এক মেলায় ডিজিটাল জীবনধারা
আবহমান বাংলার অন্যতম একটি ঐতিহ্য হচ্ছে মেলা। অনেক আগে থেকেই গ্রামবাংলায় বিভিন্ন উপলক্ষে আয়োজন করা হতো মেলার। নানা ধরনের আয়োজন নিয়ে অনুষ্ঠিত এসব মেলায় ছোট থেকে শুরু করে ভিড় করত বিভিন্ন বয়সের মানুষ। চারদিকে রকমারি আয়োজনে সাজানো মেলায় পরিবার-পরিজনসহ সবাই যেত আর উপভোগ করত মেলার আয়োজন। এ ধরনের মেলায় গ্রামীণ বিভিন্ন বিষয়কে তুলে ধরার পাশাপাশি আয়োজন করা হতো নানা অনুষ্ঠান। পুরো আয়োজনের সঙ্গে কিছুটা মিল থাকলেও প্রযুক্তি মেলায় ভিন্নতা চোখেপড়ে।তবে সে মেলার মতো এখানেও থাকে চরকি আর গ্রামীণ ঐতিহ্য। উদ্বোধনের সময়ও এ প্রযুক্তি মেলায় ছিল গ্রামীণ ঐতিহ্যের সঙ্গে মিল রেখে ঢোল-বাদ্যি বাজিয়ে মেলা শুরুর আয়োজন। যদিও গ্রামের সেসব মেলার মতো মাটির জিনিস আর সব পণ্য এখন পাওয়া যায় না; তবু মেলার প্রবেশপথে ভিড় কিংবা মেলা থেকে বের হওয়া মানুষের কথা শুনলেই বোঝা যাবে, কিসের এ মেলা। রাজধানীর আগারগাঁও এলাকায় বড় আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল প্রযুক্তি মেলা। ‘নতুন প্রজন্মের জন্য ডিজিটাল বাংলাদেশ’ বিষয়ে বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘বিসিএস আইসিটি ওয়ার্ল্ড ২০১০’ শিরোনামে আয়োজন করে এ মেলার। এ নিয়ে তিনবার অনুষ্ঠিত এ মেলার সহযোগিতায় ছিল বাণিজ্য মন্ত্রণালয়ের আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিল। চার দিনের এ মেলা শেষ হয়েছে ২ নভেম্বর। প্রতিদিন মেলা প্রাঙ্গণেই নানা বিষয়ের ওপর সেমিনারসহ নানা আয়োজন। সব মিলিয়ে দারুণ এক প্রযুক্তিযজ্ঞ।মেলার যত আয়োজনমেলায় সর্বশেষ প্রযুক্তির নানা পণ্য দেখানো হয়, যা সব সময়ই মূল আকর্ষণ। মানুষ যায় নতুন প্রযুক্তির কিছু পেতে, নতুন কিছু দেখতে। এবারের মেলায় ল্যাপটপ কম্পিউটারের পাশাপাশি নিত্যব্যবহার্য ডিজিটালপ্রযুক্তি পণ্যের প্রতি দর্শকদের আগ্রহ বেশি দেখা গেছে। মেলা প্রাঙ্গণজুড়ে ছিল দ্রুতগতির তারহীন ওয়াইম্যাক্স নেটওয়ার্ক।যার মাধ্যমে পাওয়া গেছে বিনা মূল্যে ইন্টারনেট ব্যবহারের সুবিধা। যেকোনো দর্শক তার ল্যাপটপ কম্পিউটার দিয়ে ওয়াইম্যাক্সের অভিজ্ঞতাও নিতে পেরেছেন মেলায়। আর মেলায় ঢুকতেই ছিল ওয়াইম্যাক্স সেবাদাতা কিউবির বিশাল প্যাভিলিয়ন, যেখানে উচ্চগতির ইন্টারনেট নিয়ে ওয়েবে নানা কিছু করার সুযোগ নিয়েছে তরুণ, শিক্ষার্থীসহ সব বয়সী মানুষ। মেলায় ঘুরতে আসা ব্যবসায়ী কাজী আশরাফ উদ্দিন আহমেদ বলেন, ‘মেলায় নতুন নানা ধরনের পণ্যের দেখা মেলে, তাই মেলায় ছুটে আসা। প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলতে সর্বশেষ প্রযুক্তিপণ্যের খবর জানা না থাকলে পিছিয়ে পড়তে হবে। তাই নতুন পণ্যের খবর জানতে মেলাই অন্যতম জায়গা। অন্যান্যবারের মতো এবারও মেলায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিনা মূল্যে প্রবেশের সুযোগ ছিল।’ মেলায় ছিল ওয়েবসাইটের উপযোগী ভিডিও স্ট্রিমিং, ইন্টারনেট গেমসহ প্রভৃতির ব্যবহারপদ্ধতি ও প্রক্রিয়ার ব্যবস্থা। মেলার প্রথম দিনেই অনুষ্ঠিত হয়েছে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। অন্যান্যবারের মতো এবারও মেলায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিনা মূল্যে প্রবেশের সুযোগ পেয়েছে। তাই প্রতিদিনই মেলায় ছিল শিক্ষার্থীদের ভিড়। ওয়াইম্যাক্স আর নতুন নতুন প্রযুক্তিসুবিধাসহ দারুণ সব বিষয় দেখে উচ্ছ্বসিত একজন দর্শনার্থীর মন্তব্য, সত্যিকার অর্থেই মেলা নানা প্রযুক্তিপণ্যে ভরপুর।প্রযুক্তির হাল ধারাপুরো মেলায় দেখা গেছে তরুণ প্রযুক্তিপ্রেমীদের ভিড়। নিত্যনতুন প্রযুক্তির ল্যাপটপ কম্পিউটারের দিকেই নজর ছিল প্রযুক্তিপ্রেমীদের। আর তাঁদের এ আগ্রহকে প্রাধান্য দিয়ে মেলায় সর্বশেষ প্রযুক্তির বিশেষ বৈশিষ্ট্য সুবিধাসংবলিত ল্যাপটপও এসেছে অনেক। মেলায় কিউবি অর্ধেক মূল্যে দিয়েছে ওয়াইম্যাক্স মডেম। আসুসের নতুন সব আধুনিক সুবিধার বিভিন্ন ল্যাপটপ প্রদর্শন করেছে গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড। মেলায় পানিরোধক ল্যাপটপও প্রদর্শন করেছে চীনের একটি প্রতিষ্ঠান।অ্যাপল কম্পিউটারের আইপড ক্যালাসিক, আইপড টাচ, ম্যাকবুক, ম্যাকবুক এয়ারে ছিল মূল্যছাড়। সাড়া জাগানো আইপ্যাডও ছিল এবারের মেলায়। মেলার আহ্বায়ক মজিবুর রহমান বলেন, এবারের মেলায় নতুনত্ব আনতে লোকজ ঐতিহ্যের সঙ্গে মিল রেখে নানা আয়োজন করা হয়েছে। তাই শুরুর দিন থেকেই মেলা জমজমাটভাবে দর্শকে ঠাসা ছিল। এ ছাড়া এসারের বিভিন্ন ল্যাপটপে ছিল বিশেষ ছাড় ও উপহারসামগ্রী। শুধু ল্যাপটপ নয়, এর পাশাপাশি নিজস্ব ব্র্যান্ড পিসি, প্রিন্টার, অ্যান্টিভাইরাস সফটওয়্যারসহ নানা পণ্যসেবা।ছিল মুঠোফোন, গাড়ি এবং প্রযুক্তিপণ্য পরিষ্কারের জন্য সাইবার ক্লিন নামের বিশেষ পণ্য। মেলায় বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) স্টলে ছিল মুক্ত সফটওয়্যারের প্রদর্শনী। প্রযুক্তিশিক্ষাও পিছিয়ে ছিল না মেলায়। ল্যাপটপ কম্পিউটার কিনতে আসা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমা ভৌমিক বলেন, বড় আয়োজনের এ মেলায় মূলত সর্বশেষ প্রযুক্তি সম্পর্কে জানা যায়। পাশাপাশি বিশেষ ছাড়ে পণ্য কেনার সুবিধা পাওয়া যায়। অন্যান্যবারের মতো শুধু প্রদর্শনীই নয়, মেলায় ছিল বিকিকিনির সম্ভার। প্রথম দিন থেকেই মেলায় ল্যাপটপসহ নানা প্রযুক্তিপণ্য বিকিকিনি হয়েছে। একাধিক প্রতিষ্ঠানের বিক্রয়কর্মীদের সঙ্গে কথা বলে এর সত্যতা পাওয়া গেল। পুরো মেলায় ৬৬টি প্রতিষ্ঠান ৬৯টি স্টল এবং ২৬টি প্যাভিলিয়নের মাধ্যমে প্রযুক্তিশিক্ষার উপকরণ, কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার, ডিজিটাল জীবনধারাভিত্তিক প্রযুক্তি ও পণ্য প্রদর্শন করেছে।মেলার সব অনুষ্ঠানপ্রযুক্তির এ মেলায় ছিল না ডেস্কটপ কম্পিউটার। ডেস্কটপ কম্পিউটারের জায়গায় ছিল ল্যাপটপের জয়জয়কার। প্রদর্শনী চলাকালে বাংলাদেশের প্রেক্ষাপটে তথ্যপ্রযুক্তি, এর ব্যবহারিক ও বাণিজ্যিক প্রসঙ্গ নিয়ে অনুষ্ঠিত হয় একাধিক সেমিনার। যার মধ্যে ইন্টারনেটের বর্তমান অবস্থা, ইন্টারনেটের মাধ্যমে আয়ের কৌশল, ডিজিটাল বাংলাদেশ গড়তে মূল লক্ষ্য ও অর্জন, প্রযুক্তির বিভিন্ন খাতে প্রতিবন্ধীদের সম্পৃক্তকরণ ইত্যাদি উল্লেখযোগ্য। মেলায় ডিজিটাল বাংলাদেশসহ গুরুত্বপূর্ণ নানা বিষয় নিয়ে ছিল আলোচনা। ‘প্রতিবন্ধীদের তথ্যপ্রযুক্তির সঙ্গে সম্পৃক্তকরণ’ শীর্ষক আলোচনাও ছিল মেলায়। মেলায় অংশগ্রহণকারী চীনের ইনসপিউর গ্রুপ কোম্পানি লিমিটেডের প্রতিনিধিদল বাংলাদেশের আইসিটি ব্যবসায়ীদের সঙ্গে বিজনেস-টু-বিজনেস আলোচনা অনুষ্ঠিত হয়। এগিয়ে চলার পথেমেলায় নানা আয়োজন আর বিভিন্ন বয়সী দর্শনার্থীর ভিড়ে সত্যিকার অর্থে দেখা গেছে প্রযুক্তির প্রতি সাধারণ মানুষের আগ্রহ। বয়সের বাধা ডিঙিয়ে মানুষজন এসেছে মেলায় সর্বশেষ প্রযুক্তির সব খবর নিতে। হতাশ হতে হয়নি দর্শনার্থীদেরও। প্রায় প্রতিটি প্রতিষ্ঠানই মেলায় নিজেদের স্টলে সেরা সব নতুন প্রযুক্তির পণ্য প্রদর্শন করেছে। সব মিলিয়ে সফলভাবেই শেষ হয়েছে প্রযুক্তির আরেকটি বড় মেলা।