এক শহীদ ও একটি সড়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের কোতোয়ালি থানার আইস ফ্যাক্টরি রোড। এই সড়কেই সম্মুখযুদ্ধে শহীদ হয়েছিলেন রফিক আহম্মদ। ছবি: জুয়েল শীল
চট্টগ্রামের কোতোয়ালি থানার আইস ফ্যাক্টরি রোড। এই সড়কেই সম্মুখযুদ্ধে শহীদ হয়েছিলেন রফিক আহম্মদ। ছবি: জুয়েল শীল

একাত্তরে সন্তানহারা এক মা কাঁদতে কাঁদতে বিলাপের সুরে বলেছিলেন—‘ঘরে হাসে, ঘরে কাঁদে/ ঘরে মানুষ তোয়ায়/ সুন্দর ঘরগান ছাড়ি গেলগুই/ আঁঁ-র// উগগা পোয়ায়। (ঘর হাসে, ঘর কাঁদে, ঘর মানুষ খোঁজে। আমার ঘর ছেড়ে চলে গেল আমার ছেলে)। কখনো কখনো তাহলে প্রাণহীন বস্তুও কোনো চরিত্রের মতো হয়ে ওঠে। কাঁদে কিংবা হাসে। সন্তানহারা মায়ের সেই ঘরের মতো চট্টগ্রাম নগরের একটি সড়কও যেন এ রকম কেঁদে ওঠে।
চট্টগ্রাম সিটি কলেজের সামনে দিয়ে চলে যাওয়া সড়কটির দুই পাশে ঘন সারিবদ্ধ দোকানপাটে ইলেকট্রনিকসের যন্ত্রাংশ বিক্রি রমরমা। টিভির যন্ত্রাংশ কিংবা মাইকের দোকানগুলো সড়কের চেহারাই পাল্টে দিয়েছে। অথচ কয়েক দশক আগে কয়েকটি চুনের দোকান ছাড়া তেমন কিছুই ছিল না এই সড়কটিতে। কলেজিয়েট স্কুল পেরিয়ে বাঁয়ে বেঁকে এ সড়ক চলে গেছে স্ট্র্যান্ড রোডের দিকে। লোকে আইস ফ্যাক্টরি রোড নামে চেনে একে। কিন্তু আনুষ্ঠানিক নাম শহীদ রফিক আহম্মদ সড়ক।

শহীদ মুক্তিযোদ্ধা রফিক আহম্মদ। ছবি: সংগৃহীত
শহীদ মুক্তিযোদ্ধা রফিক আহম্মদ। ছবি: সংগৃহীত

কে এই শহীদ রফিক আহম্মদ? তাঁর নামের সড়কটি কেন পুরোনো নামের ধুলার নিচে ঢাকা পড়ে আছে আজও। সিটি কলেজ পার হয়ে দুই মিনিট হাঁটার পর ছোট্ট একটা কালভার্ট। বিস্মৃতির ধুলার নিচে সেই কালভার্টও বুঝি গুমরে মরছে। ১৯৭১ সালে এই কালভার্টের আশপাশেই তুমুল প্রতিরোধ গড়েন রফিক, শফিউল আর ভোলানাথরা। সড়কটির গায়ে খোদাই করা সেদিনকার গল্পটা জেনে নেওয়া যাক।
চট্টগ্রামের মুক্তিযোদ্ধারা পড়েছেন ভীষণ অর্থকষ্টে। এত মুক্তিযোদ্ধার থাকা-খাওয়ার টাকা জোগাড় করা কঠিন। তাই সেদিন সরকারি কোষাগারের টাকা লুটের সিদ্ধান্ত হয়। ১৯৭১ সালের ১ নভেম্বর।
গেরিলা অভিযান
মুক্তিযোদ্ধারা জানতে পারলেন স্টেট ব্যাংক অব পাকিস্তান, চট্টগ্রাম শাখা থেকে কাস্টম হাউসে কর্মরত স্টাফদের বেতনের টাকা একটি মাইক্রোবাসে করে কাস্টম হাউসে নিয়ে যাওয়া হবে। এই খবর তাঁদের দিয়েছিল তাঁদেরই গোয়েন্দা এজেন্ট। হাইকমান্ড সিদ্ধান্ত নেয় সেই মাইক্রোবাসেই হামলা চালানো হবে। এই অপারেশনের দায়িত্ব পান মুক্তিযোদ্ধা রফিক আহম্মদ, শফিউল বাশার, ভোলানাথ, অমল মিত্র ও ফজলুল হক ভূঁইয়া। তাঁরা অভিযানে বেরিয়ে পড়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত সময়ের হেরফেের অপারেশনটি ভন্ডুল হয়ে যায়। তাতে মুক্তিযোদ্ধারা হতাশ না হয়ে তাত্ক্ষণিক সিদ্ধান্ত নেন কিছু পাকিস্তানি বাহিনীর ওপর ঝটিকা হামলার। গেরিলা দলটি শহরের বিভিন্ন জায়গায় ঘুরে নিউমার্কেটের মোড়ে এসে দেখতে পায় একজন পাকিস্তানি সেনা অফিসার কলেজের মোড়ে আইডিয়াল বুক স্টলের সামনে দাঁড়িয়ে ম্যাগাজিনের পাতা ওল্টাচ্ছে। অফিসারটির কোমরে একটি রিভলবার ঝুলে আছে। তাত্ক্ষণিক সিদ্ধান্তে গাড়ি থেকেই রফিক সেনা অফিসারকে লক্ষ্য করে রিভলবারের গুলি ছোড়েন। আর শফিউল বাশার সেনা অফিসারের কোমর থেকে ঝুলন্ত রিভলবারটি ছিনিয়ে নেন। ঠিক এমন সময় বুক স্টলটির অপর পাশে রাস্তায় দাঁড়ানো পাকিস্তানি সেনাবাহিনীর একটি জিপ থেকে তিন-চারজন পাকিস্তানি সেনা তাঁদের স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে গুলি করা শুরু করে। একটি গুলি এসে শফিউল বাশারের ডান পায়ে বিদ্ধ হয়।
রফিক আহম্মদ এবং গুলিবিদ্ধ শফিউল বাশার কোনো রকমে তাঁদের ফিয়াট গাড়িতে উঠতে সক্ষম হন। আইস ফ্যাক্টরি রোড ধরে সিটি কলেজের দিকে গাড়ি চলতে থাকে। গাড়ি চালাচ্ছিলেন সাহসী মুক্তিযোদ্ধা ভোলানাথ। পাকিস্তানি বাহিনীর জিপটিও তাঁদের অনুসরণ করতে করতে গুলি ছুড়তে থাকে। এদিকে পাল্টা জবাব দিয়ে যাচ্ছিলেন মুক্তিযোদ্ধারাও। এর মধ্যে গাড়ির চালক ভোলানাথ গুলিবিদ্ধ হলেন। ফিয়াট গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে আইস ফ্যাক্টরি রোডের একটি চুনের দোকানের সামনে দাঁড়িয়ে যায়। ভোলানাথ পিঠে গুলি নিয়ে কৌশলে লাফ দিয়ে একটি গলিতে পালিয়ে যান। অপর মুক্তিযোদ্ধা ফজলুল হক সাব মেশিনগান হাতে নিয়ে গুলি করতে থাকেন আর্মির গাড়ি লক্ষ্য করে। তাঁর গুলিতে তিন পাকিস্তানি সেনা নিহত হয়।
সেদিনের অভিযান সম্পর্কে স্মৃতিচারণা করলেন মুক্তিযোদ্ধা সংসদ মহানগর কমান্ডের সাবেক সিটি কমান্ডার আবু সায়েদ সরদার। জানালেন, ‘রফিক আহম্মদ, অমল মিত্র ও গুলিবিদ্ধ শফিউল বাশার ফজলুল হকের ফায়ারিংয়ের কভারে গাড়ি থেকে নেমে পড়েন। অমল মিত্র কোনো রকমে পাশের ড্রেনে লাফিয়ে পড়ে নিরাপদ দূরত্বে চলে যান। শফিউল বাশার আবারও গুলিবিদ্ধ হলেন। আর মুক্তিযোদ্ধা রফিক আহম্মদ শত্রুর বুলেটের আঘাতে আইস ফ্যাক্টরি রোডে নিথর পড়ে রইলেন।’
ওই অভিযানে অংশ নেওয়া মুক্তিযোদ্ধা অমল মিত্র বললেন, ‘সেদিনের অভিযানে রফিক আহম্মদ ঘটনাস্থলে মারা যান, শফিউল বাশার (বর্তমানে ডেপুটি অ্যাটর্নি জেনারেল) পায়ে গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হন, ভোলানাথের পিঠে গুলি লাগে, সেই গুলি নিয়েই তিনি বহুদিন বেঁচেছিলেন, আমি আর ফজলুল হক ভূঁইয়া বেঁচে যাই।’
সেদিন পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাঁদের দোসররা মুক্তিযোদ্ধা রফিকের প্রাণহীন দেহকে লাঞ্ছিত করেছে। শহীদের রক্তে রঞ্জিত আইস ফ্যাক্টরি সড়ক এখনো আছে। তিনি নিহত হওয়ার কয়েক দিন পরেই দেশ শত্রুমুক্ত হয়। কিন্তু শহীদ রফিকের নাম তাঁর রক্তের চিহ্নের মতো মুছে গেছে আমাদের হৃদয় থেকে। শহীদের নামে নামকরণ করা সেই সড়কটির কোনো সাইনবোর্ডেই তাঁর নাম দেখা যায় না।
বুকে শহীদের নাম
এই সড়কেই আছে দুটি বিখ্যাত শিক্ষাপ্রতিষ্ঠান। চট্টগ্রাম সরকারি সিটি কলেজ ও চট্টগ্রাম কলেজিয়েট স্কুল। এখানকার শিক্ষার্থীরা যখন বলে আমাদের কলেজ কিংবা স্কুলের সামনের সড়কটির নাম ‘আইচ ফ্যাক্টরি রোড’, তখন সড়কটি যেন আকুল হয়ে কাঁদে আর বলে, ‘তোমরা আমায় আর ইংরেজি নামে ডেকো না, আমার গায়ে শহীদের রক্ত। তোমরা আমাকে সেই শহীদের নামে ডাকো।’