পূর্ব দিকে সাজানো বুকম্যান, সাহিত্য বিচিত্রা, বুক কালেকশন, কথাবিচিত্রা, ফ্রেম মেকার, জননী, তৌহিদ প্রকাশন, বুক প্যারাডাইস, রানা প্রকাশনী, শিল্পরূপা, বাংলা প্রকাশ, মা-মণি বুকসের স্টলগুলোতে কোনো ক্রেতাই নেই। এসব দোকানির বেশির ভাগই বইয়ের ব্যবসায়ী, প্রকাশক নন। চট্টগ্রাম সিটি করপোরেশনের পাবলিক লাইব্রেরির স্টলটি মেলার অনুষ্ঠান শেষ হওয়ার আগেই বন্ধ করে ফেলা হয়েছে।বুকম্যানের স্বত্বাধিকারী ইলিয়াছ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘১৯৮১ সাল থেকে বইয়ের ব্যবসা করছি। আমার মনে হয়, চট্টগ্রামে সম্মিলিতভাবে ফেব্রুয়ারি মাসজুড়ে একটিই বইমেলা হওয়া উচিত। দলীয়ভাবে নয়।’ বিকিকিনি আশানুরূপ নয় বলে তিনি জানান। ডিসি হিলে একুশ মেলা পরিষদের ২০তম অমর একুশে বইমেলা শুরু হয় ১৪ ফেব্রুয়ারি। উদ্বোধন করেন সমাজবিজ্ঞানী অনুপম সেন। ২১ ফেব্রুয়ারি এ মেলা শেষ হবে। ডিসি হিলের বইমেলায় অনেক বইয়ের দোকান (স্টল) চোখে পড়বে। এখানে আছে বঙ্গজ প্রকাশনী, শব্দচাষ, চিরসবুজ প্রকাশনী, পহেলা বুক সেন্টার, পথিক বইঘর, রংধনু বইঘর, মা প্রকাশনী, সাহিত্য বিচিত্রা, রানা প্রকাশনী, মনীষা বুকস, একুশে বইঘর, বিশ্বসাহিত্য সম্ভার, বুক কালেকশন ইত্যাদি স্টল। এর মধ্যে প্রথম দুটি ছাড়া অন্য স্টলগুলোতে নিজস্ব বই নেই বললেই চলে। মেলায় কথা হয় বই কিনতে আসা আবদুর রহিমের সঙ্গে। তিনি বলেন, ‘ছেলেকে নিয়ে এসেছিলাম কিছু বই কিনে দেব বলে। কিন্তু শিশু-কিশোরদের বেশির ভাগই নকল বই (পাইরেটেড)। দামও গলাকাটা।’ নগরের মুসলিম ইনস্টিটিউট প্রাঙ্গণে ১৮ ফেব্রুয়ারি শুরু হয়েছে চট্টগ্রাম সৃজনশীল বইমেলা। পাঁচ দিনের এ মেলার আয়োজক চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদ। মেলার উদ্বোধন করেন দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক। আজ বইমেলা মঞ্চে অনুষ্ঠিত হবে ছড়া উৎসব, কাল কবিতা উৎসব এবং ২২ ফেব্রুয়ারি সমাপনী দিনে চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পদক দেওয়া হবে সৈয়দ মোহাম্মদ সফি, অধ্যাপক আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দীন ও বেগম মুশতারী শফীকে। এ বইমেলায় স্টল আছে নগরের প্রায় সব প্রকাশনা প্রতিষ্ঠানের। এর মধ্যে ভালো বেচাকেনা দেখা গেছে শৈলী, বলাকা, প্রতীতী, কালধারা, পূর্বা, শব্দশিল্প, আবির, অ্যাডর্ন, কথন, মনন, প্রথমা, ঋতবর্ণ প্রকাশনের স্টলে। চট্টগ্রামের লেখকদের কাছে টেনেছে এ মেলা। প্রথমা প্রকাশনের স্টলে কথা হয় বিক্রয়কর্মী মোহাম্মদ সোহেলের সঙ্গে। তিনি বলেন, ‘প্রথম দিন বিকেল থেকে রাত পর্যন্ত আমরা দুই হাজার ৩০০ টাকার বই বিক্রি করেছি।’অনেক দূর থেকে এসে স্টল সাজিয়েছে ঋতবর্ণ প্রকাশন। এখানে আড্ডা দিচ্ছিলেন দরিয়াপারের অনেক কবি। প্রকাশক ইবরাহীম মুহাম্মদ জানান, নির্ঝর নৈঃশব্দ্যের পাখি ও পাপ, রুহুল কাদেরের মাতাল মৌয়াল ও জামাল সাকিবের হূদ চাদরের গোপন সুতো ইত্যাদি কয়েকটি বই ভালো বিক্রি হয়েছে।