মুখে কাশফুলের মতো শুভ্র দাড়ি-গোঁফ। পাজামা-পাঞ্জাবি পরনে। মাথায় গোল টুপি। মাঝারি গড়ন। ষাটোর্ধ্ব বয়সের সাদাসিধা চেহারার এই মানুষটিকে দেখে মনেই হয় না, চার দশক আগে রক্তের অক্ষরে বাঙালি যে অমর মহাকাব্য রচনা করেছিল, তিনি ছিলেন তারই এক বীর নায়ক। তিনি সুনামগঞ্জের ইদ্রিস আলী বীর প্রতীক।তাঁর নেতৃত্বে মুক্তিযোদ্ধাদের একটি দল বুকে কাঁপন ধরিয়ে দিয়েছিল পাকিস্তানি হানাদার বাহিনীর।২৩ মার্চ ইদ্রিস আলীর সঙ্গে আলাপ হচ্ছিল সোনারগাঁও হোটেলের বলরুমের সামনে। সঙ্গে বছর দশেকের এক ফুটফুটে বালিকা। বললেন ‘ভাতিজি। ওদের বাসাতেই উঠেছি।’ ইদ্রিস আলীর এখন অবসরজীবন। সুনামগঞ্জের একটি বেসরকারি স্কুল ও কলেজে শিক্ষকতা করেছেন চার দশকের বেশি। প্রথম আলোর আমন্ত্রণে সেদিন এসেছিলেন তাঁদেরই বীরত্বগাথা নিয়ে প্রকাশিত বই একাত্তরের বীরযোদ্ধা: খেতাব পাওয়া বীরযোদ্ধাদের বীরত্বগাথা’র দ্বিতীয় খণ্ডের প্রকাশনা অনুষ্ঠানে। আবেগাপ্লুত সুনামগঞ্জের এই বীর সন্তান বলছিলেন, ‘আমরা তো গ্রামে মফস্বলে থাকি। এমন বড় অনুষ্ঠানে আসার সুযোগও হয় না, আর লোকে ভুলেও গেছে আমাদের কথা।’ একটু যেন খেদ, কিছুটা অভিমানও ঝরল তাঁর কণ্ঠে। কতই বা তখন বয়স হবে তাঁর—সবে এইচএসসি পাস করেছেন, ১৯৭১ সালে। বাড়ির অবস্থাও সুবিধের ছিল না। সিলেটের মদনমোহন কলেজের নৈশ শাখায় স্নাতক পড়ছিলেন। দোয়ারাবাজারের বড়খাল জুনিয়র হাইস্কুলে ঢুকেছিলেন শিক্ষকতায়। তারপর তো শুরু হলো মুক্তিযুদ্ধ। সম্মুখ সমরে ইদ্রিস আলীর অসম সাহসী যুদ্ধের বিস্তারিত বিবরণ রয়েছে প্রথমা প্রকাশন থেকে প্রকাশিত একাত্তরের বীরযোদ্ধা বইয়ের দ্বিতীয় খণ্ডে। ইদ্রিস আলী বলছিলেন ‘অনেক সহযোদ্ধার সঙ্গে এই অনুষ্ঠানে দেখা হলো। আমাদের কথা বইতে প্রকাশ হলো। এখন এটা ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে যাওয়ার একটা ব্যবস্থা হলো। এই কারণেই সবচেয়ে বেশি খুশি হয়েছি। ’সম্মান, সম্পদের প্রত্যাশা এই বীরেরা কারেননিও কারও কাছে। প্রত্যাশা বলতে ছিল একটাই— যদি জীবন উৎসর্গ করতে হয় তবু দেশকে পরাধীনতার গ্লানিমুক্ত করতে হবে। দেশের সেইসব অকুতোভয় বীর সন্তানদের নিয়েই ছিল প্রথম আলোর এই আয়োজন। প্রক্রিয়াটি শুরু হয়েছিল দুই বছর আগে। মুক্তিযুদ্ধের চার দশক পূর্তি উপলক্ষে বিশেষ কিছু করার তাগিদ থেকেই প্রথম আলো উদ্যোগ নেয় খেতাব পাওয়া মুক্তিযোদ্ধাদের কাহিনি সংগ্রহ ও নিয়মিতভাবে তা প্রকাশ করার। কিন্তু কাজটি ছিল অত্যন্ত জটিল ও দুরূহ। স্বাধীনতার চার দশক পরে খেতাব পাওয়া মুক্তিযোদ্ধাদের অনেকে মারা গেছেন। অনেকের ঠিকানা পাওয়া যায়নি। আবার অনেককে খুঁজেই পাওয়া যায়নি।এ ঋণ শোধ হবে না... খেতাব পাওয়া বীর যোদ্ধাদের কথা প্রথম আলোয় ২০১১ সালের ২৭ মার্চ থেকে প্রতিদিন প্রকাশিত হতে থাকে। ‘তোমাদের এ ঋণ শোধ হবে না’ শিরোনামে এ বছরের ২ জানুয়ারি পর্যন্ত এটি প্রকাশিত হয়েছে। এই বীরযোদ্ধাদের মধ্যে এমন অনেকেই ছিলেন যাঁরা দেশবাসীর কাছে একেবারেই অপরিচিত। অনেকেই চলে গিয়েছিলেন লোকচক্ষুর অন্তরালে। প্রথম দিকে এসব অপরিচিত বীরদের কাহিনিই পত্রিকায় প্রকাশিত হতে থাকে। নীরবে নিভৃতে হারিয়ে যেতে বসা এসব সোনার মানুষের অনন্য অবদানের কথা নাড়া দিয়ে যায় পাঠকদের অন্তরেও। তাঁরাও বিপুল সাড়া দেন প্রতিবেদনগুলো পড়ে। কাজ এগিয়ে যেতে থাকে।মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ ভূমিকার জন্য ৬৭৬টি খেতাব দেওয়া হয়েছিল, বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম ও বীর প্রতীক—এই চারটি স্তরে। দুটি করে খেতাবও পেয়েছিলেন কেউ কেউ। ১৯৭৩ সালে প্রথম সরকারি গেজেটে খেতাবপ্রাপ্তদের নামের তালিকা প্রকাশ করা হয়। তবে অনেকেরই পূর্ণাঙ্গ ঠিকানা তাতে ছিল না। সে কারণে ১৯৯২ সালের ১৫ ডিসেম্বর যখন প্রথমবার খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের আনুষ্ঠানিকভাবে সনদ ও পদক প্রদান করা হয়, তাতে অনেকেই আসতে পারেননি। পরে ১৯৯৬ ও ১৯৯৮ সালে আরও দুবার খেতাবপ্রাপ্তদের সনদ ও পদক বিতরণ করা হয়। তদুপরি পদকপ্রাপ্ত সবার কাছে এই সম্মাননা পৌঁছে দেওয়া যায়নি তাদের সঠিক ঠিকানা না জানার কারণে। প্রথম আলোতে মোট ৬১৬ জনের বীরত্বগাথা প্রকাশিত হয়েছে। বাকি ৪২ জনের কোনো পূর্ণাঙ্গ ঠিকানা না থাকায় বহু চেষ্টা সত্ত্বেও তাঁদের খুঁজে পাওয়া যায়নি। পত্রিকায় তাঁদের তথ্য চেয়ে বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছিল, তাতেও তেমন বিশেষ ফল হয়নি। প্রথম আলোর সাংবাদিক বন্ধু রাশেদুর রহমান দায়িত্ব নিয়েছিলেন এই দুরূহ কাজটির। সারা দেশে প্রথম আলোর প্রতিনিধিদের সহযোগিতায় সারা দেশে ছড়িয়ে থাকা বিস্মৃত বীর মুক্তিযোদ্ধাদের খুঁজে বের করার পরিশ্রমসাধ্য কাজটি তিনি সম্পন্ন করেছেন। তিনি বলেছেন, ‘খেতাব পাওয়া মুক্তিযোদ্ধাদের নিয়ে প্রতিবেদন প্রকাশের সিদ্ধান্তের পর সংগ্রহ ও গ্রন্থনার দায়িত্ব পড়ে আমার ওপর। প্রতিদিন একজন সম্পর্কে প্রতিবেদন। নানা প্রতিকূলতার মধ্যেই কাজ এগিয়েছে। এ কাজে যুক্ত না হলে অনেক ঘটনা আমার জানা হতো না। কয়েকজনকে আমরা জানি খেতাব পাওয়া মুক্তিযোদ্ধা হিসেবে। প্রকৃতপক্ষে তাঁরা খেতাবপ্রাপ্ত নন। সংগত কারণেই তাঁদের নাম প্রকাশ করা হয়নি। আবার এমন এক মুক্তিযোদ্ধাকেও খুঁজে পেয়েছি যিনি জীবদ্দশায় জেনে যেতে পারেননি তিনি বীর উত্তম খেতাবপ্রাপ্ত। তাঁর নাম মতিউর রহমান। নৌ-কমান্ডো ছিলেন। এমন অনেক অভিজ্ঞতা লাভ করেছি।’ নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরাকে জাতীয় কর্তব্য বলে উল্লেখ করেছেন প্রথম আলো ও একাত্তরের বীরযোদ্ধা বইটির সম্পাদক মতিউর রহমান। স্বাগত বক্তব্যে তিনি এই বইটির প্রাসঙ্গিকতা, মুক্তিযুদ্ধ নিয়ে প্রথম আলোর ভাবনা ও নানা উদ্যোগ তুলে ধরেন। তিনি মনে করেন, মুক্তিযুদ্ধের প্রামাণ্য ইতিহাস রচনা কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাজ নয়। মুক্তিযুদ্ধের গৌরব গোটা জাতির পরম অর্জন হিসেবে প্রতিষ্ঠা করতে হলে প্রয়োজন বহুমাত্রিক ও ব্যাপক পরিসরে গবেষণা। প্রথম আলো সম্পাদক অনুষ্ঠানে উপস্থিত চার বীর মুক্তিযোদ্ধার স্ত্রী—মিলি রহমান, সালমা খালেদ, লুৎফা তাহের ও নীলুফার হুদাকে অভিনন্দন জানান। এ ছাড়া যাঁরা দেশের নানা ঘটনার উত্থানপতনের মধ্য দিয়ে নিহত হয়েছেন, সেই সব বীর মুক্তিযোদ্ধা—লে. জেনারেল জিয়াউর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল খালেদ মোশাররফ, মেজর জেনারেল আবুল মঞ্জুর, কর্নেল আবু তাহের, কর্নেল নাজমুল হুদা, লেফটেন্যান্ট কর্নেল এ টি এম হায়দারসহ আরও অনেককে স্মরণ করেন। খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেওয়া হয়।