এক বৃষ্টিতেই ফের গর্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদ উপলক্ষে চট্টগ্রাম-বাঁশখালী সড়কের খানাখন্দ ইট-বালু দিয়ে ভরাট করেছিল সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। কিন্তু ঈদের পর সামান্য বৃষ্টিতেই ভেসে গেছে এই ক্ষণস্থায়ী সংস্কারকাজ। সড়কজুড়ে এখন আগের মতো গর্ত আর খানাখন্দ। ফলে এবড়োখেবড়ো এই সড়ক দিয়ে যানবাহন চলাচল দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছে।জানা গেছে, বিগত ১৫ বছরে চট্টগ্রাম-বাঁশখালী সড়কে বড় ধরনের সংস্কারকাজ হয়নি। অস্থায়ী গর্ত ভরাট ও কার্পেটিং হলেও এই রাস্তার দুর্দশা ঘোচেনি। ২০১০ সালের ১৪ জানুয়ারি সড়ক সংস্কারে দরপত্র আহ্বান করার পর সংস্কারকাজও শুরু হয়। কিন্তু সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠান নির্ধারিত সময়ে কাজ শেষ করতে না পারায় কার্যাদেশ বাতিল হয়ে যায়। চট্টগ্রাম-দোহাজারী সড়ক ও জনপথ বিভাগের (দক্ষিণ) প্রকৌশলী খান মোহাম্মদ কামরুল ইসলাম জানান, এক বছর মেয়াদি এই প্রকল্পের আওতায় সড়ক প্রশস্তকরণ, কার্পেটিং ও সেতু-কালভার্ট নির্মাণের ব্যয় ধরা হয়েছিল ১৬ কোটি টাকা। রাজশাহীর সাইদুর রহমান কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এই কাজ পায়। তবে তারা নির্দিষ্ট সময়ে কাজ শেষ করতে পারেনি বলে প্রকল্পের কার্যাদেশ বাতিল করা হয়। তিনি আরও বলেন, ‘স্থায়ীভাবে সড়কটি সংস্কার করার জন্য সড়ক ও জনপথ বিভাগ বড় ধরনের পরিকল্পনা হাতে নিচ্ছে। আবারও দরপত্র আহ্বান করে সংস্কারকাজ শুরু করা হবে।’সাইদুর রহমান কনস্ট্রাকশনের কর্মকর্তা মো. তপু জানান, বিরূপ আবহাওয়া ও অর্থসংকটের কারণে প্রকল্পের কাজ নির্দিষ্ট সময়ে শেষ করা যায়নি। তবে সড়ক সম্প্রসারণ ও কার্পেটিং এর কিছু কাজ হয়েছে। এ ছাড়া দুটি কালভার্টও নির্মাণ করা হয়। এই কাজে বরাদ্দ পাওয়া গেছে দুই কোটি ১৫ লাখ টাকা।সরেজমিনে গিয়ে দেখা যায়, পুকুরিয়া থেকে পুঁইছড়ি অংশের বিভিন্ন জায়গায় গর্তের সৃষ্টি হয়েছে। কিছু কিছু জায়গায় ইট-সুরকি উঠে গেছে। পৌর সদরের বড় মাদ্রাসা ও দারোগা বাজারসংলগ্ন দুটি কালভার্ট নির্মাণ করা হলেও সংযোগ সড়ক তৈরি হয়নি।নাপোড়া বাজারের ব্যবসায়ী রাজীব গুহ ও ছনুয়ার পূর্ব কাতেবীপাড়ার বাসিন্দা আবদুল মান্নান বলেন, ‘বাঁশখালীবাসীর প্রাণের দাবি এই সড়কের সংস্কার। এ ক্ষেত্রে জনপ্রতিনিধিদেরও এগিয়ে আসতে হবে। সরকার আন্তরিক হলে সড়কটি সংস্কার হবে।’ বাঁশখালী স্পেশাল সার্ভিস নামের বাসে চেপে চট্টগ্রাম যাচ্ছিলেন স্থানীয় বাসিন্দা আমিন সিকদার। তিনি বলেন, ‘নামে মাত্র ইট-বালু দিয়ে সড়ক সংস্কার করেই দায় সারে সওজ কর্তৃপক্ষ। এ জন্য বাঁশখালীবাসীর কষ্ট লাঘব হচ্ছে না।’ উল্লেখ্য, চট্টগ্রাম-বাঁশখালী সড়ক দিয়ে বাঁশখালী ছাড়াও পেকুয়া, কুতুবদিয়া, চকরিয়া, মহেশখালীর প্রায় ২৫ লক্ষাধিক মানুষ যাতায়াত করেন। এ ছাড়া পেকুয়া, কুতুবদিয়া, বাঁশখালীর উৎপাদিত সবজি, সামুদ্রিক মাছ, লবণ এই সড়কের ওপর দিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হয়।