মহেশখালীর মাতারবাড়ি, ধলঘাটা ও শাপলাপুর ইউনিয়নের ভেঙে যাওয়া প্রায় ২৫ কিলোমিটার বেড়িবাঁধ সংস্কার হয়নি এক যুগেও। ১৯৯৭ ও ২০০৭ সালের ঘূর্ণিঝড়ে এসব বাঁধ ক্ষতিগ্রস্ত হয়। বেড়িবাঁধের খোলা অংশ দিয়ে লোকালয়ে ঢুকছে সাগরের পানি। জোয়ারের পানিতে প্লাবিত হচ্ছে তিন ইউনিয়নের ১৫ গ্রাম। এতে চাষাবাদ ব্যাহত হচ্ছে, ভেঙে যাচ্ছে রাস্তাঘাট। আর দুর্ভোগ পোহাচ্ছেন লক্ষাধিক মানুষ। জানা গেছে, ১৯৯৭ সালের ঘূর্ণিঝড়ে শাপলাপুর, মাতারবাড়ি ও ধলঘাটার প্রায় ২৫ কিলোমিটার বেড়িবাঁধ লণ্ডভণ্ড হয়ে যায়। ২০০৭ সালের নভেম্বরে সিডর ও ২০০৯ সালের আইলার আঘাতে এসব বাঁধ ভেঙে যায়। তখন থেকে জোয়ারের সময় পানি ঢুকছে, ভাটায় নামছে।কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের (উপকূলীয় বাঁধ পুনর্বাসন প্রকল্প) উপসহকারী প্রকৌশলী মাসুদুর রাব্বি প্রথম আলোকে বলেন, ‘ধলঘাটার ৭০ নম্বর পোল্ডারের সাড়ে ছয় কিলোমিটার অরক্ষিত বাঁধ সংস্কারের জন্য ২০০৯ সালের ৩১ মার্চ প্রায় ১৫ কোটি ৬৭ লাখ টাকার দরপত্র আহ্বান করা হয়। কিন্তু ঠিকাদারের দাখিল করা কাগজপত্রে গড়মিল থাকায় দরপত্র আবার বাতিল করা হয়েছে। ফলে এলাকার বাঁধ সংস্কার নিয়ে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। এর আগেও বাঁধ সংস্কারের জন্য আরও দুইবার দরপত্র আহ্বান করা হয়। একই কারণে দরপত্রটি বাতিল করা হয়। তিনি বলেন, শিগগিরই বাঁধ সংস্কারের জন্য পূর্ণ দরপত্র আহ্বান করা হবে। বাঁধের ভাঙা অংশ দিয়ে জোয়ারের পানি ঢুকে মাতারবাড়ির তিনটি, ধলঘাটার সাতটি ও শাপলাপুরের পাঁচটি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে।সরেজমিনে দেখা যায়, উপদ্বীপ মাতারবাড়ির রাজঘাট, রাঙ্গাখালীর প্রায় তিন কিলোমিটার বেড়িবাঁধের ভাঙা অংশ দিয়ে জোয়ারের পানি ঢুকে। রাজঘাট, মধ্যম রাজঘাট ও উত্তর রাজঘাটের প্রায় দুই শতাধিক বাড়ি সাগরগর্ভে চলে গেছে বলে স্থানীয় লোকজন জানান। হুমকির মুখে পড়েছে আরও চারটি মসজিদ ও একটি মাদ্রাসা এবং শতাধিক পরিবার। মাতারবাড়ি রাজঘাট এলাকার নবির হোসেন জানান, ‘বেড়িবাঁধ সংস্কার না হওয়ায় বর্ষা এলে সাগরের জোয়ার-ভাটার কবলে পড়ে সাধারণ মানুষের দুঃখের শেষ থাকে না।’ ধলঘাট ইউনিয়নের সরাইতলার পশ্চিমে আধা কিলোমিটার, নতুন ঘোনার পশ্চিমে আধা কিলোমিটার, সুতরিয়া বাজারের দক্ষিণে প্রায় এক কিলোমিটার এবং পূর্ব দিকে প্রায় ১৫ কিলোমিটার অরক্ষিত বেড়িবাঁধ দিয়ে জোয়ারে পানি ঢুকে। এতে বেগুনবনিয়া, পণ্ডিত ডেইল, গুইজ্যার ডেইল, সরাইতলা, সুতরিয়া, খাতুরপাড়ার সাতটি গ্রামে চলছে জোয়ার-ভাটা। শাপলাপুর ইউনিয়নের প্রায় সাত কিলোমিটার অরক্ষিত বেড়িবাঁধের কারণে উত্তর দীঘিঘোনা, শাপলাপুর বাজারের পূর্বপাশে, দিনেশপুর কুতুবদিয়াপাড়া, বারিয়ারপাড়ার পূর্ব পাশে এবং জেমঘাট এলাকায় জোয়ারের পানির কারণে ৩০০ একর জমিতে চাষ করতে পারছেন না কৃষকেরা। ধলঘাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইদুল আলম জানান, ‘বাঁধ সংস্কার না হওয়ায় এলাকায় জোয়ার-ভাটার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে চিংড়িঘের।’ ধলঘাটার চেয়ারম্যান মকবুল আহমদ বলেন, বিভিন্ন সময়ে ঘূর্ণিঝড়ের আঘাতে মাতারবাড়ি-ধলঘাটার ৩২ কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে ১৮ কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ভেঙে যাওয়া বাঁধগুলো সংস্কারের জন্য কর্তৃপক্ষের কাছে বেশ কয়েকবার লিখিতভাবে জানানো হলেও কাজ হয়নি।’মাতারবাড়ির চেয়ারম্যান নুরুল ইসলাম জানান, ১৯৯১ ও ৯৭ সালের ঘূর্ণিঝড়ের পর ২০০২ সালে প্রায় এক কিলোমিটার বাঁধ সংস্কার করা হয়। রক্ষণাবেক্ষণের অভাবে তা আবার সাগরে বিলীন হয়ে যায়। শাপলাপুর ইউনিয়নের সদস্য মোহাম্মদ সায়েদুল ইসলাম জানান, ‘এলাকার প্রায় সাত কিলোমিটার বাঁধ অরক্ষিত থাকায় জোয়ার-ভাটা চলছে পাঁচটি গ্রামে। কৃষকেরা চাষ করতে পারছেন না।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেন বলেন, ‘বিধ্বস্ত বেড়িবাঁধের সংস্কার না হওয়ায় উপকূলীয় এলাকা মাতারবাড়ি, ধলঘাটা ও শাপলাপুর ইউনিয়ন হুমকির মুখে পড়েছে। দুর্যোগ হলে এলাকার লক্ষাধিক মানুষের প্রাণহানির আশঙ্কা রয়েছে। পানি উন্নয়ন বোর্ডকে অনেকবার বলা হলেও কোনো কাজ হয়নি।’ কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী কাজী নজরুল ইসলাম জানান, উপকূলীয় দ্বীপ মাতারবাড়ি ও ধলঘাটার অরক্ষিত বেড়িবাঁধ সংস্কারের জন্য কর্তৃপক্ষের কাছে বরাদ্দ চেয়ে আবেদন করা হয়েছে। বরাদ্দ পেলে সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।’