এক মুঠো সুখানুভূতির ছোঁয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুইকার হিলস মসজিদের মাঠে বাংলাদেশিদের ঈদের নামাজ
কুইকার হিলস মসজিদের মাঠে বাংলাদেশিদের ঈদের নামাজ

পৃথিবীর দক্ষিণ গোলার্ধের দেশ অস্ট্রেলিয়ার ঋতুচক্রে এখন বসন্তের মাঝামাঝি। খুব সুন্দর আবহাওয়া। প্রতিদিনই ঝকঝকে আকাশ। জিলহজ মাসের চাঁদ দেখার ভিত্তিতে ৫ অক্টোবর রোববার সিডনিতে ঈদুল আজহা পালিত হয়েছে। প্রবাসী বাংলাদেশিসহ অন্যান্য দেশের মুসলমানেরা ত্যাগের মহিমায় উত্সবমুখর পরিবেশে ওই দিন ঈদ উদযাপন করে।

অস্ট্রেলিয়া মূলত খ্রিষ্টান-প্রধান দেশ। তাই এখানে ঈদের জন্য সরকারি ছুটি থাকে না। তার পরও অধিকাংশ বাংলাদেশি প্রতি বছর দুই ঈদে ছুটি নেন। কেউ কেউ কর্মব্যস্ততার জন্য ছুটি নিতে পারেন না। তাঁদেরকে আবার ঈদের নামাজ আদায় করেই ছুটে যেতে হয় কর্মস্থলে। অবশ্য এ বছর রোববার সাপ্তাহিক ছুটির দিনে ঈদ হওয়ায় কর্মদিবসের চেয়ে অনেক বেশি মুসলমানের সমাগম হয়েছে ঈদের জামাতগুলোতে।

নামাজ শেষে কয়েকজন বাংলাদেশি
নামাজ শেষে কয়েকজন বাংলাদেশি

সিডনিতে বেশ কয়েক জায়গায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। আমি ঈদের নামাজ পড়েছি ব্ল্যাক টাউন সাবাবের কুইকার হিলসের কুইকার হিলস জামে মসজিদের মাঠে। এখানকার ঈদের জামাতে আমি, আমার মেয়ে অথৈ আর ছেলে দীপ্র গিয়েছিলাম নামাজ পড়তে। সেখানে পুরুষ ও নারীদের জন্য পৃথক নামাজের ব্যবস্থা করা হয়েছিল। নামাজের জন্য নির্ধারিত সময়সূচি ছিল সকাল নয়টা। নামাজ শেষে নিজের পাপমোচন, কোরবানির ত্যাগ ও মহিমায় আত্মশুদ্ধি, পরিবার-পরিজন, নিজ দেশ ও মুসলিম উম্মাহর জন্য দোয়া চেয়ে মহান আল্লাহর দরবারে মোনাজাত করা হয়।


ঈদের দিন দল বেঁধে বাংলাদেশিরা যান বিভিন্ন জনের বাসায়
ঈদের দিন দল বেঁধে বাংলাদেশিরা যান বিভিন্ন জনের বাসায়

প্রবাসে হাজারো প্রতিবন্ধকতা পেরিয়ে ঈদের জামাত আমাদের ঈদ আনন্দকে কতটা অর্থবহ আর স্মৃতিকাতর করে তোলে, তা লিখে বা বলে বোঝানো যাবে না। জামাত শেষে হঠাত্ দেখা হলো আমাদের পরিচিত চিকিত্সক মীর জাহান মাজু ভাইয়ের সঙ্গে। তাঁর দুই ছেলে ফাহিম (১৬) ও ফারজিনকে (১১) সঙ্গে নিয়ে এসেছিলেন। শুভেচ্ছা বিনিময় হলো আমাদের আরেক পরিচিত ভাই চিকিত্সক আসাদ জামানসহ আরও বেশ কয়েকজনের সঙ্গে। সবাই অত্যন্ত আন্তরিকভাবে একে অপরকে বুকে টেনে নিচ্ছেন, শুভেচ্ছা বিনিময় করছেন। বড়দের দেখে অনুপ্রাণিত হয়ে বাবা-মার হাত ধরে আসা অচেনা ছোট্ট সোনামণি আরিয়ান আমার ছেলে দীপ্রকে জড়িয়ে ধরে কোলাকুলি করল। এটা দেখে থমকে গিয়েছিলাম আমি কিছুক্ষণের জন্য। বাবা-মা, ভাইবোন ও আত্মীয়স্বজন ছাড়া আনন্দ, হাসি-কান্না ও সুখ-দুঃখ জড়ানো আমার প্রবাস জীবনকে নাড়িয়ে দিল ত্যাগ, একটু সহানুভূতি বা এক মুঠো সুখানুভূতির ছোঁয়াও। সবকিছু ছাপিয়ে ঈদ জামাত যেন আমাদেরই মিলনমেলা।

বন্ধু ডা. ঝুমির সঙ্গে লেখিকা ও তাঁর মেয়ে অথৈ
বন্ধু ডা. ঝুমির সঙ্গে লেখিকা ও তাঁর মেয়ে অথৈ

সিডনিতে ঈদের কেনাকাটা বাংলাদেশের মতো না হলেও ঈদের আগের সাপ্তাহিক বন্ধের দিন ও চাঁদ রাতে ঈদ মেলার আয়োজন করা হয়ে থাকে। মেলায় প্রবাসী বাংলাদেশিসহ বেশকিছু ভারতীয় আর পাকিস্তানি মালিকানাধীন পোশাক ও জুয়েলারির দোকানসহ মেহেদি সন্ধ্যার আয়োজন থাকে। এ ছাড়া মনের অজান্তেই মগ্ন চৈতন্যে কড়া নাড়ে যখন দেখি বাংলাদেশি মুদি দোকানগুলো শুধু আমাদের প্রয়োজনেই চাঁদ রাতে গভীর রাত পর্যন্ত খোলা থাকে। এটা প্রিয়জনের সান্নিধ্য লাভের ঠিকানা খোঁজার মাঝে পাওয়া না-পাওয়ার হাহাকার ঈদের প্রয়োজনকে কিছুটা হলেও পূর্ণতায় রূপ দেয়।

ছোট-বড় সবাই মিলে চলছে আড্ডা
ছোট-বড় সবাই মিলে চলছে আড্ডা

এখানে বাংলাদেশের মতো যেখানে খুশি ইচ্ছে মতো কোরবানি দেওয়ার নিয়ম নেই। ব্যক্তিগতভাবে কেউ কোরবানি দিতে চাইলে এখানকার কোনো ফার্মে গিয়ে অথবা বাংলাদেশি মুদি দোকানে দেড়-দুই সপ্তাহ আগেই টাকা জমা দিয়ে কোরবানির জন্য বুকিং দিতে হয়। তারপর দোকানমালিকেরা নিজেদের দায়িত্বে কোরবানি দিয়ে মাংস বাসায় বাসায় পৌঁছে দেন।

বাংলাদেশের মতো এখানে কোরবানির ব্যস্ততা না থাকায় সবাই আগে থেকেই রান্নাবান্না করে ফেলেন। তারপর ছোট-বড় সবাই দল বেঁধে বেরিয়ে পড়েন এক বাসা থেকে আরেক বাসায়। দিনের ক্লান্তি শেষে নিজ মাতৃভূমিতে ফেলে আসা প্রিয় মানুষ, তাঁদের সঙ্গ ও স্মৃতি প্রত্যেক প্রবাসীর গহিন হূদয়ে আঁচড় কাটে, শূন্যতায় বুক ভেঙে যায়। আপেক্ষিক এই শূন্যতা বা হাহাকারের কোনো পরিমাপ করা যায় না। আত্মীয়স্বজন ছাড়া ঈদ করলেও পরস্পরের প্রতি সৌহার্দ্য বিনিময়ও এই আনন্দোত্সব প্রবাসীদের জীবনযাত্রায় এক পশলা বৃষ্টির মতোই সুখকর।

হ্যাপি রহমান

সিডনি, অস্ট্রেলিয়া

(এই প্রতিবেদনে ব্যবহূত ছবি তুলেছেন ডা. আসাদ জামান)