এক লাখ কেজি ওজন কমাতে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্থূলতা কমাতে হাঁটছেন এক ব্যক্তি। সম্প্রতি স্পেনের নারন শহরে।  এএফপি
স্থূলতা কমাতে হাঁটছেন এক ব্যক্তি। সম্প্রতি স্পেনের নারন শহরে। এএফপি

স্থূলতা দিনে দিনে বড় সমস্যা হয়ে দেখা দিচ্ছে। এ কারণে ইউরোপের দেশগুলোসহ বিভিন্ন দেশেই স্থূলতার ব্যাপারে সচেতনতা সৃষ্টির চেষ্টা চলছে। এ ক্ষেত্রে স্পেনের নারন শহর কিছুটা হলেও এগিয়ে। এই শহরে এমন কর্মসূচি পরিচালিত হচ্ছে, যার লক্ষ্য ২০২০ সাল নাগাদ শহরের অধিবাসীদের ওজন মোটের ওপর এক লাখ কেজি কমানো।

আটলান্টিক মহাসাগরের উপকূলে স্পেনের গালিসিয়া অঞ্চলের ছোট একটি শহর নারন। এখানকার অধিবাসীর সংখ্যা ৪০ হাজার। তাদের মধ্যে ৯ হাজার অধিবাসীর ওজনই স্বাভাবিকের চেয়ে বেশি। আর তিন হাজার অধিবাসী স্থূলতাজনিত সমস্যায় ভুগছে। এমনটা হবেই-বা না কেন? স্প্যানিশ সোসাইটি অব কার্ডিওলজির সাম্প্রতিক গবেষণার তথ্যমতে, স্পেনের গালিসিয়া অঞ্চলের মানুষেরা বেশ ভোজনরসিক। আর এ কারণে তাদের মধ্যে মুটিয়ে যাওয়ার আশঙ্কা বেশি।

তবে ধীরে ধীরে সচেতন হয়ে উঠছে নারনবাসী। ওজন কমাতে খাবারের তালিকা থেকে বেশি ক্যালরিযুক্ত খাবারগুলো কাটছাঁট করেছে তাদের অনেকে। সেই সঙ্গে খেলাধুলা ও ব্যায়ামও শুরু করেছে তারা। কেবল বয়স্করাই নন, শিশু-কিশোরেরাও ওজন কমানোর কর্মসূচিতে অংশ নিচ্ছে। এই কর্মসূচির পেছনে বিশেষ ভূমিকা রয়েছে নারনের কার্লোস পিনেইরো নামের স্থানীয় এক চিকিৎসকের। তিনিসহ এই শহরের আরও বেশ কয়েকজন চিকিৎসক গত জানুয়ারি মাসে এই কর্মসূচি হাতে নেন।

৬৩ বছর বয়সী কার্লোস পিনেইরো বলেন, একুশ শতকে এসে মানুষ ভুলেই গেছে যে হাঁটার জন্যই তাঁর জন্ম। তিনি জানান, তাঁদের কর্মসূচিতে নারনের চার হাজারের বেশি অধিবাসী অংশ নিচ্ছে।

কার্লোস পিনেইরো বলেন, ভৌগোলিক অবস্থানের কারণে গালিসিয়ায় প্রায়ই বৃষ্টি হয়। এ কারণে এখানকার অধিবাসীরা বাইরের তুলনায় ঘরেই সময় কাটায় বেশি। আর ঘরে সময় কাটানোর অর্থ, বেশি বেশি খাবার খাওয়া। তিনি জানান, তাঁদের কর্মসূচিতে সমর্থন জানাতে নারনের মেয়র ও তাঁর কাউন্সিলররা জনসমক্ষে নিজেদের ওজন পরিমাপ করেছেন। নিয়মিত ব্যায়ামও করছেন তাঁরা।

ওজন কমানোর কর্মসূচিতে নিয়মিত অংশ নিচ্ছেন ৫৫ বছর বয়সী নারী মারিয়া টেরেসা রদ্রিগেজ। তিনি বলেন, ‘বন্ধুদের সঙ্গে নিয়ে আমি নিয়মিত হাঁটি। গত মার্চে আমার ওজন ছিল ৮২ কেজি। এখন কমে ৭০ কেজিতে দাঁড়িয়েছে।’

কার্লোস পিনেইরো বলেন, ২০২০ সাল নাগাদ নারন শহরের অধিবাসীদের ওজন এমন পরিমাণ কমানোর লক্ষ্য তাঁদের, যাতে মোটের ওপর কমা ওজনের পরিমাণ যেন এক লাখ কেজি হয়।