এক মাসের মধ্যে পৌরসভাকে প্রথম শ্রেণীতে উন্নীত করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এক মাসের মধ্যে বারইয়ারহাট পৌরসভাকে প্রথম শ্রেণীর পৌরসভায় উন্নীত করা হবে। এ ছাড়া, দায়িত্ব গ্রহণের পর প্রথম কাজ হবে বারইয়ারহাট পরিষ্কার-পরিচ্ছন্ন করা। দ্বিতীয় কাজ পৌর এলাকায় সড়কবাতি লাগানো।’ ১৮ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বারইয়ারহাট পৌরসভার নির্বাচিত মেয়র মো. তাহের প্রথম আলোর সঙ্গে আলাপকালে এসব কথা বলেন। মেয়র বলেন, ‘বারইয়ারহাট বর্তমানে দ্বিতীয় শ্রেণীর পৌরসভা। আগামী এক মাসের মধ্যে এটিকে প্রথম শ্রেণীর পৌরসভায় উন্নীত করা হবে। ইতিমধ্যে এ ব্যাপারে মন্ত্রণালয়ে যোগাযোগ করা হয়েছে। এরপর পৌরভবন নির্মাণে হাত দেব। কারণ ২০০১ সালে প্রথম নির্বাচিত মেয়র গত ১০ বছরেও পৌর ভবন নির্মাণ করতে পারেননি। পৌরভবন না থাকায় পৌরবাসীর মনে ক্ষোভ ছিল। নির্বাচনের সময় বিষয়টি বারবার ঘুরে-ফিরে আসে।’ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে মো. তাহের জানান, যত দ্রুত সম্ভব প্রাথমিক বিদ্যালয় নির্মাণ, বেসরকারি হাসপাতালের পাশাপাশি সরকারি ব্যবস্থাপনায় হাসপাতাল চালু ও সংস্কৃতিচর্চার জন্য একটি মিলনায়তন নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। পৌর এলাকায় অপরিকল্পিত কোনো ভবন নির্মাণ করতে দেওয়া হবে না। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পরিত্যক্ত জায়গায় খেলার মাঠ করা হবে। পরে এটিকে স্টেডিয়ামে রূপান্তর করা যায় কি না ভেবে দেখা হবে। বারৈয়ারহাট ডিগ্রি কলেজের মাঠ সমপ্রসারণের উদ্যোগ নেওয়া হবে। তা ছাড়া, বারইয়ারহাট পৌর বাজারের আইনশৃঙ্খলা রক্ষা ও ব্যবসায়ীদের নিরাপত্তা ও মাদকবিরোধী কার্যক্রম হাতে নেওয়া হবে।মেয়র তাহের এসব পরিকল্পনা বাস্তবায়নে দলমত-নির্বিশেষে সবার দোয়া ও সহযোগিতা চান। মো. তাহের মিরসরাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক। এবারের পৌর নির্বাচনে তিনি দুই হাজার ৫৫২ ভোট পেয়ে বারৈয়ারহাট পৌরসভার মেয়র নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি-সমর্থিত মঈন উদ্দীন। তিনি পান এক হাজার ৫৭৫ ভোট। আগামী মাসে মো. তাহের মেয়র হিসেবে শপথ নেবেন।