কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয়েছিল ২০০০ সালে। প্রতি তিন বছর পর পর সম্মেলন হওয়ার কথা থাকলেও গত এক যুগের মধ্যে তা আর হয়নি। গত ৪ ফেব্রুয়ারি সম্মেলনের সব প্রস্তুতি নেওয়া হলেও কোন্দলের কারণে এতে নতুন কমিটি না করে উপজেলা আওয়ামী লীগের কমিটিই বিলুপ্ত ঘোষণা করা হয়। স্থগিত করা হয় সম্মেলন। এ সময় বলা হয়েছিল দ্রুত সম্মেলনের নতুন তারিখ ঘোষণা করা হবে। কিন্তু আড়াই মাস পরও নতুন তারিখ ঘোষণা করা হয়নি। ফলে স্থবির হয়ে আছে কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সার্বিক কাজকর্ম। এতে হতাশ হয়ে পড়েছেন নেতা-কর্মীরা। সংশ্লিষ্ট নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে সংগঠনের এ অবস্থার কথা জানা গেছে। কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. সফিউল আলম জানান, ৪ ফেব্রুয়ারির সম্মেলন আয়োজনকে ঘিরে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছিল। রাঙামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি ও পার্বত্য প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার প্রধান অতিথি থেকে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলন উদ্বোধন করেন। বিপুলসংখ্যক নেতা-কর্মী ছাড়াও উপজেলার ৫৭ জন এবং প্রতি ইউনিয়নে ২১ জন করে পাঁচ ইউনিয়নের ১০৫ জনসহ মোট ১৬২ জন কাউন্সিলরের মধ্যে ১৫৭ জনই এতে উপস্থিত ছিলেন। কথা ছিল সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে নতুন কমিটি গঠন করা হবে। কিন্তু এক পর্যায়ে সাধারণ সম্পাদক পদের প্রার্থীদের মধ্যে বিরোধকে ঘিরে গোলযোগ এবং অচলাবস্থা দেখা দেয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে প্রধান অতিথি প্রথম অধিবেশনের পর উপজেলা আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত এবং সম্মেলন স্থগিত ঘোষণা করেন। উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং স্থগিত হওয়া সম্মেলনে পুনরায় সভাপতি প্রার্থী মো. মফিজুল হক জানান, কাপ্তাই উপজেলায় বর্তমানে আওয়ামী লীগের কোনো কমিটি বা কার্যক্রম নেই। উপজেলা আওয়ামী লীগের কাউন্সিলর এবং চিৎমরম ইউনিয়নের চেয়ারম্যান থোয়াইচিং মারমা বলেন, এখনো সম্মেলনের জন্য আওয়ামী লীগের নেতা-কর্মীরা মুখিয়ে আছেন। সম্মেলনের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ কমিটি করা গেলে হারানো ভাবমূর্তি ফিরে আসবে। এ ব্যাপারে যোগাযোগ করা হলে পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার বলেন, ‘আমরা কম সময়ের মধ্যে সম্মেলন করার ওপর গুরুত্ব দিচ্ছি। এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে দায়িত্ব দেওয়া হয়েছে।’ জানতে চাইলে ২৩ এপ্রিল রাঙামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আমরাও চাই দ্রুত কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হোক। এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য আগামী ৪ মে জেলা আওয়ামী লীগের জরুরি সভা ডাকা হয়েছে। পুনরায় সম্মেলন করতে গিয়ে যাতে কোনো রকমের বাধা সৃষ্টি না হয় সে জন্য কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হবে। ওই সিদ্ধান্ত মানতে রাজি হলেই আগ্রহী ব্যক্তিদের কোনো পদে প্রার্থী হওয়ার সুযোগ দেওয়া হবে।’