এক যুগ ধরে খোলা আকাশের নিচে ২০ কোটি টাকার গাড়ি

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে বাঘাইহাট বাজার এলাকায় বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের (বিএফআইডিসি) বিভিন্ন ধরনের গাড়ি খোলা আকাশের নিচে পড়ে আছে দীর্ঘ এক যুগ ধরে। অযত্ন-অবহেলায় পড়ে থাকা এসব গাড়ি অকেজো হয়ে গেছে। এ ছাড়া গাড়ির মূল্যবান যন্ত্রাংশ চুরিও হয়ে যাচ্ছে।
বিএফআইডিসি সূত্র জানায়, ১৯৬২ সালে বন মন্ত্রণালয়ে সঙ্গে চুক্তির ভিত্তিতে বিএফআইডিসি সাজেক ইউনিয়নের বাঘাইহাট বাজার এলাকায় বন বিভাগের ৬০ একর জায়গায় একটি স্টেশন স্থাপন করে। পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের বাঘাইহাট, মাচালং, কাচালং ও লক্ষ্মীছড়ির সংরক্ষিত বন থেকে বনজ সম্পদ আহরণের জন্য এই স্টেশন নির্মিত হয়েছিল। এ জন্য রাশিয়া ও যুক্তরাষ্ট্র থেকে ১৪টি বিভিন্ন ধরনের ট্রাক ও ক্রেন সংগ্রহ করা হয়। পাশাপাশি গাছ টানার জন্য ১৫টি হাতিও কেনা হয়। ২০০৪ সালে বিএফআইডিসি ও বন মন্ত্রণালয় চুক্তির মেয়াদ শেষ হলে গাছ কাটার কার্যক্রম বন্ধ হয়ে যায়। এরপর থেকে গাড়িগুলো অরক্ষিত অবস্থায় পড়ে আছে।
বিএফআইডিসির স্টেশন সূত্রে জানা গেছে, স্টেশনের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার পর বেশির ভাগ কর্মকর্তা–কর্মচারী অন্যত্র বদলি হয়ে গেছেন। এখন মো. রুহুল আমিন নামের এক কর্মচারী স্টেশনের সম্পদ দেখাশোনা করেন। এ ছাড়া দৈনিক মজুরিতে চারজন পাহারাদার নিয়োগ দেওয়া হয়েছে। তার পরও গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ চুরি হয়ে যাচ্ছে বলে জানা গেছে।
সরেজমিনে দেখা গেছে, স্টেশনের আশপাশে বিভিন্ন ধরনের গাড়ি খোলা মাঠে অযত্নে-অবহেলায় পড়ে আছে। স্টেশনে কোনো সীমানাপ্রাচীর না থাকায় গাড়িগুলো এক রকম অরক্ষিত রয়ে গেছে। কয়েকটি গাড়ির যন্ত্রাংশ মাটিতে পড়ে আছে।
বাঘাইহাট বাজার কমিটির সভাপতি মো. নাজিম উদ্দীন বলেন, বিএফআইডিসির কোটি টাকা মূল্যের গাড়িগুলো দীর্ঘদিন ধরে খোলা আকাশের নিচে অযত্ন-অবহেলায় ফেলে রাখা হয়েছে। বিএফআইডিসির কার্যক্রমে গুটিয়ে নেওয়ার সময় সব গাড়ি সচল ছিল।
বাঘাইহাট বাজার এলাকায় বিএফআইডিসির স্টেশনের তত্ত্বাবধায়ক মো. রুহুল আমিন বলেন, ‘বিদেশ থেকে চারটি গাড়িসহ মোট ১৫টি গাড়ি আনা হয়েছিল। শুধু বিদেশি গাড়িগুলোর দাম ১২ কোটি টাকা। এখানে ২০ কোটি টাকারও বেশি সম্পদ রয়েছে। দীর্ঘদিন ব্যবহার না করায় সব গাড়ি নষ্ট হয়ে গেছে। তবে দুই থেকে তিনটি গাড়ি মেরামত করলে এখনো সচল হবে। আমি একা এত সম্পদ রক্ষা করতে পারছি না। আমার সহযোগী হিসেবে চারজনকে দৈনিক মজুরির ভিত্তিতে রাখা হয়েছে। তারপরও গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ চুরি হয়ে যাচ্ছে।’ তিনি আরও বলেন, ১৫টি হাতি ছিল। এর মধ্যে ২০১৪ সালে ১১টি হাতি মারা যায়। আর চারটির মধ্যে দুটি চকরিয়ায় ও দুটি বঙ্গবন্ধু সাফারি পার্কে নেওয়া হয়েছে।
বিএফআইডিসির কাপ্তাই অঞ্চলের ব্যবস্থাপক মো. মোস্তাক আহমেদ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘বাঘাইহাট এলাকায় আমাদের কিছু গাড়ি রয়েছে। সেই গাড়িগুলো নিলামে দেওয়ার জন্য প্রক্রিয়া চলছে। অতি দ্রুত নিলামের প্রক্রিয়ায় আনা হবে। ইতিমধ্যে আমাদের উচ্চপর্যায়ে কিছু কর্মকর্তা বাঘাইহাট স্টেশন পরিদর্শন করেছেন।