এক যুগ পর সম্মেলন হচ্ছে ফটিকছড়ি আওয়ামী লীগের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থবির হয়ে পড়েছিল চট্টগ্রামের ফটিকছড়ি আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম। গত রমজান মাসে একটি ইফতার পার্টি ছাড়া সাম্প্রতিক সময়ে দলের আর কোনো কর্মসূচি ছিল না। তবে দীর্ঘ এক যুগ পর সম্মেলনের খবর আসায় চাঙা হয়ে উঠেছেন দলের নেতা-কর্মীরা।

ফটিকছড়ির তৃণমূল নেতা-কর্মীরা জানান, ২০১৩ সালের ১১ এপ্রিল উপজেলার ভূজপুরে আওয়ামী লীগের শোভাযাত্রায় জামায়াত-বিএনপি ও হেফাজতের হামলার ঘটনার পর তৃণমূল পর্যায়ে সাংগঠনিক তৎপরতা ঝিমিয়ে পড়ে। এর পাশাপাশি এক যুগ ধরে একই কমিটি বহাল থাকায় সাংগঠনিক কাজে স্থবিরতা তৈরি হয়েছে। দলের নেতাদের মধ্যে বেড়েছে বিভেদও। সর্বশেষ ২৭ রমজানে দলের ইফতার মাহফিলের পর আর কোনো সাংগঠনিক কার্যক্রম অনুষ্ঠিত হয়নি। সারা দেশে জঙ্গি হামলার বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি অব্যাহত থাকলেও ফটিকছড়িতে এ নিয়ে দলের কোনো কর্মসূচি এখনো দেখা যায়নি। তবে গতকাল ২৩ জুলাই দলের বর্ধিত সভায় সম্মেলনের বিষয় নিয়ে আলোচনার পর স্বস্তি দেখা দিয়েছে নেতা-কর্মীদের মধ্যে।

কয়েক মাসের মধ্যে ফটিকছড়ি আওয়ামী লীগের সম্মেলন হতে যাচ্ছে, এমন তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম চৌধুরীও। এ প্রসঙ্গে প্রথম আলোকে তিনি বলেন, উপজেলার কিছু নেতার কারণে এত দিন কমিটি গঠিত হয়নি। শিগগিরই সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব সৃষ্টি করে দলকে চাঙা করা হবে। সম্মেলনের সম্ভাব্য তারিখ ৩০ সেপ্টেম্বর বলে তিনি জানান।

উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা জানান, ২০০৪ সালের ২৮ সেপ্টেম্বর দলের ত্রিবার্ষিক সম্মেলনে আফতাব উদ্দিন চৌধুরী সভাপতি ও এস এম সোলাইমানকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। পরে আরও ১০ জনকে অন্তর্ভুক্ত করা হয় কমিটিতে। সেই কমিটি এখনো বহাল আছে।

নাম প্রকাশ না করার শর্তে দলের জ্যেষ্ঠ কয়েকজন নেতা জানান, ২০০৫ সালের শেষের দিকে উপজেলা আওয়ামী লীগে বিভক্তি দেখা দেয়। সৃষ্টি হয় দুটি পক্ষের। এলাকার প্রয়াত সাংসদ রফিকুল আনোয়ার এবং সাবেক উপজেলা চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য এ টি এম পেয়ারুল ইসলাম দুই পক্ষের নেতৃত্বে ছিলেন। ২০০৬ সালের পর থেকে দুই পক্ষের নেতা-কর্মীদের মাঝে একাধিকবার প্রকাশ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ২০১২ সালে ২৫ সেপ্টেম্বর রফিকুল আনোয়ারের মৃত্যুর পর থেকে দলের ওই অংশের নেতৃত্ব দিচ্ছেন তাঁর ভাই ফকরুল আনোয়ার।

তবে দলে কোনো রকম বিভক্তি নেই বলে দাবি করেন উত্তর জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য–বিষয়ক সম্পাদক ফকরুল আনোয়ার ও উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য এ টি এম পেয়ারুল ইসলাম। ফকরুল আনোয়ার বলেন, ‘দলে প্রতিযোগিতা ছিল এবং আছে। তবে এ ধরনের অনৈক্য দলের সাংগঠনিক কার্যক্রম বাধাগ্রস্ত করে।’ অপর দিকে এ টি এম পেয়ারুল ইসলাম বলেন, ‘কারও সঙ্গে মতের অমিল থাকতে পারে। কিন্তু দলে কোনো বিভক্তি নেই।’

দলের জ্যেষ্ঠ নেতারা বিভক্তির কথা সরাসরি স্বীকার না করলেও বিষয়টি এড়িয়েও যাননি। এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব উদ্দিন চৌধুরী বলেন, দলে বিভক্তি নয়, প্রতিযোগিতা আছে। তবে সম্মেলন হলে দলের কার্যক্রমে গতি আসবে বলে তিনি মনে করেন।

দলের একাধিক নেতা-কর্মী জানান, নতুন কমিটি গঠনের জন্য জেলার নেতারা ইতিপূর্বে কয়েকবার উদ্যোগ নিয়েছেন। কিন্তু অভ্যন্তরীণ কোন্দলে সেসব উদ্যোগ বারবার ব্যর্থ হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল বশর চৌধুরী বলেন, ‘ইতিপূর্বে নেওয়া উদ্যোগগুলো জেলার নেতাদের হস্তক্ষেপে কয়েকবার ব্যর্থ হয়। এখানে জেলার নেতাদের নিজেদের পছন্দের প্রার্থী রয়েছেন।’

উপজেলা আওয়ামী লীগের সদস্য এইচ এম আবু তৈয়ব বলেন, ‘দীর্ঘদিন ধরে এক কমিটি থাকায় নতুনেরা জায়গা পাচ্ছেন না। এ ছাড়া নতুন কমটি গঠন করা হলে দলের নেতা-কর্মীরাও রাজনীতিতে সক্রিয় হবেন।’

এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম সোলাইমান বলেন, ‘দুটি পৌরসভা এবং ১৭টি ইউনিয়নের মধ্যে সবকটি কমিটির সম্মেলন শেষ হয়েছে। দলকে চাঙা করতে শিগগিরই সম্মেলনের তারিখ ঘোষণা করা হবে। আজ (গতকাল) অনুষ্ঠিত বর্ধিত সভায়ও বিষয়টি আলোচিত হয়েছে।’