এক ভয়ংকর অপরাধের চিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিহত ব্যক্তিদের জানাজা। ছবি: হাসান রাজা
নিহত ব্যক্তিদের জানাজা। ছবি: হাসান রাজা

এ বছরের ২৭ এপ্রিলের দুপুরের ঘটনা। নারায়ণগঞ্জ থেকে একসঙ্গে অপহরণ করা হলো সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে। বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্য থেকে ঘটনার দিনই প্রায় নিশ্চিত হওয়া গিয়েছিল, কারা এই অপহরণের সঙ্গে জড়িত। কিন্তু কেউই এ ব্যাপারে প্রকাশ্যে মুখ খুলছিলেন না।
ঘটনার প্রথম দিনেই আমাদের নারায়ণগঞ্জ প্রতিনিধি আসিফ হোসেন প্রাথমিক তথ্য প্রথম আলোকে অবহিত করেন। কিন্তু এটি যে একটি বড় ঘটনা হতে যাচ্ছে তখনো তাঁর সেই ধারণা ছিল না। একসঙ্গে সাতজনকে তুলে নেওয়ায় তখনো অনেকের ধারণা ছিল, এঁদের হয়তো একপর্যায়ে ছেড়ে দেওয়া হবে। ঘটনার পর সাংবাদিকদের ধারণা ছিল, এটা আওয়ামী লীগের অভ্যন্তরীণ সমস্যা। শিগগিরই মিটে যাবে। কিন্তু একটি দলের স্থানীয় নেতাদের অভ্যন্তরীণ ঘটনায় এলিট ফোর্স র্যাবের কিছু সদস্যের সরাসরি জড়িয়ে পড়ায় সারা দেশের মানুষের মনে তা এক ‘ভয়ংকর’ অপরাধ হিসেবে স্থান করে নেয়।
কিন্তু প্রথম আলো প্রথম দিন থেকেই সংবাদটিকে গুরুত্ব দিয়েছে। এই ঘটনার কয়েক দিন আগেই নারায়ণগঞ্জ থেকে আবু বকর সিদ্দিক অপহৃত হন। তিনি বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামী। পরে তাঁকে ছেড়েও দেওয়া হয়। এবার একসঙ্গে সাতজনকে অপহরণের ঘটনাকে ছোট করে দেখার কোনো সুযোগ ছিল না
এরপর আরও দুই দিন চলল ফলোআপ সংবাদ। কিন্তু ৩০ এপ্রিল ঘটনার আকস্মিকতায় সারা দেশের মানুষ হতভম্ব হয়ে যায়। শীতলক্ষ্যা নদীতে একে একে ভেসে ওঠে অপহৃত ছয়জনের লাশ। পরদিন পাওয়া যায় আরও একজনের লাশ। ঢাকা অফিস থেকে নানা সময়ে সেখানে প্রতিবেদক পাঠিয়ে ঘটনার বিভিন্ন দিক নিয়ে প্রতিবেদন করার কথা বলা হয়।
ঘটনার পেছনে কারা, উদ্দেশ্য কী, এমন অসংখ্য প্রশ্নের উত্তর খুঁজতে প্রথমে আমাদের জ্যেষ্ঠ প্রতিবেদক শরিফুল হাসানকে পাঠানো হয় নারায়ণগঞ্জে। বেশ কিছু প্রতিবেদন করেন তিনি। এসব প্রতিবেদন পড়ে এর পেছনে কারা জড়িত সে সম্পর্কে ধারণা পেতে সাধারণ পাঠকের সমস্যা হয়নি। কিন্তু প্রতিবেদনে তখনো সরাসরি বলা যাচ্ছিল না এই ঘটনার পেছনে কারা যুক্ত। কেননা প্রত্যক্ষদর্শী, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং পরিবারের সদস্যরা ছিলেন তখনো নিশ্চুপ। যে মামলা হয়েছিল তাতে কেবল স্থানীয় আওয়ামী লীগের নেতা ও কাউন্সিলর নূর হোসেনকে প্রধান আসামি করা হয়। র্যাবের কেউ জড়িত থাকার ব্যাপারে তখনো কোনো অভিযোগ ওঠেনি। ঘটনার এক সপ্তাহ পর ৪ মে নিহত নজরুলের শ্বশুর অভিযোগ করলেন, র্যাব নূর হোসেনের কাছ থেকে ছয় কোটি টাকা নিয়ে নজরুলসহ সাতজনকে হত্যা করেছে।
এরপর ১০ মে বিশেষ প্রতিনিধি কামরুল হাসানের একটি প্রতিবেদনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জড়িত থাকার বিষয়ে একটি প্রচ্ছন্ন তথ্য পাওয়া যায়। ওই দিন আমাকে নারায়ণগঞ্জে সাত খুনের সংবাদ সংগ্রহের জন্য দায়িত্ব দেওয়া হয়। সৌভাগ্যক্রমে তদন্তের সঙ্গে যুক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন সদস্যের সঙ্গে কথা হয়। কাজের সূত্রে তাঁর সঙ্গে আগেই আমার কিছুটা পরিচয় ছিল। তাঁর সহায়তা, সরেজমিনে অনুসন্ধান ও গোয়েন্দা সংস্থাগুলোর প্রাথমিক তদন্তের তথ্য থেকে এ ঘটনার জন্য নারায়ণগঞ্জের র্যাব-১১-এর ১৮ জন সদস্যের জড়িত থাকার তথ্য পাওয়া যায়, যা নিয়ে একটি প্রতিবেদনও করা হয়। তা ছাড়া ওই ঘটনার দুই প্রত্যক্ষদর্শীর বক্তব্যও পেয়ে যাই এর এক দিন পর। বাবা ও তাঁর কলেজপড়ুয়া মেয়ে খুব কাছ থেকেই এই অপহরণের ঘটনা দেখেছেন। তাঁরা বলেছিলেন, র্যাবকে কয়েকজন লোককে তুলে নিতে তাঁরা দেখেছেন। ১৮ জন জড়িত থাকা ও প্রত্যক্ষদর্শীর বর্ণনা প্রথম আলোতে প্রথম পৃষ্ঠায় ছাপা হয়েছে। এরপর আরও কিছু প্রতিবেদন করা হয়। এতে ঘটনায় র্যাব-১১-এর অধিনায়ক লে. কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ, মেজর আরিফ হোসেন ও ক্যাম্প ইনচার্জ এম এম রানার সরাসরি জড়িত থাকার বিষয়টি উঠে আসে। নূর হোসেন র্যাবকে দিয়ে হত্যা করিয়েছেন এমন একটি তথ্য এখন সবার জানা। কিন্তু নূর হোসেন কলকাতায় জেলে থাকায় এর সপক্ষে তথ্য–প্রমাণের ঘাটতি এখনো রয়ে গেছে। বলা যায়, মামলাটির তদন্ত এখন চলছে ধীরগতিতে।
যতই দিন যাচ্ছিল, র্যাবের তিন কর্মকর্তাকে গ্রেপ্তারের দাবি ততই জোরালো হচ্ছিল। উচ্চ আদালতও তাঁদের গ্রেপ্তারে নির্দেশ দেন। ১৭ মে তারেক সাঈদ ও আরিফকে এবং এর দুদিন পর রানাকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের জবানবন্দি, আরও পাঁচ প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য এবং ঘটনার সঙ্গে জড়িত অন্য র্যাব সদস্যদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি থেকে এ ঘটনার সঙ্গে র্যাবের জড়িত থাকার বিষয়টি জানা যায়।
তানভীর সোহেল: জ্যেষ্ঠ প্রতিবেদক