এক বিভাগে স্নাতকোত্তরের চার বর্ষ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে স্নাতকোত্তর শ্রেণিতে শিক্ষাবর্ষ এখন চারটি। পরীক্ষা দিয়ে ফলাফলের অপেক্ষায় আছেন একটি বর্ষের শিক্ষার্থীরা। দুটি শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ক্লাস শেষ করে বসে আছেন সাত মাস। আর নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হয়েছে তিন মাস আগে।

শিক্ষার্থীদের অ​িভযোগ, ফলাফল প্রকাশে দীর্ঘসূত্রতা ও শিক্ষকদের সমন্বয়হীনতা এর মূল কারণ।

অথচ বিশ্ববিদ্যালয়ের অন্যতম ‘দামি’ এই বিভাগে প্রতিবছরই ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের মধ্যে তুমুল প্রতিযোগিতা হয়। ইঞ্জিনিয়ারিং অনুষদের অন্তর্ভুক্ত এই বিভাগে গত বছর স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় একটি আসনের ​িবপরীতে শিক্ষার্থী ছিলেন ১৪০ জন। ভর্তির সুযোগ পান ৬৯ জন। কিন্তু ভর্তি হওয়ার পর শিক্ষার্থীরা পড়েন শিক্ষাজটে।

কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ সূত্র জানায়, ফলাফলের অপেক্ষায় থাকা ২৯ জন শিক্ষার্থী (শিক্ষাবর্ষ ২০০৯-১০) স্নাতকোত্তরে ভর্তি হন ২০১২ সালের ৮ সেপ্টেম্বর। এর দুই বছরের মাথায় ২০১৪ সালের ৩০ আগস্ট তাঁদের পরীক্ষা শুরু হয়, শেষ হয় একই বছরের ২৩ নভেম্বর। গতকাল শনিবার পর্যন্ত ফলাফল হাতে পাননি ওই বর্ষের শিক্ষার্থীরা। এই বর্ষের ফলাফল প্রকাশ না হওয়ায় বাকি দুই বর্ষের (শিক্ষাবর্ষ ২০১০-১১ ও ২০১১-১২) পরীক্ষাও আটকে আছে। এই দুই বর্ষে শিক্ষার্থী ৬৩ জন। ক্লাস শুরু হওয়া ২০১২-১৩ শিক্ষাবর্ষে শিক্ষার্থী রয়েছেন ৩১ জন।

সূত্র আরও জানায়, ২০০৯-১০ শিক্ষাবর্ষের পরীক্ষা কমিটির সভাপতি ছিলেন বিভাগের অধ্যাপক মোহাম্মদ শাহাদাত হোসেন। ওই পরীক্ষা কমিটির অন্যতম সদস্য বিভাগের বর্তমান সভাপতি মোহাম্মদ খাইরুল ইসলাম। কিন্তু মোহাম্মদ খাইরুল ইসলামকে ফলাফলের বিষয়ে প্রয়োজনীয় কাগজপত্র না দিয়ে চলতি বছরের ১৮ আগস্ট ফলাফল পরীক্ষানিয়ন্ত্রক বরাবর পাঠান শাহাদাত হোসেন। তবে কাগজপত্রে খাইরুল ইসলামের সই না থাকায় সেটি কার্যকর হয়নি।

মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, ‘আমি অনেক আগেই পরীক্ষার ফলাফলের কপি ও প্রয়োজনীয় কাগজপত্র ওই সদস্যের (খাইরুল ইসলাম) হাতে তুলে দিয়েছি। তাঁকে মেইলও করেছি। তিনি না পেলে আমার কী করার আছে।’

কিন্তু গতকাল বেলা একটা পর্যন্ত পর্যন্ত নম্বরপত্র বা ফলাফলের বিষয়ে প্রয়োজনীয় কাগজপত্র হাতে পাননি বলে মুঠোফোনে জানিয়েছেন বিভাগের সভাপতি মোহাম্মদ খাইরুল ইসলাম। এর আগে গত সোমবার বিভাগে গেলে মোহাম্মদ খাইরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমি সভাপতি হওয়ার পর থেকে অনেক চেষ্টা করেছি বিভাগের শিক্ষাজট নিরসনে। কিন্তু বিভিন্ন কারণে তা হয়নি। ২০০৯-১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা এখনো ফলাফল হাতে পাননি, তা খুবই অনাকাঙ্ক্ষিত। শিক্ষার্থীরা এভাবে দিনের পর দিন বসে থাকবেন, তা হয় না। একটা বর্ষের ফলাফল আরেকটি বর্ষের পরীক্ষার সঙ্গে জড়িত। একটি বর্ষের ফলাফল হলেই আরেকটি বর্ষের পরীক্ষা শুরু করা যায়। এর একটা আশু সমাধান হওয়া জরুরি। আর ভবিষ্যতে যাতে এ রকম কিছু না ঘটে সে ব্যাপারেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার।’

ফলাফল প্রকাশ না হওয়ার বিষয়টি গড়িয়েছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দপ্তর পর্যন্ত। গত ১৯ আগস্ট উপাচার্যের দপ্তরে বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন, রেজিস্ট্রার, পরীক্ষানিয়ন্ত্রকসহ বিভাগের শিক্ষকদের মধ্যে এ বিষয়ে বৈঠক হয়। বৈঠক সূত্র জানায়, বৈঠকে বিভাগের সভাপতি মোহাম্মদ খাইরুল ইসলাম একটি বর্ষের পরীক্ষার ফলাফল প্রকাশ না হওয়া ও বিভাগের শিক্ষাজটের পুরো চিত্র মৌখিকভাবে তুলে ধরেন। এ সময় উপাচার্য বিষয়টি সমাধান করতে ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিনকে অনানুষ্ঠানিকভাবে দায়িত্ব দেন। পরবর্তী সময়ে একই বিষয়ে ২০ আগস্ট ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিনের নেতৃত্বে পরীক্ষা কমিটির সদস্যদের বৈঠক হয়। ওই বৈঠকে পরীক্ষার ফলাফল বিষয়ে যাবতীয় তথ্য কমিটির সদস্য ও বর্তমান সভাপতি মোহাম্মদ খাইরুল ইসলামের হাতে তুলে দিতে এবং ফলাফলের নম্বরপত্রের অনুলিপি বিভাগে জমা দিতে অধ্যাপক শাহাদাত হোসেনকে বলা হয়।

জানতে চাইলে ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন শংকর লাল সাহা মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চলমান সমস্যা সমাধানে উপাচার্যের অনুরোধে আমার নেতৃত্বে একটি আন–অফিসিয়াল বৈঠক হয়। বৈঠকে ফলাফল প্রকাশ না হওয়া বর্ষটির পরীক্ষা কমিটির সভাপতিকে পরীক্ষাবিষয়ক প্রয়োজনীয় কাগজপত্র একই পরীক্ষা কমিটির সদস্য ও বিভাগের বর্তমান সভাপতির হাতে তুলে দিতে বলা হয়েছিল। কিন্তু সিদ্ধান্ত অনুসারে কাগজপত্র জমা না দিয়ে তিনি দেশের বাইরে চলে যান। এ বিষয়ে পরবর্তী অগ্রগতি আমার জানা নেই।’

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘শিক্ষাজট নিরসন করতে আমি বদ্ধপরিকর। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের একটি বর্ষের পরীক্ষার ফলাফল প্রকাশ না হওয়া, বিভিন্ন বর্ষ আটকে থাকার বিষয়গুলো দ্রুত নিরসন করতে গত শুক্রবার পরীক্ষা নিয়ন্ত্রককে দায়িত্ব দিয়েছি। আশা করছি এসব বিষয়ে দ্রুত সমাধান হবে।’