এক মঞ্চে ১৮ বিশ্ববিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চারদিকে বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা। সেদিন ব্র্যাক বিশ্ববিদ্যালয়েও এর ব্যতিক্রম ঘটেনি। ঢোকার মুখে ক্যান্টিনের টিভিতে চলছিল গত দিনের খেলা। পুরোনো খেলা দেখতেও কারও আগ্রহের কমতি দেখা গেল না; বরং পুরো উদ্যোমে তাঁরা তা উপভোগ করছেন। আর ক্ষণে ক্ষণে আনন্দ-উল্লাসে ফেটে পড়ছেন। এই আনন্দকে ভিন্ন মাত্রা দিয়েছেন মুখচিত্র আঁকিয়েরা। পছন্দের দলের পতাকা ছাড়াও নানা ধরনের ট্যাটু এঁকে নেওয়ার জন্য রীতিমতো লম্বা লাইন। কারটা বেশি সুন্দর হচ্ছে—এ নিয়েও চলছিল তুমুল বিতর্ক। অন্য পাশে চলছে আরেক উৎসব। একদল ব্যস্ত মেহেদির আলপনায় হাত ভরিয়ে দিতে। এ যেন একটি উৎসবের মধ্যে অনেক উৎসব।পুরো চিত্রটিই ব্র্যাক বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘প্রথম আন্তবিশ্ববিদ্যালয় যুব উৎসব’-এর। তিন দিনব্যাপী এ উৎসবের শুরু হয় ১৬ জুন। সরকারি-বেসরকারি মিলিয়ে প্রায় ১৮টি বিশ্ববিদ্যালয় এতে অংশ নেয়। নানা আয়োজন দিয়ে এ উৎসবকে সাজানো হয়েছিল। বিশ্ববিদ্যালয়জুড়েই ছিল উৎসবমুখর পরিবেশ। কোথাও চলছে নাচের প্রতিযোগিতা, কোথাও বা গানের। প্রথম দিনে শাস্ত্রীয় নৃত্য ও সাধারণ নৃত্যের প্রতিযোগিতা হয়। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ২২ জন শিক্ষার্থী এতে অংশ নেন। ‘বাহির বলে দূরে থাকুক, ভিতর বলে আসুক না’—এই গানের সঙ্গে চমৎকার নৃত্য পরিবেশন করেন সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষার্থী তানজিনা। সে কারণে সাধারণ নৃত্যের প্রথম পুরস্কার তিনি ছিনিয়ে নেন। ব্র্র্যাক বিশ্ববিদ্যালয়ের বিবিএর শিক্ষার্থী তামান্না মঞ্চে ওঠার আগে বেশ চিন্তিত ছিলেন। ‘একটু চিন্তিত। নিজের বিশ্ববিদ্যালয়ের সম্মান রাখতে হবে। তবে ভালো করব, এ আত্মবিশ্বাস আছে।’ তখনই তাঁর ডাক পড়ে। শাস্ত্রীয় নৃত্যের প্রথম পুরস্কার শেষ পর্যন্ত তামান্নার দখলে চলে যায়। একদিকে বিজয়ের আনন্দ থাকলেও অন্যদিকে হতাশাও দেখা গেছে। ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের ফারিহা ঠিকমতো তথ্য পাননি। এসে দেখেন, তিনি ভুল বিষয়ের ওপর প্রস্তুতি নিয়ে এসেছেন। কী আর করা! তবে বিচারকেরা তাঁকে নিরাশ করেননি। তাঁরা ফারিহার নৃত্য দেখেন। পরে যেন এমন ভুল না হয়, সেটিও মনে করিয়ে দেন। সেখান থেকে বের হয়ে গেলাম গান শুনতে। চলছিল রবীন্দ্র ও নজরুলসংগীত পর্ব। বাইরে খেলা দেখার হট্টগোলকে ছাপিয়ে সবাই মুগ্ধ হয়ে গান শুনছেন। প্রতিযোগীরা একে একে পরিবেশন করেন গান। ঢাকার বাইরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও অংশ নেন এতে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, ‘এ ধরনের অনুষ্ঠান আরও হওয়া উচিত। এতে করে একজনের সঙ্গে আরেকজনের সম্প্রীতি বাড়বে।’ ততক্ষণে দুপুর গড়িয়ে গেছে। উঁকি দিলাম খাবারের স্টলের দিকে। ‘আট রকম ফলের জুস, ফিরনি, ফালুদা বেশি বিক্রি হচ্ছে। গরম, তাই সবাই পানীয় দিকেই বেশি ঝুঁকছে।’ জানান ব্র্যাক বিশ্ববিদ্যালয় ন্যাশনাল অ্যান্ড হেরিটেজ বিভাগের সভাপতি কাজী রুম্মান। এ আয়োজনের খাদ্য উৎসবের দায়িত্ব তাঁদের ওপরই ছিল। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের শিক্ষার্থী সানজানা। তাঁর মতে, ‘চারদিকের এ উৎসবমুখর পরিবেশ বেশ উপভোগ করছি। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পরিচয় হচ্ছে। ওদের সম্পর্কে জানতে পারছি। এটি খুব ভালো লাগছে।’ এ উৎসবে দুই দিনব্যাপী চলে চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী। ছিল ‘উৎসব’ বিষয়কে কেন্দ্র করে মুক্তহস্ত স্কেচ পেইন্টিং। পাবলিক স্পিকিং বিভাগেও প্রতিযোগীদের স্বত:স্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়। ন্যায়বিচার নিয়ে শিক্ষার্থীরা কী মনে করে, তা তারা জোরালোভাবে তুলে ধরে। এ ছাড়া পল্লি ও আধুনিক গানের প্রতিযোগিতাও হয় পরদিন। বৃষ্টি এই তারুণ্যকে দমিয়ে রাখতে পারেনি। ‘যাঁরা বিভিন্ন বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছেন, তাঁরা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আয়োজনে সাউথ এশিয়ান ইউনিভার্সিটিস ইয়ুথ ফেস্টিভালে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশ নিতে পারবেন। এতে দক্ষিণ এশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেবেন।’ জানান এই যুব উৎসবের গণমাধ্যম ও যোগাযোগ বিভাগের সভাপতি জুবায়ের মতিন। তিনি আরও বলেন, ‘খুব সাড়া পেয়েছি। আমাদের প্রত্যেক শিক্ষক ও শিক্ষার্থী সহযোগিতা করেছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা তাদের প্রতিভা বিকাশের সুযোগ পাবে।’ ২০ জুন পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে এ যুব উৎসব শেষ হয়।