
নতুন বছরের প্রথম সকালটা বড় চমক হয়েই ধরা দিল যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসবাসীর কাছে। চমকটা হজম করতেও যথেষ্ট সময় লাগবে তাদের। কারণ, তাদের চেনা বিশ্বখ্যাত হলিউড সাইনটা যে বদলে গেছে! নববর্ষের রাতেই কেউ কৌশলে সবার দৃষ্টি এড়িয়ে ইংরেজি ‘হলিউড’ শব্দের ‘ও’ অক্ষর দুটোকে ‘ই’তে বদলে দিয়েছে। ফলে তা হয়ে গেছে ‘হলিউইড’।
লস অ্যাঞ্জেলেসের পুলিশ কর্মকর্তা ক্রিস্টোফার গারসিয়া বলেন, রোববার রাতের কোনো একসময় সবার নজর এড়িয়ে কাজটা করা হয়েছে। কোনো দুর্বৃত্ত ত্রিপলের টুকরা দিয়ে ‘ও’ অক্ষর দুটি বদলে দিয়েছে।
ক্রিস্টোফার গারসিয়া বলেন, সিকিউরিটি ক্যামেরায় ধারণকৃত একটি ভিডিওতে স্থানীয় সময় রাত দুইটার দিকে এক ব্যক্তিকে সাইনের খুব কাছে দেখা গেছে। ধারণা করা হচ্ছে, তিনিই কাজটি করেছেন। তবে রাতের আঁধার ও বৃষ্টি তাঁর চেহারা এতটাই অস্পষ্ট করে দিয়েছে যে তাঁর উচ্চতাও ঠিকভাবে ধরা যাচ্ছে না। তিনি আরও বলেন, স্থানীয় সময় বেলা ১১টার দিকে কর্তৃপক্ষ ত্রিপলের টুকরাগুলো নামিয়ে আনে। এরপরই প্রকৃত চেহারা ফিরে পায় হলিউড সাইন।
লস অ্যাঞ্জেলেস শহরের কাউন্সিলর ডেভিড রিউয়ের মুখপাত্র এস্তেভান মোনতেমায়োরও রোববার সকালে বলেন, ‘কে এই কাজটা করেছে আমরা জানি না।’
পুলিশ কর্মকর্তা ক্রিস্টোফার গারসিয়া বলেন, হলিউড সাইনে সেন্সর থাকলেও সেগুলো ৪৫ ফুট লম্বা অক্ষরগুলোর নির্দিষ্ট কয়েকটি স্থানে বসানো। এই সেন্সরগুলো সরাসরি পুলিশের নিয়ন্ত্রণকক্ষে অ্যালার্ম বাজাতে সক্ষম। কিন্তু যে দুর্বৃত্ত হলিউডের নাম বদলে দিয়েছে, সে ওই সেন্সরগুলো এড়িয়ে গেছে। সাইনটির পেছনে হাঁটা পথ রয়েছে। দুর্বৃত্ত ওই পথেই এসেছে বলে ধারণা করা হচ্ছে।
হলিউড সাইনের রক্ষণাবেক্ষণ, সংস্কার ও নিরাপত্তার দায়িত্বে থাকা প্রতিষ্ঠান হলিউড সাইন ট্রাস্টের সঙ্গে সংশ্লিষ্ট বেৎসি ইসরোয়েলিত বলেন, এর আগে ১৯৭৬ সালে একবার হলিউড সাইনকে বদলে ‘হলিউইড’ করে দিয়েছিল দুর্বৃত্তরা। এরপরও কয়েক দফায় এই সাইন বিকৃত করার চেষ্টা হয়েছে।