এক মিনিটে চাপ মুক্তির উপায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুগন্ধি মোমবাতি স্নায়ুর অবসাদ দূর করতে পারে।
সুগন্ধি মোমবাতি স্নায়ুর অবসাদ দূর করতে পারে।

অফিসের কাজ কিংবা সামাজিক দায়-দায়িত্ব পালন করতে গিয়ে ক্লান্ত-অবশান্ত। একঘেয়ে জীবনে মানসিক চাপও সৃষ্টি হয়। কাজে মন বসে না। সবকিছুতেই অস্থির লাগে। এমন পরিস্থিতিতে নিজের জন্য একটা মিনিট বের করে ফেলুন। এরপর সহজ কিছু কৌশল কাজে লাগিয়ে মনের ওপর চেপে বসা সেই অবসাদ-চাপ দূর করুন। 
সুগন্ধি মোমবাতি জ্বালান
দীর্ঘদিনের অফিসের ক্লান্তি শেষে যখন বাড়িতে ফিরবেন নিজে নিজে অ্যারোমাথেরাপি নেওয়ার চেষ্টা করতে পারেন। আপনার প্রিয় সুগন্ধিযুক্ত কিংবা ল্যাভেন্ডারের সুগন্ধিযুক্ত একটি মোমবাতি জ্বালান এবং এর সুগন্ধি অনুভব করুন। এই সুগন্ধি আপনার স্নায়ুর ওপর চাপ কমিয়ে দেবে। 
এক কাপ সবুজ চা
বিরক্তিকর কাজের চাপে যখন অবসাদ ঘিরে ধরবে, এক কাপ কফির জন্য দৌড়াদৌড়ি না করে এক কাপ সবুজ চায়ে ধীরে ধীরে চুমুক দিতে থাকুন। সবুজ চায়ে যে অ্যান্টি-অক্সিডেন্ট আছে তা চাপ তৈরির হরমোন কমিয়ে আনে। শরীরের মধ্যে গ্লুকোজ ছড়িয়ে দেয়। এতে ক্লান্তি, অবসাদ মনের চাপ কিছুটা হলেও দূর হয়। 
কাঁধে হালকা ম্যাসাজ করুন
কোনো মিটিং বা প্রেজেন্টেশন দিতে যাচ্ছেন? যদি মানসিক চাপ বোধ করেন তবে কিছুটা হালকাবোধ করার জন্য কাঁধের ওপর হালকা ম্যাসাজ করে নিন। কোথাও স্থির হয়ে আরাম করে একটু দাঁড়ান। নাক দিয়ে জোরে শ্বাস নিয়ে কাঁধ দুপাশে একটু ওপর নিচ করে নিন। কাঁধ একবার ওপর নিচ করে নিন। এভাবে পাঁচবার করলে স্নায়ুচাপ কিছুটা কমবে। 

এর আগে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে কয়েক মিনিটে চাপ মুক্তির কয়েকটি কৌশলের কথা বলেন বিশেষজ্ঞরা। এগুলো হলো:
একটু বিরতি নিন: যেখানেই থাকুন, যে অবস্থায় থাকুন, একটু নড়েচড়ে বসুন। কয়েক মিনিট বিরতি নিন। বার কয়েক গভীরভাবে শ্বাস নিন।
প্রিয় গান শুনুন: প্রিয় গানের একটা তালিকা প্রস্তুত রাখুন। চাপ অনুভব করলে কয়েক মিনিট ধরে প্রিয় গান শুনুন। মন ফুরফুরে হয়ে যাবে।
কথা বলুন: কর্মক্ষেত্র বা বাসা-যেখানেই থাকুন, চাপের সময় কাছের বা পাশের মানুষের সঙ্গে কথা বলুন। কথা যে প্রাসঙ্গিক হতেই হবে, এমন কোনো যুক্তি নেই।
বিশ্বাস করুন সমাধান আছে: জীবনে সমস্যা যেমন আছে, তেমনি আছে যৌক্তিক ও ফলপ্রসূ সমাধান। সমস্যার সমাধানে মনে বিশ্বাস রাখুন। কয়েক মিনিট শান্ত থাকুন, সমাধান খোঁজ করুন। উপায় মিলে যাবে।
উঠে পড়ুন: এক জায়গায় ঝিম মেরে বসে থাকলে চাপ চেপে বসে। উঠে পড়ুন। কয়েক মিনিটের জন্য বাইরে যান। প্রসাধন কক্ষে গিয়ে চোখেমুখে পানি দিতে পারেন। রাস্তার মানুষ দেখতে পারেন। পারেন আকাশের দিকে তাকিয়ে থাকতে।
কৌশলগুলোর কোনোটিতে কাজ না দিলে চিকিৎসকের পরামর্শ নিন।