
দালান চারটি আগের মতোই দাঁড়িয়ে। তবে চেহারা অনেকটাই উজ্জ্বল। সীমানাপ্রাচীরেও রং লেগেছে। এর বাইরে এখন দোকান, ছোট্ট পার্ক—যা ছিল না ২১ বছর আগে।


২১ বছর পর আবার দেখতে গেলাম বালিয়াটি প্রাসাদ। স্থানীয়ভাবে যা বালিয়াটি জমিদারবাড়ি নামেই পরিচিত। মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় অবস্থান বালিয়াটি গ্রামের। এখানেই এই প্রাসাদ।
কিছুদিন আগে এক শুক্রবারে দুপুরের দিকে রওনা হলাম বালিয়াটির পথে। ঢাকার বাইরে কোথাও যেতে হবে, তবে বেলা-বেলায় যেন ফিরে আসা যায়। সঙ্গে জুটিয়ে নিলাম বন্ধু পিয়াসকে। গাড়ি চালানোর পরই চিন্তায় এল দুপুরে কী খাব? পিয়াস দেয় সমাধান। বালিয়াটির পথেই পড়বে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এর বটতলায় প্রায় ৪০-৪৫টা খাবারের দোকান। আমরা বেছে নিই ‘কেএফসি!’ এই কেএফসির অর্থ হলো কাদের ফুড সেন্টার। ভর্তা-ভাজি, মাছ, মাংস, ডিমসহ প্রায় ৩০-৩৫ পদের দেশি খাবার। পেটপুরে মন ভরে দুপুরের খাওয়া সেরে চললাম বালিয়াটির পথে। খাবারের তৃপ্তিই বলে দিল ‘যাত্রা শুভ’।
নবীনগর পেরিয়ে ধামরাই বাসস্টপ। এরপর আরেকটি বাসস্টপ পেরিয়ে কালামপুর বাসস্টপ থেকে ডান দিকে সাটুরিয়ার রাস্তা। কালামপুর থেকে সাটুরিয়ার পথে দু-এক কিলোমিটার পরই চোখে পড়ল একেবারে গ্রাম। সারি সারি ভুট্টার খেত। ঢাকা থেকে তখনো আমরা ৪০-৪৫ কিলোমিটারের বেশি যাইনি। ঢাকা থেকে বেরিয়ে ময়মনসিংহ বা চট্টগ্রাম মহাসড়কে এমন দূরত্বে গ্রাম দেখা যায় না। পথে পড়ে কারখানার পর কারখানা আর পেট্রল বা সিএনজি পাম্পস্টেশন। কিন্তু এখানে নিখাদ গ্রাম। প্রাসাদ দেখার আগেই প্রকৃতি মন ভরিয়ে দেয়।
১৯৮৭ সালে প্রত্নতত্ত্ব অধিদপ্তর বালিয়াটি প্রাসাদকে সংরক্ষিত পুরাকীর্তি ঘোষণা করে। টিকিট কেটে ভেতরে ঢুকতে হয়। আমাদের জন্য ২০ টাকা করে, বিদেশিদের জন্য ২০০ টাকা। প্রাসাদের সামনে নেমেই মন ভরে যায়। এর শুভ্রতা আর বিশালতা দেখে। চারটা ফটক, আক্ষরিক অর্থেই সিংহদ্বার। কেননা, প্রতিটি ফটকের ওপরে একটা করে সিংহমূর্তি। প্রাসাদের মতো এগুলোরও বয়স ২০০ বছর করে।
৫ দশমিক ৮৮ একর জায়গা নিয়ে এই বালিয়াটি প্রাসাদ। একেবারে সামনে চারটা ইমারত। দুই পাশের দুটি তিনতলাবিশিষ্ট। এ দুটি দালানের লালচে ইট-সুরকির আবরণ চোখ টানে। মাঝখানে দুটি দালান একেবারে সাদা। একেই বুঝি বলে শ্বেতশুভ্র। এ দুটি দালানই দোতলা। তবে উচ্চতা ওই তিনতলার প্রায় সমানই।
সামনের চার দালানের প্রতিটি স্তম্ভই কারুকাজ করা। সৌম্য শান্ত একটা ভাব আছে। বারান্দায় লোহার রেলিং, কাঠের মেঝে ইত্যাদি সবই মনে করিয়ে দেয় উনিশ শতকের কথা। একটি দালানের ‘রংমহল’ এখন জাদুঘর। কাঠের সিঁড়ি বেয়ে শব্দ করে উঠতে হলো রংমহলে। সিঁড়িটাও ২০০ বছরের পুরোনো। দোতলায় সাজানো আছে এ প্রাসাদের মালিকদের কিছু জিনিসপত্র। টাকা রাখার বড় বড় সিন্দুক অনেকগুলো। লণ্ঠন, হ্যাজাকবাতি, পিদিম, পানির পাত্র রাখার কাঠের পাদস্তম্ভ, গ্রামোফোন যন্ত্র থরে থরে সাজানো। বিস্ময় লাগে বড় বড় আয়না দেখে। বয়স ২০০, প্রতিবিম্ব একেবারেই স্ফটিক স্বচ্ছ। যা এ যুগের আয়নাগুলো ১০ বছর বয়স হলেই আর দেখাতে পারে না। কাঠের কারুকাজ করা চেয়ার, পালঙ্ক সবকিছুই নিয়ে যায় সেই সময়ে।
মজার ব্যাপার হলো, সামনের চারটি দালান পুরোনো হলেও প্রতিটির সব তলাতেই ওঠা যায়। সিঁড়িগুলো এখনো কার্যকর। তবে দর্শনার্থীরা শুধু জাদুঘর পর্যন্ত উঠতে পারে। চার দালানের পর পেছনে আরও তিনটি দালান। মোট ২০০ ঘর এই প্রাসাদ কমপ্লেক্সে। পেছনের দালানগুলো সব ইটের। এখন চুন-সুরকি দিয়ে আগের নির্মাণশৈলী ঠিক রেখে মেরামত করা হচ্ছে। একেবারে পেছনে পুকুর, এতে বাঁধানো ঘাট সাতটা। আছে ইটের তৈরি পয়োনিষ্কাশন ব্যবস্থাও। নির্মাণশ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেল, বছর খানেকের মধ্যে আবার আগের রূপে ফিরে আসবে বালিয়াটি প্রাসাদ।
প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সাইনবোর্ড আর সমরেন্দু সাহা লাহোরের লেখা বালিয়াটির যত কথা বই থেকে জানা যায়, বালিয়াটি জমিদারদের পূর্বপুরুষ গোবিন্দ রাম সাহা ছিলেন লবণ ব্যবসায়ী। তাঁর পরবর্তী বংশধর দাধী রাম, পণ্ডিত রাম, আনন্দ রাম ও গোপাল রাম এই প্রাসাদগুলোর নির্মাতা। চারজনের চার প্রাসাদ। ঔপনিবেশিক স্থাপত্য ও গঠনশৈলীতে তৈরি হয়েছে এসব প্রাসাদ।
প্রাসাদের কিছু দূরে সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়। এটা আগে ছিল জমিদারদের বাগানবাড়ি। এ জমিদারদের বংশধরেরা স্কুল-কলেজ, চিকিৎসালয় ও মন্দির প্রতিষ্ঠা করেছিলেন আশপাশের এলাকায়। এই বংশের উত্তরসূরি কিশোরী লাল রায় ঢাকার জগন্নাথ কলেজ (বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়) নির্মাণ করেন। দিনে দিনে তো বটেই, ঢাকা থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরত্বের বালিয়াটি প্রাসাদ ঘুরে আসা যায় এক বেলাতেই।
সূর্য পশ্চিমে হেলে পড়ছে, সাদা দালানে পড়ছে সোনালি আভা, ইট-সুরকির দালানগুলোর লাল আরও গাঢ় হচ্ছে—এমন দৃশ্য দেখা হলো বিকেল বেলাতে। আবার সেটা পেছনে ফেলে ফিরতে হলো এই সময়ে, এই ঢাকাতে।
