রাঙ্গুনিয়া উপজেলায় বিদ্যুতের ট্রান্সফরমার চুরির ঘটনা বেড়েই চলেছে। গত এক মাসে পল্লী বিদ্যুৎ সমিতির ১৫টি ট্রান্সফরমার চুরি হয়েছে। যার আনুমানিক মূল্য নয় লাখ টাকা বলে জানান পল্লী বিদ্যুতের কর্মকর্তারা। এদিকে ট্রান্সফরমার চুরি হওয়ায় দুর্ভোগ পোহাতে হচ্ছে গ্রাহকদের।
পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর রাঙ্গুনিয়া আঞ্চলিক কার্যালয় সূত্র জানায়, গত ১১ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত উপজেলার বেতাগী, পোমরা, শান্তিরহাট, পদুয়া, রাজানগর, মুরাদনগর, শান্তিনিকেতন, পারুয়া ও সৈয়দবাড়ী এলাকার ১৫টি ট্রান্সফরমার চুরি হয়। সর্বশেষ ৪ মে রাতে রাঙ্গুনিয়া পৌরসভার সৈয়দবাড়ী গ্রামে সিকদারপাড়া এলাকায় গভীর রাতে বিদ্যুতের খুঁটি থেকে ট্রান্সফরমার খুলে নিয়ে যায় চোরের দল। এটি ২৫ কেভি ক্ষমতাসম্পন্ন।
সিকদারপাড়ার বাসিন্দা এম এ হোসেন জানান, তিনি রাঙ্গুনিয়া পল্লী বিদ্যুৎ কার্যালয়ে যোগাযোগ করলে তাঁকে জানানো হয়, নতুন ট্রান্সফরমার দিলে ৫০ হাজার টাকার মতো খরচ হবে। টাকা নেওয়া হবে অফিসের মধ্যেমে। টাকা জমা দেওয়ার পর ট্রান্সফরমার বসানো হবে।
গ্রাহকদের অভিযোগ, পল্লী বিদ্যুতের লোকজন ছাড়া সাধারণ কেউ ঝুঁকি নিয়ে খুঁটিতে উঠে ট্রান্সফরমার খুলে নিতে পারবে না। এসব ঘটনার সঙ্গে তাঁরাও জড়িত। এদিকে বিদ্যুৎ না থাকায় অন্ধকারে দিন কাটছে সংশ্লিষ্ট এলাকার লোকজনের। ফলে এলাকায় বেড়ে গেছে চুরি।
১৫টি ট্রান্সফরমার চুরির বিষয়টি স্বীকার করে পল্লী বিদ্যুতের রাঙ্গুনিয়া আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মো. জাফর বলেন, প্রতিটি চুরির ঘটনায় রাঙ্গুনিয়া থানায় আলাদা আলাদা মামলা হয়েছে। এ ছাড়া ট্রান্সফরমার দ্রুত বসানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে ট্রান্সফরমার চুরির পেছনে বিদ্যুৎ কর্তৃপক্ষের লোকজনের সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, দেশে অহরহ ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটছে। এতে পল্লী বিদ্যুতের কোনো লোক জড়িত রয়েছে বলে প্রমাণ নেই।
গ্রাহকের কাছ থেকে টাকা নেয়ার বিষয়ে তিনি বলেন, সরকারি গেজেট অনুসারে ট্রান্সফরমারের জন্য রসিদ মূলে টাকা নেওয়া হচ্ছে। প্রথমবার চুরির পর ট্রান্সফরমার স্থাপনের মূল্য বাবদ অর্ধেক ও দ্বিতীয়বার স্থাপনের জন্য শতভাগ টাকা দিতে হবে। সমিতির নিয়ম অনুযায়ী এই টাকা নেওয়া হচ্ছে।