এক মলাটে তথ্যপ্রযুক্তির এক বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেসবুক, এটি ব্যবহারের আবার নিয়মনীতি কী? স্ট্যাটাস দেওয়া, ইচ্ছেমতো ছবি আপলোড, বন্ধুদের সঙ্গে চ্যাটিং, ছবি শেয়ার—এগুলোই তো করা হয় হরহামেশা। কিন্তু একটু চিন্তা করে দেখুন, এ কাজগুলো করতে গিয়ে অন্যের কাছে বিরক্তির কারণ হয়ে দাঁড়াচ্ছেন কি না? ফেসবুক ব্যবহারের সহজ ১০টি নিয়ম আছে, যেগুলো মেনে চললে কোনো ধরনের বিব্রতকর ঘটনার সম্মুখীন হবেন না। আমাদের দেশে বিভিন্ন ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার বাড়ছে। কিন্তু কোন পণ্যটি ব্যবহারে সুবিধা হবে, সামাজিক ওয়েবসাইট ব্যবহারের নিয়ম কী—অনেক সময়ই তথ্যগুলো অজানা থেকে যায়। প্রযুক্তি ব্যবহারের এমনই খুঁটিনাটি জানা যাবে সম্প্রতি প্রকাশিত প্রিয় টেক ২০১১ তথ্যপ্রযুক্তি বর্ষপত্র নামের প্রকাশনা থেকে।মূলত এটি একটি বর্ষপত্র।২০১১ সালে দেশি ও আন্তর্জাতিক তথ্যপ্রযুক্তি অঙ্গনে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা এবং তথ্য তুলে ধরা হয়েছে প্রিয় টেক ২০১১ তথ্যপ্রযুক্তি বর্ষপত্র-এ। বইটি সম্পাদনা করেছেন জাকারিয়া স্বপন। প্রকাশিত হয়েছে মাত্রা থেকে। প্রচ্ছদ ও শিল্প নির্দেশনায়আছেন আফজালহোসেন।তথ্যপ্রযুক্তিভিত্তিক এ বইটি উৎসর্গ করা হয়েছে গত বছর প্রয়াত অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা স্টিভ জবসকে। বইটিতে বর্তমান ও ভবিষ্যতের ইন্টারনেট, কম্পিউটার, মুঠোফোন, কৃষি, সাংবাদিকতা, প্রকাশনাসহ বিভিন্ন খাতে তথ্য ও যোগাযোগপ্রযুক্তির ব্যবহার নিয়ে লিখেছেন ড. মুহম্মদ জাফর ইকবাল, মোস্তাফা জব্বার, শাইখ সিরাজ, মতিউর রহমান, ফরিদুর রেজা সাগর, জাকারিয়া স্বপন, সানাউল আরেফীনসহ অনেকে। তথ্যপ্রযুক্তি ও সংবাদপত্র, ৪০ বছরে তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে পরিবর্তন, আর্থিক সেবায় তথ্যপ্রযুক্তির ব্যবহার, নাটক ও চলচ্চিত্রে ডিজিটাল পদ্ধতির নান্দনিকতা, ই-কৃষি ও আজকের প্রেক্ষাপটসহ অন্যান্য বিষয়েও লিখেছেন বিশিষ্টজনেরা।বইটি মূলত পেশাজীবী, গণমাধ্যমকর্মী ও নীতিনির্ধারকদের ব্যবহার উপযোগী তথ্য দিয়ে সাজানো হয়েছে। এ ছাড়া এই একটি মলাটের মধ্যেই তুলে ধরা হয়েছে ২০১১ সালের তারিখ ধরে প্রযুক্তিসম্পর্কিত ঘটনা, সেরা ১০০টি প্রযুক্তিপণ্য, প্রযুক্তিমেলা, প্রযুক্তিনির্ভর পেশা ইত্যাদি। ২৫০ পৃষ্ঠার এ বইয়ে সামাজিক ওয়েবসাইট ফেসবুক ছাড়াও গুগল, লিঙ্কড-ইন, ইউটিউব ব্যবহারের নিয়ম, সুবিধা-অসুবিধা, ভাইরাস থেকে কম্পিউটারকে রক্ষা করার উপায়, পাসওয়ার্ড শক্তিশালী করবেন কীভাবে ইত্যাদি বিষয়। প্রতিবছরই তথ্যপ্রযুক্তির বিভিন্ন ঘটনা নিয়ে বর্ষপত্র প্রকাশ করা হবে বলেজানান জাকারিয়া স্বপন।দৃষ্টিনন্দন বইটির লে-আউট ডিজাইন করেছেন সুমন সাহা, পরিবেশনা করেছে পাঠক সমাবেশ