ঈদকে সামনে রেখে কক্সবাজারের মহেশখালী উপজেলার বিভিন্ন এলাকার পেশাদার ডাকাতেরা সক্রিয় হয়ে উঠেছে। গত জুলাই মাসে বিভিন্ন সড়কে ৩১টি যাত্রীবাহী গাড়িতে হামলা চালিয়ে যাত্রীদের সর্বস্ব লুট করে নিয়েছে ডাকাতেরা। গোরকঘাটা বাজারের ব্যবসায়ী মোহাম্মদ জহিরুল আলম বলেন, সম্প্রতি ঈদকে ঘিরে বিভিন্ন এলাকার পেশাদার ডাকাতেরা সক্রিয় হয়ে উঠেছে। ইতিমধ্যে পাহাড়ি এলাকা থেকে নেমে কয়েকটি সড়কে ব্যারিকেড দিয়ে গাড়ি আটকিয়ে যাত্রীদের সর্বস্ব লুট করছে তারা।পরিবহন শ্রমিক (জিপ চালক) সলিম উল্লাহ জানান, গত ৪ জুলাই রাতে তিনি উপজেলার গোরকঘাটা স্টেশন থেকে যাত্রীবাহী জিপ নিয়ে শাপলাপুর হয়ে বদরখালি যাচ্ছিলেন। জিপটি রশিদ মিয়ার ফার্মের কাছে কালামিয়ার ঢালায় পৌঁছালে একদল ডাকাত সড়কে ব্যারিকেড দিয়ে তা আটক করে। পরে যাত্রীদের মারধর করে নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। এ সময় ডাকাতেরা আরও ১০টি সিএনজিচালিত অটোরিকশা, ছয়টি পিক-আপ ও আটটি জিপে হামলা চালায়। শাপলাপুর ইউনিয়নের ষাইটমারা ইউনিয়নের বাসিন্দা রুহুল আমিন জানান, ১২ জুলাই গলাচিরাই ঢালায় পৌঁছালে ডাকাতেরা তাঁদেরটিসহ তিনটি গাড়ি আটকিয়ে যাত্রীদের মোবাইল, নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। একইভাবে ২১ জুলাই তিনটি গাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, ঈদকে সামনে রেখে ডাকাতি ও ছিনতাই প্রতিরোধ এবং যাত্রী ও ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সড়কের ১০টি পয়েন্টে ৮০ জন পুলিশ সদস্য রাত জেগে পাহারা দিচ্ছে।