এক মাসেই টিলার অর্ধেক সাবাড়!

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা সদরে মডেল টাউন এলাকায় একটি বড় টিলা এক মাসের মধ্যে অর্ধেকের বেশি অংশ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। এক মাস ধরে কাটলেও টিলার মালিক কাচালং বাজার কমিটি কিছুই জানে না।
স্থানীয় বাসিন্দারা জানান, জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে টিলা কাটা শুরু হয়। শুরুতেই দিনে ৮ থেকে ১০ জন শ্রমিক কোদাল দিয়ে মাটি কাটেন। এক সপ্তাহ পর তা বেড়ে দাঁড়ায় ৩০ থেকে ৩৫ জনে। এখান থেকে মাটি ট্রাক্টর ভরে নিয়ে যাওয়া হচ্ছে িবভিন্ন স্থানে। বসতঘর নির্মাণের জন্য ডোবা, বিল, নদীর পার ও আবাদি কৃষিজমি ভরাটের কাজে ব্যবহার করা হচ্ছে এসব মাটি। ট্রাক্টরপ্রতি মাটি বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৫০০ টাকায়।
সরেজমিনে গত ২৩ জানুয়ারি দুপুরে দেখা যায়, টিলার অর্ধেকের বেশি অংশ কেটে ফেলা হয়েছে। তখনো কোদাল হাতে টিলাটি তিন দিক থেকে কাটছেন শ্রমিকেরা। কিছু শ্রমিক ট্রাক্টরে কাটা মাটিগুলো তুলছেন। পাশে একটি ছড়ায় মাটি ফেলে সড়ক তৈরি করা হয়েছে ট্রাক্টর যাতায়াতের জন্য।
কর্মরত শ্রমিকেরা জানান, তাঁরা দৈনিক মজুরির ভিত্তিতে মাটি কাটার কাজে নিয়োজিত আছেন।
কথা হয় মাটি পরিবহনের কাজে নিয়োজিত ট্রাক্টরচালক রবিউল ইসলামের সঙ্গে। তিনি জানান, চুক্তির ভিত্তিতে তাঁরা মাটি সরবরাহ করেন। মাটি দরকার হলেই এখান থেকে সংগ্রহ করেন।
কাচালং বাজার কমিটির সূত্র জানায়, এই টিলাটি স্থানীয় কাচালং বাজারের নামে বন্দোবস্ত দেওয়া হয় ২০০৬ সালে। এরপর ওই স্থানে বাজার স্থানান্তরের জন্য টিলা কাটতে পরিবেশ অধিদপ্তরের অনুমতি চাওয়া হয়েছে। কিন্তু এখনো অনুমতি পাওয়া যায়নি।
বাজার চৌধুরী (তত্ত্বাবধায়ক) আলী হোসেন বলেন, ‘টিলাসহ জায়গাটি কাচালং বাজারের। এতে অন্য কেউ মাটি কাটতে পারবে না।’ তিনি খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে বলেন জানান।
এ প্রসঙ্গে বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, পাহাড় কাটার খবর পেয়ে কয়েক দফা মডেল টাউন এলাকায় শ্রমিক ও ট্রাক্টরচালকদের ধাওয়া দিয়েছি। পরে তাঁরা আর পাহাড় কাটতে আসেননি। এখন যদি কেউ পাহাড় কাটে, তাহলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।