এক শ টাকা ফাইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় বন্ধু সমাবেশ ২০১৬ উপলক্ষে বন্ধুসভার কক্ষে ঢাকা মহানগর বন্ধুসভার প্রস্তুতি
জাতীয় বন্ধু সমাবেশ ২০১৬ উপলক্ষে বন্ধুসভার কক্ষে ঢাকা মহানগর বন্ধুসভার প্রস্তুতি

আবেগে টগবগ করছে বন্ধুরা। আর মাত্র চার দিন পরই মিলনমেলা বসছে গাজীপুরের মৌচাকে। টেলিফোন বেজে উঠলেই এখন নিশ্চিত ধরে নিই এটা সমাবেশ-বিষয়ক ফোন। সত্যি তা-ই হচ্ছে। বন্ধুরা বসছে বৈঠকে। কারা কারা আসবে, কাকেই বা বাদ রাখবে। কে গাইবে, কে নাচবে, দলনেতা কে হবে। হিসাব কষছে, দলে এক-তৃতীয়াংশ নারী সদস্য হচ্ছে তো।
ঢাকা থেকে জেনে নেওয়া হচ্ছে সাংস্কৃতিক পর্বে কারা অংশ নেবে। গানের কথা, শিল্পীর নাম। নাটক, আবৃত্তি বা অন্যান্য বিষয়ে কারা অংশ নিচ্ছে তার আদ্যোপান্ত। কারণ আমরা বন্ধুসভার শিল্পীদের নাম জাতীয় সমাবেশের স্যুভেনিতে ছাপাতে চাই।
কোন বন্ধুসভা থেকে কতজন আসবে, তা আমরা নির্ধারণ করে দিয়েছি। সংগত কারণেই এ সংখ্যা আর বাড়ানো যাচ্ছে না। অনেক জায়গা থেকেই আসছে সংখ্যা বাড়ানো-বিষয়ক ফোন। কয়েকটি বন্ধুসভাকে ফোন করেছিলাম। আপনারা মঞ্চে কী করছেন, উত্তরে বলছেন, কিছুই না। কেন? কারণ বলেছেন, আমাদের বন্ধুসভায় ফাটাফাটি পারফরমার নেই। জাতীয় সমাবেশের মঞ্চ যাতে থাকে বেস্ট পারফরমারদের। কথাটা খারাপ বলেননি তিনি। প্রায় পুরো অনুষ্ঠানই রেকর্ড করবে চ্যানেল আই। তাই সবদিকেই আমাদের প্রস্তুতি যেন ভালো থাকে।
কয়েকটি বন্ধুসভার বন্ধুরা টেলিফোনে আমাকে তাদের মহড়ার আওয়াজ শুনিয়েছে। তাদের মধ্যে সে কি উচ্ছ্বাস। তাঁবুবাস নিয়ে তাদের বেজায় কৌতূহল। ব্যাগবন্দী করছে শীতের পোশাক। বন্ধুমেলা বা বন্ধু উৎসব করি অঞ্চলভিত্তিক। এ তো আর তা নয়। সারা দেশের প্রথম আলো বন্ধুসভার বন্ধুরা এক হচ্ছি, মুখোমুখি হচ্ছি। ভাব-মতামতের হবে আদান-প্রদান।
বন্ধুসভা পরিবারের মিলনমেলা।
ঢাকা মহানগরে একটি টিম সৈয়দ মুনিরের নেতৃত্বে কাজ করছে এক সপ্তাহ ধরে। পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান। তাঁবু টানানো থেকে শুরু করে সব ধরনের কাজ নিয়ে তিনি ব্যস্ত রয়েছেন।
২১টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে সব আয়োজনের কাজ। শেষে কোনো ভুলত্রুটি না হয়। এই ক্যাটাগরিতে আমরা ঢাকার বাইরের বন্ধুসভার সদস্যদেরও যুক্ত করব। সবার প্রচেষ্টায়-সহযোগিতায় এই উৎসব শতভাগ সফল একটি জাতীয় সমাবেশ হতে যাচ্ছে আগামী ১ ও ২ জানুয়ারি মৌচাকে।
পুনশ্চ, স্কাউট মাঠে প্রবেশের পর অনেক নিয়মকানুন আমাদের পালন করতে হবে। তার একটি এখানে উল্লেখ করি। যাদের মুখে হাসি থাকবে না, রামগড়ুরের ছানাদের, একবার মুখ গোমড়া করে থাকলেই ১০০ টাকা ফাইন দিতে হবে।
সভাপতি, প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ