এক বিভাগ এক শ্রেণিকক্ষ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভাগের জন্য বরাদ্দ মাত্র একটি শ্রেণিকক্ষ। তাই বিভাগের সভাপতি তাঁর কক্ষটি ছেড়ে দিয়েছেন শ্রেণিকার্যক্রম চালানোর জন্য। এমনকি সেমিনার কক্ষেও চলছে শ্রেণি কার্যক্রম। শ্রেণিকক্ষ সংকটে প্রতিটি বর্ষে সপ্তাহে এক দিন করে দেওয়া হয়েছে বাড়তি ছুটি। আছে শিক্ষক–সংকটও। চার বর্ষের ১১০ জন শিক্ষার্থীর জন্য শিক্ষক মাত্র পাঁচজন।
এই চিত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের। বিভাগটি কলা ও মানববিদ্যা অনুষদের অধীন। বিভাগ প্রতিষ্ঠার পর থেকেই কক্ষ–সংকট লেগে আছে। ফলে ভোগান্তির শেষ নেই শিক্ষক-শিক্ষার্থীদের। বিষয়টি বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও জবাব একই—‘আরেকটু ধৈর্য ধরুন’। চার বছর ধরে ধৈর্য ধরেই আছেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, প্রয়োজনীয় সংখ্যক শ্রেণিকক্ষ নিশ্চিত না করেই ২০১১ সালে এই বিভাগটি খোলে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ২০১১-১২ শিক্ষাবর্ষ থেকে প্রথমবারের মতো শিক্ষার্থী ভর্তি করানো হয় এই বিভাগে। বর্তমানে চার বর্ষে শিক্ষার্থী রয়েছেন ১১০ জন। ডিসেম্বরের শুরুতে আসবেন নতুন বর্ষের শিক্ষার্থীরাও। তখন সংকট আরও বাড়বে। এদিকে চার বর্ষের ২৫টি বিষয়ের ওপর পাঁচজন শিক্ষক পাঠদান করতে গিয়ে হিমশিম খাচ্ছেন। নেই সেকশন কর্মকর্তাও। ফলে দাপ্তরিক কাজেও ব্যাঘাত ঘটছে।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, কলা ও মানববিদ্যা অনুষদের নিচ তলার পূর্ব পাশে এই বিভাগের অবস্থান। বিভাগের জন্য মূল যে শ্রেণিকক্ষটি বরাদ্দ দেওয়া হয়েছে তাও খুবই ছোট। শিক্ষার্থীরা গাদাগাদি করে বসেছেন। বিভাগের ছোট্ট দাপ্তরিক কক্ষের মাঝখানে দরজা লাগিয়ে দুটি অংশে ভাগ করা হয়েছে। এর একটি অংশে বসেন বিভাগীয় সভাপতি মো. আবুল হাসেম। অন্য অংশটিতে বসেন বিভাগের কর্মচারীরা। সেমিনার কক্ষেও চলছে শ্রেণি কার্যক্রম।
বিভাগের বিভিন্ন বর্ষের বেশ কয়েকজন শিক্ষার্থী জানান, কক্ষ না থাকায় শ্রেণি কার্যক্রম চালিয়ে যেতে তাঁদের কষ্ট হচ্ছে। তার ওপর আশপাশের পরিবেশটা অন্ধকার হওয়ায় বিদ্যুৎ না থাকলে শ্রেণি কার্যক্রম চালিয়ে যাওয়াও দুষ্কর হয়ে পড়ে।
শ্রেণিকক্ষ–সংকটের বিষয়টি চার বছরে বেশ কয়েকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পর কোনো ব্যবস্থা না হওয়ায় কষ্টটা এখন মানিয়ে নিয়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা। এ ব্যাপারে কথা বলতে বিভাগের সভাপতি মো. আবুল হাসেমের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে জানা যায় তিনি ছুটিতে দেশের বাইরে আছেন। পরে বিভাগের শিক্ষক আলতাফ হোসেনের সঙ্গে কথা হয়। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমাদের অনেক কষ্ট হচ্ছে। আমরা অনেকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি ও মৌখিকভাবে বিষয়টি জানিয়েছি। বাড়তি কোনো কক্ষ না থাকায় হয়তো কক্ষের ব্যবস্থা করা যাচ্ছে না। তাই কী আর করা। শিক্ষক-শিক্ষার্থীরা ভালোবেসে কষ্টের বিষয়টি মেনে নিয়েছি।’
কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক মো. সেকান্দর চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের অনেক কষ্ট হচ্ছে। তাঁদের জন্য মাত্র একটি শ্রেণিকক্ষ। বিষয়টি আমিও ওয়াকিবহাল। কিন্তু এখন অনুষদে কোনো বাড়তি কক্ষ না থাকায় নতুন কক্ষ বরাদ্দ দেওয়া যাচ্ছে না। বিষয়টি আসলেই অনেক ভোগান্তির। অনুষদের দ্বিতীয় একাডেমিক ভবনের কাজ শেষ না হওয়া পর্যন্ত তাঁদের কষ্ট করে যেতে হবে।’
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্র জানায়, নির্মিতব্য দ্বিতীয় একাডেমিক ভবন ২০১৭ সালের জুন মাসের আগে চালু হচ্ছে না। সেই সময় আরও বাড়তে পারে। এই ভবনটির কাজ শুরু হয় গত বছরের জানুয়ারি মাসে।
বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. আবু সাঈদ হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমাদের হিসাবে সরকারি বরাদ্দ ঠিকঠাকমতো পেলে কলা ও মানববিদ্যা অনুষদের দ্বিতীয় একাডেমিক ভবনের কাজ শেষ হবে ২০১৭ সালের জুন মাসে। সঠিক সময়ে বরাদ্দ না পেলে আরও দেরি হতে পারে।’
তবে এত দিনের জন্য অন্তত শিক্ষার্থীদের জন্য নতুন কোনো শ্রেণিকক্ষ ব্যবস্থা করে দিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছেন বিভাগের শিক্ষক আব্দুল করিম। তিনি বলেন, ‘শিক্ষার্থীদের ক্লাস করতে অনেক কষ্ট হচ্ছে। নতুন একাডেমিক ভবন চালু হওয়ার আগ পর্যন্ত যদি অনুষদের অন্য কোথাও শ্রেণিকক্ষের ব্যবস্থা করে দেওয়া হয়, তাহলে কষ্ট কিছুটা লাঘব হবে। এখন কমপক্ষে চারটি শ্রেণিকক্ষ দরকার।’