ফেনীর দাগনভূঁঞা উপজেলার মাতুভূঁঞা ইউনিয়নের হীরাপুর গ্রামে গত বুধবার রাতে এক বাড়িতে ডাকাতি হয়েছে বলে খবর পাওয়া গেছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, দাগনভূঁঞা উপজেলার মাতুভূঁঞা ইউনিয়নের হীরাপুর গ্রামের বেলাল মিয়ার নতুন বাড়িতে গত বুধবার গভীর রাতে ১০-১২ জনের একদল ডাকাত হানা দেয়। গৃহকর্তা বেলাল মিয়া ঘরের দরজা খুলে বাইরে গরু দেখতে বের হওয়ামাত্রই ডাকাতেরা ঘরে ঢুকে পড়ে। তারা পরিবারের লোকজনদের অস্ত্রের মুখে জিম্মি করে তিন ভরি স্বর্ণালংকার, ডিজিটাল ক্যামেরা, কিছু নগদ টাকা ও মোবাইল ফোনসেটসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় এবং গৃহকর্তা বেলাল মিয়াকে (৭৫) মারধর করে। বর্তমানে তিনি দাগনভূঁঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। গৃহকর্তা বেলাল মিয়া দাবি করেন, ডাকাতেরা তাঁদের ঘর থেকে স্বর্ণালংকারসহ প্রায় তিন লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। দাগনভূঁঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন বলেন, হীরাপুর গ্রামে বেলাল মিয়ার বাড়িতে ডাকাতির বিষয়টি তিনি শুনেছেন। তবে এ ব্যাপারে মামলা হয়নি।