এক বিদ্যালয় এক শিক্ষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘পোলাপাইন স্কুলে যাইতো চায় না। স্যার মোডে একজন। কোনো দিন আইয়ে, কোনো দিন আইয়ে না। স্যার ন আইলে পড়া অয় না, ছোড ছোড পোলামাইয়াগুন আবার বাইত (বাড়ি) চলি আইয়ে।’ গ্রামের আবদুল মালেক ও মো. হারুন নামের দুজন অভিভাবক এভাবেই তাঁদের ক্ষোভের কথা প্রকাশ করেন। ফেনীর পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের মহেষ পুষ্করিণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে মাত্র একজন শিক্ষক কর্মরত রয়েছেন। তিনিও নিয়মিত বিদ্যালয়ে যান না বলে শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ রয়েছে। এতে একদিকে বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে, অন্যদিকে শিশুদের বিদ্যালয়ে ফলাফল বিপর্যয়সহ ঝরে পড়ার আশঙ্কাও বাড়ছে। গত জুলাই মাস থেকে বিদ্যালয়টির এ অবস্থা। উপজেলা শিক্ষা অফিস ও বিদ্যালয় সূত্র জানায়, মহেষ পুষ্করিণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে ১০৪ জন শিক্ষার্থী রয়েছে। তাদের মধ্যে ৪৪ জন ছাত্র ও ৬০ জন ছাত্রী। বিদ্যালয়ের অনুমোদিত শিক্ষক পদ রয়েছে তিনটি। তিনজনের মধ্যে একজন পিটিআই প্রশিক্ষণে রয়েছেন এবং একজন অন্য জেলায় বদলি হয়ে গেছেন। বর্তমানে কর্মরত রয়েছেন শুধু প্রধান শিক্ষক। তাঁকেও মাঝেমধ্যে সাব ক্লাস্টার ট্রেনিংসহ সরকারি কাজে উপজেলায় যেতে হয়। এতে কোনো কোনো দিন শিক্ষকশূন্য থাকে বিদ্যালয়টি। গত সোমবার দুপুরে সরেজমিনে বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, স্থানীয়ভাবে নিযুক্ত শিক্ষক সালমা আক্তার অফিস কক্ষে বসে আছেন। প্রধান শিক্ষক তখনো বিদ্যালয়ে পৌঁছেননি। শিক্ষার্থীরা ঘণ্টা খানেক পরীক্ষা দিয়ে এদিক-সেদিক ছোটাছুটি এবং হইচই করছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইউছুফ কামাল জানান, কিছুদিন আগে অনুষ্ঠিত পঞ্চম শ্রেণীর মডেল টেস্ট পরীক্ষায় আটজন ছাত্র অংশ নেয়। সবাই অকৃতকার্য হয়েছে। সর্বশেষ পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষায় ওই আটজন পরীক্ষা দেওয়ার কথা থাকলেও তিনজন পরীক্ষা দেয়নি। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. বাহার হোসেন অভিযোগ করেন, শিক্ষক না থাকায় শিক্ষার্থীর পড়ালেখা হচ্ছে না এবং একমাত্র প্রধান শিক্ষকও নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকে না। পরশুরাম উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাহেদা আলম বিদ্যালয়ের এই অবস্থার কথা স্বীকার করে জানালেন, বর্তমান প্রধান শিক্ষক মো. ইউছুপ কামালও অন্য জেলার নিয়োগপ্রাপ্ত শিক্ষক। তাঁকে অনুরোধ করে বার্ষিক পরীক্ষা পর্যন্ত রাখা হয়েছে। এলাকাবাসী অভিযোগ করেন, বিদ্যালয়ে শিক্ষক শূন্যতার কারণে বিদ্যালয় কমিটির পক্ষ থেকে সালমা আক্তার নামে অস্থায়ী ভিত্তিতে একজনকে নিয়োগ দেওয়া হয়েছে। কিন্তু তাঁর একার পক্ষে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম চালানো সম্ভব হয় না। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইউছুপ কামাল জানান, তাঁকে অফিসের কাছে বেশির ভাগ সময় উপজেলা সদরে থাকতে হয়। তাই বিদ্যালয়ের যাবতীয় কাজ শেষ করে পাঠদান কার্যক্রম চালানো কষ্টসাধ্য হয়ে পড়েছে।