কক্সবাজারের মহেশখালী উপজেলায় পাহাড়কাটা বন্ধ করা যাচ্ছে না। গত এক মাসে উপজেলার বিভিন্ন স্থানে পাহাড় কেটে গড়ে তোলা হয়েছে শতাধিক ঘরবাড়ি। ফলে সামনের বর্ষায় পাহাড়ধসের আশঙ্কা করছেন জনপ্রতিনিধিরা।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার কালারমারছড়া ইউনিয়নের আঁধারঘোনা, মিজ্জিরপাড়া, ঝাপুয়া, উত্তর নলবিলা, চালিয়াতলী, ষাইটমারা, হোয়ানক ইউনিয়নের পানিরছড়া, কালালিয়াকাটা, হরিয়ারছড়া, ছোট মহেশখালী ইউনিয়নের জালিয়াপাড়া, আহমদিয়াকাটা ও শাপলাপুর ইউনিয়নের জেমঘাট এলাকায় পাহাড় কেটে নতুন বসতি গড়ে উঠেছে। টিন ও বেড়া দিয়ে তৈরি এসব ঘর ছোট দুই কামরার।
কালারমারছড়া ইউনিয়নের চালিয়াতলী এলাকার বাসিন্দা রবিউল আলম বলেন, এখানকার পাহাড়ে গত এক মাসে নতুন করে অন্তত ২০টি বসতি স্থাপন করা হয়েছে। বসতি স্থাপনের ব্যাপারে বনকর্মীদের অবহিত করেও কোনো কাজ হয়নি।
চালিয়াতলী এলাকায় পশ্চিমে পাহাড়ি এলাকায় বসবাসরত নুরে আলম বলেন, ঘূর্ণিঝড়ে ধলঘাট ইউনিয়নের সাপমারার ডেইল, পণ্ডিত ডেইল ও সরইতলার কয়েক শ ঘরবাড়ি পানিতে ভেসে গেছে। এসব এলাকার মানুষ পাহাড়ে আশ্রয় নিয়েছে। তারাই এসব ঘর তৈরি করেছে।
এ ব্যাপারে কালারমারছড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মীর কাসেম চৌধুরী বলেন, পাহাড় কাটা বন্ধ ও অবৈধ বসতি উচ্ছেদের কাজ বন বিভাগের। কিন্তু বন বিভাগের কর্মকর্তারা তা ঠিকমতো দেখভাল করছেন না। ফলে পাহাড়ে দিন দিন বসতি বাড়ছে। বর্ষায় এসব স্থানে পাহাড়ধসে প্রাণহানির আশঙ্কা রয়েছে। একই কথা বলেন শাপলাপুরের ইউপি চেয়ারম্যান নুরুল হক, হোয়ানকের চেয়ারম্যান মোস্তফা কামাল ও ছোট মহেশখালীর চেয়ারম্যান মোহাম্মদ জিহাদ বিন আলী। চারজনই জানান, পাহাড়ি এলাকায় নতুন করে শতাধিক স্থাপনা গড়ে উঠলেও এসব নিয়ে বন বিভাগের কর্মকর্তাদের কোনো মাথাব্যথা নেই।
বন বিভাগ সূত্রে জানায়, উপজেলার কালারমারছড়া, হোয়ানক, বড় মহেশখালী, ছোট মহেশখালী ও শাপলাপুর এলাকায় বন বিভাগের ১৮ হাজার ২৮৬ একর সংরক্ষিত বনভূমি রয়েছে। এর মধ্যে প্রায় ১২ হাজার একরের সংরক্ষিত পাহাড়ি বনভূমি অবৈধ দখলে রয়েছে। এসব বনভূমিতে অন্তত ১০ হাজার অবৈধ বসতি স্থাপন করে ৩০ হাজার লোকজন বসবাস করছে।
বন বিভাগের মহেশখালীর রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ আবুল কাসেম ভূঁইয়া বলেন, অবৈধ দখলদারদের উচ্ছেদ করার জন্য ইতিমধ্যে পরিবেশ ও বন মন্ত্রণালয়ে বেশ কয়েকবার আবেদন করেও কোনো কাজ হয়নি। নতুন করে বসতি স্থাপনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমিও খবর পেয়েছি গত এক মাসে পাহাড় কেটে বেশ কিছু বসতি গড়ে উঠেছে। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।’
জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম প্রথম আলোকে বলেন, ‘দীর্ঘদিন ধরে পাহাড় কেটে সংরক্ষিত বনভূমি দখল করে স্থানীয় লোকজন অবৈধভাবে বসতি স্থাপন করায় পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। এখন নতুন করে পাহাড় কেটে বসতি স্থাপন করছে কি না, তা আমার জানা নেই।’