এক যুগেও গ্যাস যায়নি ফটিকছড়ির চা-বাগানে
গ্যাসসংযোগ না থাকায় ফটিকছড়ির চা-বাগানগুলোতে নিয়মিত ও পর্যাপ্ত চা উৎপাদন সম্ভব হচ্ছে না। কয়লা ও তেল দিয়ে কারখানা চালাতে গিয়ে উৎপাদনপ্রক্রিয়া দীর্ঘায়িত হচ্ছে এবং কেজিপ্রতি উৎপাদন খরচও বেশি পড়ছে। বাগানগুলোতে গ্যাসসংযোগ দেওয়ার একটি প্রকল্প-প্রস্তাব এক যুগ ধরে মন্ত্রণালয়ে পড়ে আছে। একাধিক বাগানমালিক অভিযোগ করেন, ফটিকছড়ির ১৭টি চা-বাগান রপ্তানি প্রক্রিয়ায় অংশ নিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখলেও গ্যাসসংযোগ না পাওয়ায় তাঁরা আশানুরূপ উৎপাদন ও লাভের মুখ দেখছেন না। এতে তাঁরা হতাশায় ভুগছেন।অনুসন্ধানে জানা যায়, জেলার ২২টি চা-বাগানের মধ্যে শুধু ফটিকছড়িতেই রয়েছে ১৭টি। এখানকার মোট ভূমির প্রায় ২০ শতাংশজুড়ে রয়েছে এসব বাগান। দেশের প্রায় ১০ শতাংশ চা জোগান দেয় এসব বাগান। বাংলাদেশ চা সংসদের পক্ষে নাসির উদ্দিন ১৯৯৮ সালের ১৬ এপ্রিল তত্কালীন প্রধানমন্ত্রী বরাবর ফটিকছড়ির চা-শিল্পের উন্নয়নে প্রাকৃতিক গ্যাসসংযোগ স্থাপনের একটি আবেদন করেন। এ ব্যাপারে একটি প্রকল্প-প্রতিবেদন তৈরি করে দেওয়ার জন্য চা-সংসদকে দায়িত্ব দেওয়া হয়। সেই অনুযায়ী সংসদের পক্ষ থেকে একটি প্রতিবেদন তৈরি করে বাখরাবাদ গ্যাস সিস্টেম লিমিটেডে পাঠানো হয় অনুমোদনের জন্য। জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় ওই বছরের ১৭ মে ওই প্রকল্পের ব্যাপারে দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। সূত্র জানায়, অর্থবরাদ্দের জন্য প্রস্তাবটি অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হলে তত্কালীন অর্থমন্ত্রী সাইফুর রহমান জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) ২৩তম সভায় প্রকল্পটি বাদ দিয়ে সিলেটের চা-বাগানগুলোকে গ্যাসের আওতায় আনার লক্ষ্যে ২০ কোটি টাকার একটি প্রকল্পের অনুমোদন দেন। তখন থেকে থমকে আছে ফটিকছড়ির বাগানগুলোতে গ্যাসসংযোগ দেওয়ার কার্যক্রম।এদিকে গত বছর মার্চে ফটিকছড়ি-মানিকছড়ি সীমান্তের সিমুতং গ্যাস কারখানা থেকে গ্যাস তোলার কার্যক্রম শুরু হলে সেখান থেকে ফটিকছড়ির বাগানগুলোতে গ্যাসসংযোগ দেওয়ার একটি সম্ভাবনা তৈরি হয়। ২০১১ সালের শেষের দিকে সেখানকার উত্তোলিত গ্যাস উপজেলার নেপচুন চা-বাগানের ওপর দিয়ে ফটিকছড়ি-নাজিরহাট-হাটহাজারীর ফতেয়াবাদ হয়ে জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার কথা। কিন্তু স্থানীয় বাগানগুলোতে গ্যাসসংযোগ দেওয়ার ব্যাপারে কোনো কার্যক্রম না থাকায় বাগানমালিকেরা হতাশ হয়ে পড়েছেন। কর্ণফুলী চা-বাগানের ব্যবস্থাপক লুত্ফুর রহমান বলেন, ‘গ্যাসসংযোগ না থাকায় এখানকার কারখানাগুলোতে কয়লা ও তেল দিয়ে চা উৎপাদন করতে হয়। এতে খরচ কেজিপ্রতি ১৫ টাকা বেশি পড়ে। ওই বাড়তি খরচ কমাতে পারলে উৎপাদন আরও বাড়ানো যেত।’উদালিয়া চা-বাগানের ব্যবস্থাপক মৃদুল কান্তি পারিয়াল বলেন, ‘তেল-কয়লা দিয়ে যন্ত্র চালিয়ে চা উৎপাদন করে আমাদের ব্যবসার এখন যায় যায় অবস্থা। উত্কৃষ্ট চা উৎপাদন করেও আমরা বিশেষ করে ফটিকছড়ির বাগানগুলো অবহেলিত। জাতীয় অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে এখানকার বাগানগুলোতে গ্যাসসংযোগ দেওয়া খুবই জরুরি।’বাংলাদেশ চা-সংসদ চট্টগ্রামের সভাপতি কাজী এরফান উল্লাহ প্রথম আলোকে বলেন, ‘উপজেলার চা-বাগানগুলোতে গ্যাসসংযোগ দেওয়ার ব্যাপারে বাখরাবাদ গ্যাস সিস্টেম লিমিটেডে একটি প্রতিবেদন তৈরি করা আছে। সিমুতং গ্যাস কারখানায় গ্যাস উত্তোলন কাজ শুরু হলে দ্রুত সংযোগ দেওয়ার কাজটি সহজ হবে। এ ব্যাপারে এখনই কর্তৃপক্ষের উদ্যোগ নেওয়া প্রয়োজন।’ চা সংসদের সাবেক চেয়ারম্যান নাসির উদ্দিন বলেন, ‘বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের চা-বাগানগুলো চরম অবহেলিত। সরকার সিলেট অঞ্চলের চা-বাগানগুলোতেই সব সুযোগ-সুবিধা দিচ্ছে। এই বৈষম্য পরিহার করা জরুরি।’ সিমুতং গ্যাস কারখানার স্থানীয় তত্ত্বাবধায়ক মো. আনোয়ার হোসেন বলেন, ‘অগ্রাধিকার ভিত্তিতে এখানকার চা-বাগানগুলোতে গ্যাসসংযোগ দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন। আশা করছি আগামী এক-দেড় বছরের মধ্যে গ্যাস উত্তোলন প্রক্রিয়া শুরু হলে আগে এখানকার চা-বাগানগুলোতে সংযোগ দেওয়া সম্ভব হবে। বাখরাবাদ গ্যাস সিস্টেম লিমিটেডের এক কর্মকর্তা বলেন, ‘চা-বাগানে গ্যাসসংযোগের বিষয়টি আলোচনায় আছে। তবে এখনই বিস্তারিত বলা যাচ্ছে না।’ ফটিকছড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ বলেন, ‘স্থানীয়দের চাহিদা মিটিয়ে জাতীয় গ্রিডে গ্যাস দেওয়া হবে। এ লক্ষ্যে গ্যাসের চাহিদাপত্র তৈরি করা হচ্ছে। স্থানীয়দের দাবি না মিটিয়ে কোনো অবস্থাতেই জাতীয় গ্রিডে গ্যাস যেতে দেওয়া হবে না।’