এক মাস ধরে মাঠে নেই বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় এক মাস ধরে চট্টগ্রামে বিএনপির উল্লেখযোগ্য কোনো রাজনৈতিক কর্মসূচি নেই। ফলে, এখানকার রাজনীতির মাঠ ছিল নিরুত্তাপ। গাজীপুরসহ পাঁচ সিটি করপোরেশন নির্বাচনী প্রচারণায় অংশ নিতে স্থানীয় নেতা-কর্মীদের অনেকে চট্টগ্রাম ছেড়ে চলে যান। তাই এখানে কোনো কর্মসূচি দেওয়া যায়নি।গতকাল গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচন শেষে নেতা-কর্মীরা চট্টগ্রামে ফিরতে শুরু করেছেন। এখন থেকে সরকারের বিভিন্ন ব্যর্থতা তুলে ধরার পাশাপশি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে তাঁরা মাঠে নামবেন। দলীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী গত সপ্তাহে লন্ডন থেকে ফিরেই গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের প্রচারণায় যোগ দেন। টানা কয়েক দিন তিনি গণসংযোগ করেছেন। এ-সংক্রান্ত তথ্য ফেসবুকে স্ট্যাটাস দিয়ে প্রচার করা হয়। প্রচারণা শেষ করে গত শুক্রবার তিনি চট্টগ্রামে ফিরে আসেন। গতকাল স্থানীয় একটি কর্মসূচিতে অংশ নেন তিনি।দলীয় সূত্র জানায়, আমীর খসরু মাহমুদ ছাড়াও নগর বিএনপি, যুবদল ও ছাত্রদলের শতাধিক নেতা-কর্মী গাজীপুর গিয়ে গত বৃহস্পতিবার পর্যন্ত অবস্থান করেন। সেখানে বিভিন্ন এলাকায় ভাগ হয়ে দলের সমর্থিত প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নেন। সাবেক মন্ত্রী কিংবা সাংসদেরা একটি করে ওয়ার্ডের গণসংযোগের দায়িত্ব পান।আমীর খসরু মাহমুদ চৌধুরী এ প্রসঙ্গে বলেন, ‘আমি লন্ডন থেকে ফিরেই গাজীপুরে তিন দিন গণসংযোগ করেছি। প্রচারণা শেষে শুক্রবার চট্টগ্রামে ফিরে এসেছি। এসে দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে সরকারবিরোধী আন্দোলনে শামিল হতে বলেছি। সরকারের বিভিন্ন ব্যর্থতার চিত্র তুলে ধরে আমাদের আন্দোলনকে ধীরে ধীরে পরিণতির দিকে নিয়ে যেতে হবে।’জানতে চাইলে সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছিরউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আমি এক সপ্তাহ ধরে গাজীপুরের ১৫ নম্বর ওয়ার্ডে প্রচারণার দায়িত্বে ছিলাম। এর আগে সিলেট সিটি করপোরেশন নির্বাচনেও তা-ই করেছি।’ তিনি আরও বলেন, ‘গাজীপুরের নির্বাচন তো শেষ। এখন সবাই চট্টগ্রামে ফিরেই কেন্দ্র ঘোষিত কর্মসূচিতে অংশ নেবে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করার ব্যাপারে আমাদের দাবি মানতে সরকারকে বাধ্য করা হবে।’দলীয় নেতারা জানান, গাজীপুরের প্রচারণা শেষ করেই স্থানীয় নেতা-কর্মীদের অনেকেই চট্টগ্রামে ফিরে এসেছেন। এখন কেন্দ্র ঘোষিত কর্মসূচি নিয়ে চট্টগ্রামের মাঠ সরগরম করার প্রস্তুতি নিচ্ছেন তাঁরা। এ ব্যাপারে নেতা-কর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হচ্ছে। এদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ, পানি ও গ্যাস-সংকটের প্রতিবাদে গতকাল সকালে নগরে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। এতে আমীর খসরু মাহমুদ চৌধুরী ও শাহাদাৎ হোসেন অংশ নেন। গতকালের সমাবেশ থেকে সামনের কর্মসূচিগুলোতে জোরালোভাবে অংশ নেওয়ার জন্য দলীয় নেতা-কর্মীদের আহ্বান জানানো হয়েছে।নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন এ প্রসঙ্গে বলেন, ‘টানা এক মাস আমাদের নেতা-কর্মীরা গাজীপুরসহ পাঁচটি সিটি করপোরেশন নির্বাচনের প্রচারণা নিয়ে ব্যস্ত ছিলেন। নির্বাচনের ডামাডোল শেষ। এখন মাঠে নামার পালা। সরকারের বিভিন্ন ব্যর্থতা তুলে ধরার পাশাপাশি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায়ে আমরা এখন মাঠে নামছি।’ তিনি জানান, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য করার আন্দোলনের পাশাপাশি নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতিও শুরু হবে দলের মধ্যে। ইতিমধ্যে রমজান মাসের কর্মসূচির ছক তৈরি করা হয়েছে। রমজান মাসজুড়ে ইফতার পার্টির আয়োজনের মাধ্যমে নেতা-কর্মীদের সংগঠিত করে আন্দোলনের জন্য উদ্বুদ্ধ করা হবে।