এক লোক ও এক শিকারি

এক লোক একদিন বনে বেড়াতে গেল। লোকটি ঘুরতে ঘুরতে দেখল, এক শিকারি তির ছুঁড়ছে। সামনে একটি হরিণ। ভাগ্যিস, তিরটি হরিণের গায়ে না লেগে পাথরে গিয়ে লাগল।
লোকটি সামনে গিয়ে শিকারিকে বলল, ‘ভাই, তুমি যে শিকার করছ, এটা তোমার বুদ্ধি দিয়ে করছ তো?’
শিকারি বলল, ‘বুদ্ধির আবার কী দরকার? শিকার করতে তো শক্তি লাগে। আমি যে তির টানছি, এতে তো শক্তি লাগে।’
লোকটি বলল, ‘তা লাগে। কিন্তু বুদ্ধিরও দরকার আছে। প্রাণীটা কত দূরে আছে, কীভাবে তির ছুড়লে ওর গায়ে লাগবে—এসবের জন্য বুদ্ধি দরকার না? দেখো, তুমি এই কাগজটা গাছের ওপারে পাঠাতে পারবে? পারবে না। কাগজটা যদি তুমি দলা পাকাও তাহলে কিন্তু এটা ছুড়ে গাছের ওপারে পাঠানো যাবে। আর শোনো, শিকার করা ভালো নয়। এতে নিরীহ প্রাণী মারা পড়ে। ভাবো তো, আমাদের যদি কেউ শিকার করত, তাহলে আমাদের কেমন লাগত?’
শিকারিটি তার ভুল বুঝতে পেরে বলল, ‘আমি আর কোনো দিন শিকার করব না!’
তৃতীয় শ্রেণি, নালন্দা উচ্চবিদ্যালয়