এক বেলায় এই
>এক বেলায় এই নাশতা, মূল খাবার, মিষ্টি—ঈদের মেনু্য তৈরিটা বেশ ঝামেলার মনে হচ্ছে? এক বেলার পুরো আয়োজন দেখে নিতে পারেন একবারে। ফারাহ সুবর্ণা দিয়েছেন রেসিপি
বোনলেস ইলিশ

উপকরণ: ইলিশ ১টি (মাঝারি), পেঁয়াজ ২টি (বড়, মিহি কুচি), সিরকা ১ টেবিল চামচ, মরিচগুঁড়া ১ চা-চামচ, রসুনবাটা এক চা-চামচের একটু কম, টমেটো সস ১ চা-চামচ, চিনি এক চা-চামচের একটু কম, লবণ স্বাদমতো, তেল আধা কাপ।
প্রণালি: ইলিশ মাছের আঁশ ছাড়িয়ে নিয়ে পেটের কাছে লম্বালম্বি ফেড়ে ময়লা পরিষ্কার করে ধুয়ে রাখুন। তারপর আস্ত ইলিশে মরিচগুঁড়া, রসুনবাটা, সিরকা, লবণ আর চিনি দিয়ে ভালো করে মাখিয়ে নিন। প্রেশার কুকারে তেল গরম করে পেঁয়াজ বেরেস্তা করে তুলে নিন। বেরেস্তা ভাজা তেলের মধ্যে মাছটা বসিয়ে দিয়ে মাছ ডুবে যায় এই পরিমাণ পানি দিন। এবার কুকারের ঢাকনা বন্ধ করে দিয়ে কম আঁচে চুলায় প্রেশার কুকার বসিয়ে দিন। দেড় ঘণ্টা পর ঢাকনা খুলে খুন্তি বা চামচের সাহায্যে খুব সাবধানে মাছটা তুলে নিয়ে পরিবেশন পাত্রে রাখুন। কুকারে রয়ে যাওয়া ঝোলের সঙ্গে টমেটো সস আর খানিকটা বেরেস্তা হালকা করে ভেঙে মিশিয়ে জ্বাল দিয়ে ঘন করে নিন। এবার এই ঝোল মাছের ওপরে ছড়িয়ে দিন, যাতে পুরো মাছটা এই ঘন সসে ঢেকে যায়। বাকি বেরেস্তা ওপরে দিয়ে পরিবেশন করুন। বাসায় বড় প্রেশার কুকার না থাকলে বড় পাতিলে ৭–৮ ঘণ্টার জন্য কম আঁচে রেখে দিয়েও এই বোনলেস ইলিশ তৈরি করতে পারেন। এতে মাছের কাঁটাগুলো একদম গলে যাবে।
কাশ্মীরি পোলাও

উপকরণ: বাসমতি চাল ২ কাপ, তরল দুধ ১ কাপ, পেঁয়াজ ১টি, আদাবাটা আধা চা-চামচ, গোটা গরম মসলা প্রতিটি ২টি করে (বড় এলাচ, ছোট এলাচ, লবঙ্গ, দারুচিনি), তেজপাতা ২টি, শাহি জিরা ১ চিমটি, মৌরিগুঁড়া এক চা-চামচের একটু কম, জাফরান ১ চিমটি, মটরশুঁটি আধা কাপ, আপেল ১টি (কুচি), কাজুবাদাম ১৫–২০টি, কাঠবাদাম ১৫–২০টি, কিশমিশ ১ টেবিল চামচ, বেদানা অর্ধেকটা (সাজানোর জন্য), চিনি আধা চা-চামচ, লবণ স্বাদমতো, ঘি প্রয়োজনমতো, ফুটন্ত পানি প্রয়োজনমতো।
প্রণালি: চাল ধুয়ে পানিতে ভিজিয়ে রাখুন। জাফরান অল্প দুধে ভিজিয়ে রাখুন। আপেল খোসা ছাড়িয়ে একটু মোটা কুচি করে কেটে অল্প লেবুর রস মাখিয়ে রাখুন, যাতে কালচে হয়ে না যায়। কাঠবাদাম গরম পানিতে ১৫ মিনিট ভিজিয়ে রেখে খোসা ছাড়িয়ে রাখুন। পেঁয়াজ ঘিয়ে ভেজে বেরেস্তা করে নিন। সেই ঘিতেই মটরশুঁটি হালকা ভেজে তুলে নিন। তারপর কাজুবাদাম, কাঠবাদাম আর কিশমিশও সোনালি করে ভেজে তুলে নিন। প্যানে ঘি গরম করে শাহি জিরা, আস্ত গরম মসলা আর তেজপাতার ফোড়ন দিন। সুঘ্রাণ ছড়ালে তাতে পানি ঝরানো চাল দিয়ে দিন। তারপর আদাবাটা আর মৌরিগুঁড়া দিয়ে ৪–৫ মিনিট ভাজুন। প্রয়োজনমতো ফুটন্ত গরম পানি, দুধ, লবণ আর চিনি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিন। পানি আর চাল এক সমান হয়ে এলে দমে বসিয়ে দিন। পোলাও হয়ে গেলে চুলা থেকে নামিয়ে ভেজে রাখা মটরশুঁটি, বাদাম আর জাফরান মিশিয়ে দিন। পরিবেশনের ঠিক আগে আপেল কুচি পানিতে ধুয়ে নিয়ে পোলাওয়ে মিশিয়ে নিলেই কাশ্মীরি পোলাও তৈরি। বেরেস্তা, ভাজা বাদাম, কিশমিশ আর আনার বেদানা ছড়িয়ে সাজিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করুন।
পেঁপে-চিংড়ির চপ

উপকরণ: কাঁচা পেঁপে ২ কাপ (অল্প পানিতে সেদ্ধ করে চটকে নেওয়া), ছোট চিংড়ি ২০০ গ্রাম (খোসা আর মাথা বাদে), পেঁয়াজ ১টি (বড়, মিহি কুচি), কাঁচা মরিচ ৩–৪টি (কুচি), ধনেপাতা দেড় টেবিল চামচ (কুচি), লেবুর রস ১ চা-চামচ, গার্লিক টোস্ট প্রয়োজনমতো (গুঁড়া করা), কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ, টেম্পুরা পাউডার প্রয়োজনমতো, ডিম ২টি, লবণ স্বাদমতো, ঘি বেরেস্তার জন্য, তেল ভাজার জন্য।
প্রণালি: লেবুর রস আর লবণ দিয়ে চিংড়ি হালকা ভেজে নিয়ে মিক্সিতে পিষে বা বেটে নিন। ঘি দিয়ে পেঁয়াজ সোনালি করে ভেজে তুলে রাখুন। এবার একটি পাত্রে সেদ্ধ পেঁপে, পেষা চিংড়ি, ভাজা পেঁয়াজ, কাঁচা মরিচ, ধনেপাতা কুচি, প্রয়োজনমতো গারলিক টোস্টের গুঁড়া, কর্নফ্লাওয়ার, কিছুটা ফেটানো ডিম এবং স্বাদমতো লবণ দিয়ে মেখে ডো তৈরি করে নিন। পেঁপে সেদ্ধ বেশি নরম হয়ে গেলে কর্নফ্লাওয়ারের পরিমাণ বাড়িয়ে নেওয়া যেতে পারে। তারপর টিকিয়ার আকারে গড়ে নিয়ে ৩০–৪০ মিনিট ফ্রিজে রেখে দিন। মাঝে একবার টিকিয়া উল্টে দিন। ফ্রিজ থেকে বের করে প্রথমে ফেটানো ডিমে, তারপর টেম্পুরা পাউডারে গড়িয়ে নিয়ে আবারও ৩০–৪০ মিনিট ফ্রিজে রেখে দিন। তারপর ডুবো তেলে সোনালি করে ভেজে নিয়ে পরিবেশন করুন।
টক-ঝাল মসলাদার মাংস

উপকরণ: গরুর মাংস আধা কেজি, পেঁয়াজ ২টি (বড়, মিহি কুচি), মরিচগুঁড়া ১ টেবিল চামচ, আদাবাটা ১ টেবিল চামচ, রসুনবাটা দেড় চা-চামচ, ধনেগুঁড়া ২ চা-চামচ, কালো সরিষা আধা চা-চামচ, সিরকা ৩ টেবিল চামচ (স্বাদ অনুযায়ী কমবেশি দেওয়া যেতে পারে), আস্ত গরম মসলা প্রতিটি ২টি করে (বড় এলাচ, ছোট এলাচ, লবঙ্গ, দারুচিনি), তেজপাতা ২টি, লবণ স্বাদমতো, তেল আধা কাপ।
প্রণালি: সরিষা আর সিরকা অল্প পানি দিয়ে বেটে নিন। প্যানে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে সোনালি করে ভেজে তুলে নিন। তারপর সেই তেলে গরম মসলার ফোড়ন দিয়ে মরিচগুঁড়া দিয়ে দিন। কিছুক্ষণ নেড়ে নিয়ে তাতে আদা-রসুনবাটা ও ধনেগুঁড়া মিশিয়ে নাড়ুন। এবার মাংস দিয়ে দিন। মাংস ভালো করে ভাজা হয়ে গেলে সরিষা-সিরকার মিশ্রণ দিয়ে ২–৩ মিনিট নেড়ে লবণ আর গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিন। কম আঁচে রান্না করুন। মাংস সেদ্ধ হয়ে গেলে ভাজা পেঁয়াজ দিয়ে দমে রেখে দিন। তেল ওপরে উঠে এলে নামিয়ে পরিবেশন করুন।
হরিয়ালি চিকেন

উপকরণ: ব্রয়লার মুরগির মাংস ৬ টুকরা, পেঁয়াজ ১টি (বড়, মিহি কুচি), টক দই ১ টেবিল চামচ, আদাবাটা ২ চা-চামচ, রসুনবাটা আধা চা-চামচ, ধনেগুঁড়া আধা চা-চামচ, ধনেপাতা আধা কাপ, পুদিনাপাতা আধা কাপ, কাঁচা মরিচ ৩–৪টি, গরম মসলাগুঁড়া আধা চা-চামচ, লবণ স্বাদমতো, ঘি ১ টেবিল চামচ, তেল ২ টেবিল চামচ।
প্রণালি: মুরগির টুকরাগুলো কাঁটা চামচ দিয়ে অল্প কেঁচে নিয়ে টক দই, আদাবাটা, রসুনবাটা আর লবণ দিয়ে ম্যারিনেট করে রেখে দিন দেড়–দুই ঘণ্টার জন্য। ধনেপাতা, পুদিনাপাতা আর কাঁচা মরিচ একসঙ্গে বেটে নিন। প্যানে ঘি গরম করে পেঁয়াজ সোনালি করে ভেজে নিন। তারপর তাতে তেল মিশিয়ে অল্প গরম করে ধনেগুঁড়া দিন। সঙ্গে সঙ্গেই মুরগির টুকরাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিন। এবার অল্প গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করুন। মুরগি প্রায় পুরোপুরি সেদ্ধ হয়ে এলে বেটে রাখা গরম মসলাগুঁড়া এবং ধনেপাতা, পুদিনাপাতা আর কাঁচা মরিচের মিশ্রণ দিয়ে দিন। চুলার আঁচ বাড়িয়ে কষিয়ে নিয়ে অল্প গরম পানি দিয়ে ঢেকে দিন। ভাজা পেঁয়াজ ছড়িয়ে গা-মাখা ঝোলসহ নামিয়ে ফেলুন। ধনেপাতার মিশ্রণ মেশানোর পর বেশিক্ষণ চুলায় না রাখাই ভালো। এতে সবুজ রংটা নষ্ট হয়ে যায়।
বিস্কুট পুডিং

উপকরণ: ডাইজেস্টিভ বিস্কুট দেড় প্যাকেট, ওরিও বিস্কুট ১ প্যাকেট, ক্রিম ১ টিন, হুইপড ক্রিম ১ প্যাকেট, মাখন ১ টেবিল চামচ (আনসল্টেড), চিনি আধা কাপ, কফি পাউডার ২ চা-চামচ, চকলেট সিরাপ সাজানোর জন্য, চকলেট চিপস বা জেমস সাজানোর জন্য, চেরি সাজানোর জন্য।
প্রণালি: এক কাপ গরম পানিতে কফি আর চিনি গুলিয়ে নিন। ক্রিমের সঙ্গে মাখন আর চিনি দিয়ে ব্লেন্ডারে ভালো করে মিশিয়ে নিন। এরপর ডাইজেস্টিভ বিস্কুটগুলো একটি একটি করে গুলে রাখা কফিতে ডুবিয়ে একটি কাচের পাত্রে স্তর করে সাজিয়ে নিন। তারপর এর ওপর ফেটিয়ে রাখা ক্রিম ঢেলে দিন। এরপর ওরিও বিস্কুটগুলো কফিতে ডুবিয়ে নিয়ে একইভাবে ক্রিমের স্তরের ওপর সাজিয়ে নিন। আবারও ক্রিম, ডাইজেস্টিভ বিস্কুট এবং সবশেষে হুইপড ক্রিমের স্তর করে নিন। এটি কমপক্ষে ২–৩ ঘণ্টা ফ্রিজে রাখুন। তারপর ফ্রিজ থেকে বের করে চকলেট সিরাপ, চকলেট চিপস বা জেমস আর চেরি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন। চাইলে এতে পছন্দসই জেলোর স্তরও দিতে পারেন বা বিভিন্ন রঙের ফল দিয়েও সাজাতে পারেন।

মিন্ট স্প্ল্যাশ
উপকরণ: পুদিনাপাতা ৩ আঁটি, লেবুর রস ৩ টেবিল চামচ, চিনির সিরাপ প্রয়োজনমতো, সোডা ১ লিটার, বরফ প্রয়োজনমতো।
প্রণালি: পুদিনাপাতা, লেবুর রস, চিনির সিরাপ আর বরফ হালকা করে ব্লেন্ড করে নিন। এতে সোডা মিশিয়ে সামান্য পুদিনাপাতা আর লেবুর কুচি দিয়ে সাজিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন। আগে থেকে সোডা মিশিয়ে রেখে দেবেন না। পুদিনাপাতার মিশ্রণটা কেবল আগে বানিয়ে রাখতে পারেন।