এক মাসে ঝরল ১৮ প্রাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের ইসলামপুর এলাকায় একটি ঝুঁকিপূর্ণ বাঁক। এসব বাঁকে প্রায়ই ঘটছে দুর্ঘটনা l প্রথম আলো
চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের ইসলামপুর এলাকায় একটি ঝুঁকিপূর্ণ বাঁক। এসব বাঁকে প্রায়ই ঘটছে দুর্ঘটনা l প্রথম আলো

চট্টগ্রাম-কক্সবাজার-টেকনাফ মহাসড়কের কক্সবাজার অংশের ১১৫ কিলোমিটার দুর্ঘটনাপ্রবণ হয়ে পড়েছে। গত অক্টোবর মাসে সড়ক দুর্ঘটনায় ঝরল ১৮ প্রাণ। আহত হয়েছেন কমপক্ষে ৮০ জন। নিরাপদ সড়ক চাই (নিসচা) সূত্রে জানা গেছে এই তথ্য। তবে জেলা ও হাইওয়ে পুলিশের কাছে হতাহতের সঠিক পরিসংখ্যান পাওয়া যায়নি।
দুর্ঘটনার কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে ১১৫ কিলোমিটারের মধ্যে ৭৫টি ঝুঁকিপূর্ণ বাঁক ও সড়কের ওপরের ৬৭ অবৈধ হাটবাজার।
সর্বশেষ গত ৩০ অক্টোবর সকাল ছয়টায় কক্সবাজার শহরের জানারঘোনা এলাকায় হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ তিনজনের মৃত্যু হয়েছে। ১৫ অক্টোবর কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার মেঘাকচ্ছপিয়া এলাকায় পিকআপ ও জিপের মুখোমুখি সংঘর্ষে নিহত হন তিনজন।
নিসচা জেলা শাখার সভাপতি জসিম উদ্দিন বলেন, গত অক্টোবর মাসে চকরিয়া, উখিয়া, টেকনাফ ও কক্সবাজার সদরে ৩২টি সড়ক দুর্ঘটনায় অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন অন্তত ৮০ জন। কক্সবাজার অংশের ১১৫ কিলোমিটার সড়কে বিপজ্জনক বাঁকে এসব দুর্ঘটনা ঘটে। বেশির ভাগ দুর্ঘটনায় মুখোমুখি সংঘর্ষ ঘটে। তবে সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণ চেয়ে কেউ মামলা করেননি।
চালক ও নিসচা কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, মহাসড়কের খরুলিয়া, বাংলা বাজার, রামু, পানিরছড়া, ঈদগঁাও, ফাঁসিয়াখালী, ডুলাহাজারা, মালুমঘাট, চকরিয়া, বরইতলী, হারবাংসহ ৩৮টি স্থানে ঝুঁকিপূর্ণ বাঁক রয়েছে। দূর থেকে এসব বাঁক খেয়াল করা যায় না। বিশেষ করে বৃষ্টির সময় এবং ঘন কুয়াশায় বাঁকগুলো অতিক্রম করার ঝুঁকি বাড়ে। এ সময় বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা বেশি ঘটে।
এ ছাড়া ৮৬ কিলোমিটারের কক্সবাজার-টেকনাফ সড়কের বিসিক, পানেরছড়া, খনিয়াপালং, রাবেতা, মরিচ্যা বাজার, উখিয়া বাজার, বালুখালী, পালংখালী, উলুবনিয়া, কানঞ্জরপাড়া, নয়াবাজার, লেদা, জাদিমুরা, কুলাতুলী, দমদমিয়া, নাইটংপাড়াসহ বিভিন্ন এলাকায় ঝঁুকিপূর্ণ বাঁক রয়েছে ৩৭টি।
কক্সবাজার বাস মালিক সমিতির সভাপতি রফিকুল হুদা চৌধুরী জানান, ‘সড়কের ঝঁুকিপূর্ণ বাঁকে সাইনবোর্ড স্থাপন ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে আমরা সড়ক ও জনপথ (সওজ) বিভাগকে বলছি। কিন্তু তারা শুনছে না।’ সড়ক দুর্ঘটনায় তিনি নিজেও এক বছর আগে নিজের ছোট বোন ও ভাগনিকে হারিয়েছেন বলে জানান।
পুলিশ সূত্র জানায়, ১১৫ কিলোমিটারের এই সড়কে ঝঁুকিপূর্ণ বাঁক আর অবৈধ হাটবাজারের কারণে প্রতি মাসে গড়ে ১০ জনের মৃত্যু হচ্ছে।
সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) মোহাম্মদ মাসুদ অলাম বলেন, যেখানে দুর্ঘটনা হয়, সেই থানায় মামলা হয়। তাঁদের কাছে জেলাভিত্তিক সঠিক পরিসংখ্যান নেই বলে জানান।
সওজ বিভাগ সূত্র জানায়, চকরিয়া থেকে টেকনাফ পর্যন্ত বিভিন্ন স্থানে রয়েছে ৬৭টি অবৈধ হাটবাজার। এসব হাট বসে সড়কের ওপর। ফলে গাড়ি চলাচলে বিঘ্ন ঘটে।
টেকনাফ স্থলবন্দরের ব্যবসায়ী আবুল হাশেম বলেন, এই সড়ক দিয়ে মিয়ানমার থেকে আমদানি করা দৈনিক অন্তত ১০ কোটি টাকার পণ্য চট্টগ্রাম-ঢাকা সরবরাহ করা হয়। সড়কের ওপর অবৈধ হাটবাজার অতিক্রম করতে অতিরিক্ত সময় ব্যয় হয়।
লালবোর্ড পরিবহনের একটি বাসের চালক সালামত উল্লাহ জানান, ঝঁুকিপূর্ণ বাঁক অতিক্রম করার সময় দুর্ঘটনা ঘটে। সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সড়ক সংস্কারের জন্য প্রতিবছর শত কোটি টাকা খরচ করলেও সাইনবোর্ড স্থাপন করে না।
এ প্রসঙ্গে সওজ কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী রানা প্রিয় বড়ুয়া বলেন, ‘এ মহাসড়কে যত বাঁক রয়েছে, তার প্রতিটিতে সতর্কীকরণ সাইনবোর্ড ছিল। চোরের দল এসব খুলে নিয়ে গেছে। আর অবৈধ হাটবাজার উচ্ছেদ করলেও কয়েক দিনের মাথায় আবার বসছে। জনবল সংকটের কারণে এসব নিয়ন্ত্রণ সম্ভব হচ্ছে না। শিগগির অবৈধ হাটবাজার উচ্ছেদ করা হবে।’