পায়ের নিচে তপ্ত বালু আর মাথার ওপর তপ্ত সূর্য। কোনো কিছুই আটকে রাখতে পারেনি ষাঁড়ের লড়াই দেখার উত্তেজনা। মাইকে ষাঁড়ের লড়াই শুরুর ঘোষণা আসতেই সবার চোখ যায় চরের মাঝখানে। ষাঁড়ের মালিক সাঙ্গপাঙ্গসহ খ্যাপা ষাঁড় নিয়ে মাঠে ঢুকছিলেন আর হাজারো মানুষের করতালি ও উচ্ছ্বাসে মাইকের শব্দ ঢাকা যাচ্ছিল। মাঠে ঢুকতেই ষাঁড়গুলো তেড়ে-ছুটে যাচ্ছিল একে অন্যের দিকে। দুই পক্ষের ষাঁড়ের মালিকেরা দুই পাশে দাঁড়ান। দুটি ষাঁড় সামনাসামনি এনে শিঙে শিং লাগিয়ে দিয়ে কৌশলে রশি ছাড়িয়ে দিয়ে দ্রুত সরে আসেন। আর শুরু হয়ে যায় কোন ষাঁড় কোনটিকে পিছু হটাতে পারে তার শক্তিপরীক্ষা। প্রচণ্ড শক্তিতে একটি আরেকটিকে আক্রমণ করে মাঠের এক পাশ থেকে আরেক পাশে পিছু হটিয়ে নিয়ে যায়। ‘কেহ কারে নাহি ছাড়ে সমানে সমান’। মুখ দিয়ে লালা পড়ছে, তবু কোনোটিই যেন হার মানতে রাজি নয়। নিজের জয়ের সঙ্গে ষাঁড়ের মালিক ও এলাকার সম্মান যে জড়িত, সেটা কীভাবে যেন বুঝে গিয়েছিল অবলা প্রাণীগুলোও। অবশ্য একটিকে পিছু হটতে হয়। জয়ী ষাঁড় হেরে যাওয়া ষাঁড়কে পিছু ধাওয়া করে। আর প্রাণ বাঁচাতে হেরে যাওয়া ষাঁড় দিগ্বিদিক ছোটে। দর্শকদের মধ্যে হইহই পড়ে যায়।কোনো কোনো লড়াই তিন-চার মিনিট, আবার কোনো কোনোটা এমনকি এক-দেড় ঘণ্টাও চলতে থাকে। দুই পক্ষের মালিক মাটি চাপড়ে উৎসাহ জোগাতে থাকেন নিজেদের ষাঁড়কে। মাঠের এক পাশে দাঁড়িয়ে কেউ বা আবার বিড়বিড় করে কী যেন মন্ত্র আওড়ান। কেউ বা লড়াইয়ের শুরুতেই মাঠে ছিটিয়ে দেন মন্ত্রপূত বালু। বিকেলে প্রত্যেক বিজয়ীকে উপহার দেওয়া হয় টেলিভিশন।লড়াই দেখার জন্য মাঠের চারপাশের উঁচু গাছের ডালেও উঠে বসেছিল অসংখ্য মানুষ। ভিড়ের মধ্যে শসা বিক্রি করছিলেন সেলিম। বললেন, ‘ভাইজান, আজ ভাগ্যটা বড়ই ভালা। অনেক বেচাকেনা হচ্ছে।’ পাশের আইসক্রিমবিক্রেতা আফাজ মিয়া একগাল হেসে জানান, ‘গরমের চোটে বড়লোকেরাও আজ আমার লাল আইসক্রিম বেশ মজা কইরা খাইছে।’ শিক্ষার্থী হিরা, আয়েশা, দেব—সবার এককথা, এমন লড়াই জীবনে প্রথম দেখল। ভীষণ ভয়ও লেগেছে। আবার ভালোও লেগেছে।ময়মনসিংহ বর্ষবরণ উদ্যাপন পর্ষদ জেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজন করেছিল ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই। ১৬ এপ্রিল বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আসা ১৬টি ষাঁড় জোড়ায় জোড়ায় লড়াইয়ে অংশ নিয়েছিল। সেই ষাঁড়ের লড়াই দেখতে ব্রহ্মপুত্র নদের বুকে ভেসে ওঠা চরে জড়ো হয়েছিল পঞ্চাশ হাজারের বেশি মানুষ।