কক্সবাজারের টেকনাফ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের একমাত্র অ্যাম্বুলেন্সটি দেড় মাস ধরে বিকল হয়ে পড়ে আছে। ফলে বিপাকে পড়েছেন রোগীর স্বজনেরা। মুমূর্ষু রোগীদের চড়া দামের ভাড়ার গাড়ি নিয়ে কক্সবাজার সদর ও চট্টগ্রামে পাঠাতে হচ্ছে।
গত রোববার স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে দেখা যায়, পৌরসভার পল্লানপাড়া গ্রামের বাসিন্দা রিকশাচালক মো. জোবাইর তাঁর সন্তানসম্ভবা স্ত্রী ছমিরা বেগমকে নিয়ে সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। শারীরিক অবস্থা দেখে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ছমিরাকে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নিতে বলেন। জোবাইর খোঁজ নিয়ে জানতে পারেন, হাসপাতালের একমাত্র অ্যাম্বুলেন্সটি নষ্ট। পরে স্ত্রীকে ভাড়া করা মাইক্রোবাসে কক্সবাজার নিয়ে যান।
উপজেলা স্বাস্থ্যকেন্দ্র সূত্রে জানা গেছে, ২০০৬ সালের ৯ নভেম্বর এখানে একটি অ্যাম্বুলেন্স দেওয়া হয়। প্রথম ছয় বছর বেশ ভালোভাবে রোগী নিয়ে চলাচল করেছিল এটি। এরপর নানা ধরনের যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। সর্বশেষ গত ৩ মার্চ এটি বিকল হয়ে যায়। বর্তমানে অ্যাম্বুলেন্সের চারটি চাকা নষ্ট। ইঞ্জিনে রয়েছে নানা সমস্যা। দরজাও ভাঙা। অ্যাম্বুলেন্সটি সচল করতে সাড়ে তিন লাখ টাকা লাগবে।
এ প্রসঙ্গে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সামসুজ্জাহান রকিবুন্নেছা চৌধুরী বলেন, অ্যাম্বুলেন্স মেরামত ও নতুন একটি অ্যাম্বুলেন্স বরাদ্দের জন্য আবেদন করা হয়েছে। আশা করছি অচিরেই এ সমস্যার সমাধান হবে।