এক মাসে দুবার নিয়ন্ত্রণ হারিয়েছে শিক্ষার্থীবাহী বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) দুটি বাস এক মাসের ব্যবধানে দুবার নিয়ন্ত্রণ হারিয়েছে। বড় কোনো দুর্ঘটনা না ঘটলেও বাসগুলোতে চড়ার সময় এখন শঙ্কায় থাকেন শিক্ষার্থীরা। কিন্তু ক্যাম্পাস থেকে ২৫ কিলোমিটার দূরে শহরে আসার একমাত্র মাধ্যম এসব বাস। ফলে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে শিক্ষার্থীদের।জানা যায়, শিক্ষার্থীদের আসা-যাওয়ার জন্য পাঁচটি বাস রয়েছে। প্রতিদিন গড়ে দুই থেকে তিনটি বাস চলাচল করে। এর মধ্যে পদ্মা নামের বাসটি গত ২১ জুন ক্যাম্পাসের গোলচত্বরে নিয়ন্ত্রণ হারায়। চালক অনেক চেষ্টা চালিয়ে প্রায় ৩০০ গজ দূরে ক্যানটিনের সামনে বাসটি দাঁড় করাতে সক্ষম হন। ৩৫-৪০ জন শিক্ষার্থী নিয়ে বাসটি শহরের দিকে যাচ্ছিল। পরে সেই বাসটি ছেড়ে দিয়ে শিক্ষার্থীরা অন্য বাসে চড়ে শহরে আসেন। একইভাবে কর্ণফুলী নামের বাসটি ক্যাম্পাস থেকে শহরে যাওয়ার পথে ১৩ জুলাই বিকেলে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের নোয়াপাড়ায় নিয়ন্ত্রণ হারায়। প্রায় দুই হাজার ফুট দূরে নিয়ে কৌশলে বাসটি থামানো সম্ভব হয়। এই বাসে ৫৫-৬০ জন যাত্রী ছিলেন। পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আতাউর রাব্বী বলেন, ‘গাড়িসংকটের কারণে সবসময় আতঙ্কের মধ্যে এসব পুরোনো গাড়িতে শহরে যাতায়াত করতে হয় আমাদের। গাড়িতে উঠলে ভয়ে থাকি, কখন আবার নষ্ট হয়ে যায়।’যন্ত্রকৌশল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী তানজি আফরিন বলেন, ‘পদ্মা বাসটি নিয়ন্ত্রণ হারানোর পর থেকে বাসে উঠলে একরকমের ভীতি কাজ করে। কর্তৃপক্ষের কাছে অনুরোধ, যেন বাসগুলো দ্রুত মেরামত করা হয়।’ তড়িৎ কৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. মজনুন জামান বলেন, ‘মিরসরাই ট্র্যাজেডির পরও আমাদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের টনক নড়ছে না। বড় কোনো দুর্ঘটনা ঘটলে কে নেবে দায়ভার?’এ প্রসঙ্গে পরিবহন কর্মকর্তা মো. শামসুদ্দিন বলেন, ‘গাড়ি তো রাস্তায় নষ্ট হতেই পারে। তবে নিয়ন্ত্রণ হারানোর ব্যাপার অনাকাঙ্ক্ষিত। দুর্ঘটনা এড়াতে গাড়ি বের করার পূর্বে আমরা সবসময় চেক করি।’ সূত্র জানায়, বর্তমানে চলাচল করা সবকটি বাস পুরোনো। এর মধ্যে ১৯৮৬ সালে কেনা পদ্মা বাসটি সবচেয়ে পুরোনো। ২৫ বছরের পুরোনো এ বাসটি প্রায় সময় রাস্তায় বিকল হয়ে যায়। এ ছাড়া ১৯৯৩ সালে আনা কর্ণফুলী বাসের অবস্থাও ভালো নয়। গত বছর দীর্ঘসময় মেরামতের জন্য এ বাসটি গ্যারেজে রাখা হয়েছিল। কিন্তু গ্যারেজ থেকে আনার পরও বেশ কয়েকবার বাসটি রাস্তায় নষ্ট হয়েছে।