এক মুঠো গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমাদের মধ্যে অনেকেই আছেন, যাঁরা ইংরেজিতে লিখতে পারেন বেশ। গল্প, কবিতা যাই-ই হোক না কেন, কোনো সমস্যা নেই। হাত চলে অবিরাম। তেমনই একজন জেনিফার আশরাফ কাশমি। এ তরুণ পেশায় একজন আইনজীবী। যুক্তরাজ্য থেকে সম্পন্ন করেছেন এলএলবি। তার আগে চিটাগাং গ্রামার স্কুল থেকে ও লেভেল, এ লেভেল সম্পন্ন করেছেন। লেখালেখির ইচ্ছাটা এবং প্রয়াস তাঁর অনেক আগে থেকেই। বাবা মেরিন ইঞ্জিনিয়ার হওয়ায় উত্তাল সমুদ্রে সিন্দাবাদের মতো অনেক অভিযানেই ছিলেন জেনিফার। আর লেখালেখির ভূতটাও ঠিক তখন থেকেই মাথা চাড়া দিয়ে উঠেছিল জেনিফারের। নিজে ইংরেজি মাধ্যমে পড়াশোনার কারণে লেখালেখির হাতেখড়িও ছিল সেদিকেই। কিন্তু দেশে থেকে ইংরেজিতে লেখালেখির ক্ষেত্রে তেমন কোনো সুবিধা ছিল না বললেই চলে। কোনো প্রকাশকই ইংরেজিতে বই প্রকাশে আগ্রহী নন। বাংলা লেখালেখির প্ল্যাটফর্ম বাংলাদেশে থাকলেও, ইংরেজি লেখালেখির তেমন কোনো প্ল্যাটফর্ম ছিল না। তা দেখে জেনিফার সিদ্ধান্ত নিলেন, প্ল্যাটফর্ম যখন নেই, নিজেই বানিয়ে ফলি তেমন এক প্ল্যাটফর্ম। সেখান থেকেই ‘স্টিকস অ্যান্ড স্টোনস’-এর জন্ম।জেনিফার সিদ্ধান্ত নিলেন, যতই প্রতিকূলতা আসুক না কেন, এই সংকলনটি তিনি প্রকাশ করবেনই। যেই ভাবা সেই কাজ, লেখার আহ্বান জানালেন জেনিফার। শুধু বাংলাদেশ নয়, বাইরের থেকে কয়েকটি লেখা এল। এ সংকলনে সেখান থেকে বাছাই করা যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া ও ভারত থেকে আসা লেখাগুলো ছাপাও হয়েছে। আর এমন উদ্যোগে সাড়া দিয়ে নিজেদের লেখা দিয়ে ‘স্টিকস অ্যান্ড স্টোনস’-এর পাশে দাঁড়িয়ে ছিলেন দেশের বিখ্যাত ব্যক্তিরাও। সেই কাতারে আছেন নাট্যব্যক্তিত্ব আলী যাকের, সাহিত্যিক ও সাংবাদিক আনিসুল হক, সংগীতশিল্পী এলিটা করিম প্রমুখ।সংকলনটিতে তিনটি চমৎকার আলোকচিত্রও স্থান পেয়েছে। এটির মোড়ক উন্মোচন হয়ে ৩১ আগস্ট এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে। কেক কেটে সেই ক্ষণকে স্মরণীয় করে রাখলেন ঢাকার ভারতীয় রাষ্ট্রদূত পংকজ স্মরণ, আনিসুল হক, আলী যাকেরসহ সংশ্লিষ্ট বইয়ের কয়েকজন লেখক। ছিল সংগীতসন্ধ্যাও। জেনিফার আশরাফ কাশমি বললেন, ‘এখন থেকে প্রতিবছর এ সংকলন বের হবে। আর চাইলে যে কেউ এতে লেখা পাঠাতে পারেন। আপনার লেখা মেইল করে দিতে পারেন sticksandstonesvol1@gmail. com এই ঠিকানায়।’ আর বইটি পেতে চাইলে যোগাযোগ করতে পারেন: ০১৯২১ ৫৮৬৬৯৮ —এই নম্বরে।