ট্রান্সফরমার বিকল হয়ে এক মাসের বেশি সময় ধরে বিদ্যুৎ নেই পানছড়ি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে। ফলে ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা। সংরক্ষণ করা যাচ্ছে না টিকাসহ মূল্যবান ওষুধ। বন্ধ রয়েছে হাসপাতালের রোগনির্ণয় কার্যক্রম।
হাসপাতাল সূত্র জানায়, গত ১৩ মে হাসপাতালের ট্রান্সফরমারটি বিকল হয়ে যায়। এখনো এটি মেরামত করা হয়নি। বিদ্যুৎ না থাকায় অন্তর্বিভাগে ভর্তি হওয়া রোগীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে বেশি। পানছড়ি উপজেলা সদরে অবস্থিত ১০ শয্যার এই স্বাস্থ্যকেন্দ্রটি এখানকার মানুষের চিকিৎসার একমাত্র ভরসা।
১৮ জুন সরেজমিনে দেখা য়ায, পর্যাপ্ত পানির অভাবে নোংরা হয়ে আছে অন্তর্বিভাগের শৌচাগারগুলো। চারপাশে ছড়াচ্ছে দুর্গন্ধ। রোগীর স্বজনদেরও অসুস্থ হওয়ার উপক্রম হচ্ছে। এ ছাড়া হাসপাতালে রোগনির্ণয় কার্যক্রম বন্ধ থাকায় রোগীদের পড়তে হচ্ছে বিড়ম্বনায়। অনেকে এসব বিড়ম্বনা এড়াতে চলে যাচ্ছেন খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে।
কথা হয় হাসপাতালের অন্তর্বিভাগে ভর্তি থাকা ম্যালেরিয়ায় আক্রান্ত রোগী পূজাগাং গ্রামের বাসিন্দা জ্যোতিপ্রিয় চাকমার (৪৭) সঙ্গে। তিনি বলেন, এখানে কোনো কিছুই পাওয়া যাচ্ছে না। কিন্তু জেলা সদরে গিয়ে চিকিৎসা করানোর সামর্থ্য নেই। তাই এখানেই পড়ে থাকতে হচ্ছে।
হাসপাতালের সেবিকা জিনকা চাকমা বলেন, কয়েক দিন ধরে জেনারেটরের মাধ্যমে পানি সরবরাহ দেওয়া হচ্ছে। তবে তা পর্যাপ্ত নয়। এখন রোগী কম বলে এই পানি দিয়ে চলছে।
এদিকে ১২ জুন হাসপাতালে গেলে কথা হয় হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা লোগাং সীমানা আদাম গ্রামের বাসিন্দা কিনাচান চাকমার (৩৯) সঙ্গে। কয়েক দিন ধরে তাঁর ছেলের জ্বর। তিনি বলেন, ডাক্তার বলেছেন, রক্ত পরীক্ষা করাতে। কিন্তু হাসপাতালে করাতে পারছি না। এখন বাইরে থেকে করিয়ে আনতে হবে।
পানছড়ি সদরের লোগাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রত্যুত্তর চাকমা বলেন, হাসপাতালে দ্রুত বিদ্যুৎ সরবরাহের দাবিতে স্থানীয় জনগণ মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের টনক নড়েনি। এর মধ্যে সমস্যার সমাধান না হলে আবার কর্মসূচি হাতে নেওয়া হবে।
পানছড়ি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা বিদুর্শী চাকমা বলেন, প্রতিদিন অন্ত ও বহির্বিভাগে শতাধিক রোগী আসে। বিদ্যুৎ না থাকায় অন্তবিভাগে রোগীরাও ভর্তি হতে চান না। তবে জটিল রোগীদের পাঠিয়ে দেওয়া হচ্ছে জেলা সদর হাসপাতালে। ট্রান্সফরমারটি সচল করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে মৌখিক ও লিখিতভাবে জানানো হয়েছে।
এ ব্যাপারে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) পানছড়ির উপসহকারী প্রকৌশলী আলাউদ্দিন বলেন, বিদ্যুৎ বিভাগের কাজ সংযোগ স্থাপন করা। ট্রান্সফরমার নষ্ট হলে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর মেরামত করবে।
জানতে চাইলে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের রাঙামাটির সহকারী প্রকৌশলী মো. জহির রায়হান মুঠোফোনে বলেন, ট্রান্সফরমারটি সচল করতে উদ্যোগ নেওয়া হয়েছে। শিগগির ঠিক করা হবে।