এক মাসেও উদ্ধার হয়নি অপহূত কলেজছাত্রী ডলি
মিরসরাইয়ে অপহূত কলেজছাত্রী ফারহানা আকতার ওরফে ডলিকে একমাসেও উদ্ধার করতে পারেনি পুলিশ। এদিকে অপহরণকারীরা ডলির স্বজনদের কাছে মুঠোফোনে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে। অন্যথায় ডলির ভিডিও ফুটেজ ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন তাঁর ভাই ফয়েজ আহমেদ।জানা যায়, গত ২৪ জুলাই মিঠানালা ইউনিয়নের রাঘবপুর গ্রামের বাড়ি থেকে অস্ত্রের মুখে একদল দুর্বৃত্ত অপরহরণ করে ডলিকে। সে জোরারগঞ্জ মহিলা কলেজের এইচএসসির শিক্ষার্থী। এ ব্যাপারে মিরসরাই থানায় একটি অপহরণ মামলা করেছেন তাঁর বাবা ফজলুল করিম। এতে একজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা পাঁচ থেকে সাতজনকে আসামি করা হয়েছে। মামলা দায়েরের পর থেকে পুলিশ চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে ডলিকে উদ্ধারে বেশ কয়েক দফা অভিযান চালায়। কিন্তু এখনো তাঁর কোনো সন্ধান পায়নি। মামলার বাদী ফজলুল করিম বলেন, ‘অপহরণের দুইদিন পর নুরুরচ্ছাফা নামের এক ব্যক্তি আমার মুঠোফোনে ফোন করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করছে। মামলা দায়েরের পর এত দিনেও পুলিশ কিছু করতে পারল না। তারা আদৌ আন্তরিক কি না এ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। তা ছাড়া ক্ষমতাসীন দলের কয়েকজন নেতা এখন মামলা তুলে নিতে চাপ দিচ্ছেন।’ তবে তিনি নাম প্রকাশ করতে রাজি হননি। মামলার তদন্ত কর্মকর্তা মিরসরাই থানার উপপরিদর্শক সফিকুল ইসলাম বলেন, ‘পুলিশ সম্পর্কে ডলির পরিবারের অভিযোগ সত্য নয়। তাকে উদ্ধারে আমরা বেশ কয়েকটি স্থানে ইতিমধ্যে অভিযান চালিয়েছি।’সরেজমিনে ডলির বাড়িতে গিয়ে দেখা যায়, তার মা ফাতেমা বেগম মেয়ের ছবি বুকে নিয়ে আহাজারি করছেন। ভাইয়েরাও উদ্বিগ্ন এত দিনেও বোনের খোঁজ না পেয়ে। চার ভাই ও দুই বোনের মধ্যে ডলি ছিলেন সবার ছোট।ডলির ভাই ফয়েজ আহমেদ (২৫) বলেন, ‘একেক সময় একেক মুঠোফোন নম্বর থেকে ফোন করে অপহরণকারীরা। বেশ কয়েকটি স্থানে টাকা দেওয়ার কথা বলেছে। ওই সব স্থানে গিয়েও আমরা কাউকে পাইনি। সর্বশেষ আমার আরেক বোনের মুঠোফোনে ফোন করে জানায় টাকা না দিলে ডলির ডিভিও ফুটেজ ইন্টারনেটে ছড়িয়ে দেবে। আমরা সব বিষয় প্রতিনিয়ত পুলিশকে জানাচ্ছি।’থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ ভূঁইয়া অপহরণের বিষয়টি স্বীকার করে বলেন, ‘আমরা আন্তরিকভাবে উদ্ধার অভিযান চালাচ্ছি। আশা করছি শিগগির তাঁকে উদ্ধার করা সম্ভব হবে।’