
১৬ এপ্রিল দরজা খুলে অনুষ্ঠানে ঢুকেই শোনা গেল ‘প্রজাপতি এ মন মেলুক পাখনা’ গানটি। একদল শিশু প্রজাপতির মতো ডানা মেলে নাচ করছে। ঠিক পরেই সমবেত কণ্ঠে ‘ধনধান্য পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা’ গানটি। তবে শুধু গানই নয়, গানের সঙ্গে সঙ্গে নাচতেও দেখা গেল কয়েকজনকে। এবার পর্দায় ভাসছে রাকিন, ইয়াসিন আর উল্লাসদের আঁকা ছবি। সবার চোখ আটকে যায় সেদিকে। দেখে বোঝার উপায় নেই এগুলো কচি হাতের আঁকা। সেদিন তরী ফাউন্ডেশনের আয়োজনে রাজধানীর এলজিইডি মিলনায়তনে পালিত হলো বিশেষ শিশুদের ‘স্কুল ফর গিফটেড চিলড্রেন’-এর এক যুগ পূর্তি অনুষ্ঠান। অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক শিশুদের বিকাশে সমাজের সকল স্তরের মানুষের সহযোগিতা প্রত্যাশা করেন।
ছবি দেখতে দেখতে মঞ্চে উঠে সবাইকে শুভেচ্ছা জানায় সামি। কণ্ঠ ছেড়ে গেয়ে ওঠে ‘নীল আকাশের নিচে আমি’ গানটি। তবে গান শেষ করে আবার প্রথম থেকে গাওয়ার বায়না ধরল। সবাই সায়ও দিল তাতে। গাইতে নাকি দারুণ লাগে সামির। হারমনিয়াম বাজানোর বেশ শখ তাঁর। এর মাঝে কথা হলো উল্লাসের বাবার সঙ্গে। তিনি বলেন, কয়েক বছর আগেও উল্লাস স্থির হয়ে বসে থাকতে চাইত না। বেশ কিছু আচরণগত সমস্যাও ছিল তার। তবে এখন সে ছবি আঁকছে, অন্য শিশুদের মতো অনুষ্ঠানে গান গাইছে দেখে বেশ ভালো লাগছে তাঁর। তাই তিনি বিশেষ শিশুদের অভিভাবকদের হতাশ না হয়ে ধৈর্য ধারণের কথা বলেন।
স্কুলের পরিচালক মারুফা হোসেন বললেন, ‘বিশেষ শিশুদের জন্য স্কুল ও বাসায় সমান যত্ন প্রয়োজন’। শিশুকে জোর করে কোনো কিছু করানো যাবে না বলেও পরামর্শ তাঁর। স্কুলের নির্বাহী পরিচালক ও তরী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আশফাক-উল-কবীর শিশুদের ভালোলাগাগুলোকে গুরুত্ব দেওয়ার কথা জানালেন।
মঞ্চে যেমন অনুষ্ঠান চলছিল, তেমনি মঞ্চের বাইরেও চলছিল আরেক আয়োজন। মিলনায়তনের বাইরে রাকিন তার বন্ধুদের সঙ্গে মেতে উঠেছে ‘ওপেনটি বায়োস্কোপ’ খেলায়। আর ভেতরে তখন চলছে নাটিকা পালকী। বিয়েবাড়ি, কনে সাজানো, মালা বদল নিয়ে বেশ ব্যস্ত তখন মঞ্চের অভিনেতারা।
অনুষ্ঠানের ফাঁকেই কথা হলো আনিলার সঙ্গে। এ বছর ও-লেভেল পরীক্ষায় অংশ নেবে সে। আনিলা বলে, একটু সুযোগ দিলে আমরাও অনেক কিছু করে দেখাতে পারি। তার স্বপ্ন সে ভবিষ্যতে অর্থনীতিবিদ হয়ে বিশেষ শিশুদের জন্য কাজ করবে।
অনুষ্ঠানের শেষ পরিবেশনা হিসেবে ‘আমরা করবো জয়’ গানটি গাইছিল বিশেষ শিশুরা। সে জয় করার লক্ষ্যেই তাদের যাত্রা।