এ রকম জাঁকালো শীতেও চন্দ্রিমা উদ্যানে মানুষের হেঁটে চলা!কুয়াশায় ঢাকা পায়েচলা পথ। রোদ্দুরের দেখা নেই। ঘড়ির কাঁটা বলছে, সূর্যের আড়মোড়া ভাঙার সময় হয়েছে আগেই। কিন্তু এখনো কুয়াশার দুধ-সাদা আবরণে ঢাকা উদ্যান, এখনো ভোরের শিশিরে ভেজা ঘাস।এরই মাঝে আকরাম খান। বাংলাদেশ ক্রিকেট দলের আকরাম খান! আইসিসি ট্রফিতে অনবদ্য ব্যাটিং করে বাংলাদেশকে পৌঁছে দিলেন যিনি গর্বের উচ্চতায়, সেই আকরাম খান। প্রতিদিনই এখানে হাঁটতে আসেন তিনি। কানে এয়ারফোন, কিছু শুনতে শুনতে হাঁটা; আজও কুয়াশা ভেদ করে হঠাত্ দৃশ্যমান হন তিনি। কথা বলতে চাইলে অমায়িক হাসিতে ভরিয়ে দেন চারপাশ। দুজন পুলিশ সদস্য এসে দাঁড়ান সামনে। বলেন, অনেক দিন ধরে ভাবছি, আপনার সঙ্গে হাত মেলাব। আকরাম খান বাড়িয়ে দেন তাঁর হাত। তাঁদের অনেক দিনের ভাবনা পেয়ে যায় বাস্তবের ছোঁয়া। ক্রিকেট তো আপনার অস্থি-মজ্জায়। এখনো ক্রিকেট নিয়ে ভাবেন তো?হ্যাঁ, হ্যাঁ। ওটা ছাড়া যাবে না। আমি তো এখন দলের একজন নির্বাচক। ক্রিকেট নিয়েই থাকি। কখন আসেন চন্দ্রিমায়?বাচ্চাদের স্কুল থাকলে আটটায়, নইলে সাতটায়। এক ঘণ্টা হাঁটি।বাড়ি ফিরে কী করেন? নাশতা খাই। রুটি-ভাজিই পছন্দ।দুপুরে?ভাত, সবজি, মাছ।চট্টগ্রামের মানুষ আপনি! গরুর মাংস পছন্দ করেন না?এবার আকরাম খানের চেহারায় একটু কষ্ট বুঝি ফুটে ওঠে। আমরা নিশ্চিত হই, গরুর মাংসের জন্য তাঁর মন উচাটন। কিন্তু নির্দিষ্ট একটি কারণে এই সুস্বাদু খাবারটি তিনি বেশি খেতে পারেন না। পারিবারিকভাবেই ডায়াবেটিস, হূদরোগের ঐতিহ্য আছে তাঁদের। বললেন, আমার ভাই ইকবাল খান, মানে তামিমের বাবা তো অল্পবয়সে মারা গেল এসব রোগেই। তাই খাওয়ার ব্যাপারে একটু নিয়ম মেনে চলার চেষ্টা করি।নাশতা খেয়ে কী করেন?কিছু কাজ করেই প্রশিক্ষণ দেখতে চলে যাই; ১০টা থেকে সেখানেই।অবসরে?এখন বাড়িতে বেশি সময় দিই। আগে তো খেলার কারণে বাড়িতে সময়ই দিতে পারতাম না, এখন দিতে হয়। তবে মজা হয়, যখন টেলিভিশন দেখতে বসি—আমি চাই ক্রিকেট, বড় ছেলেটা সিনেমা আর ছোটটা কার্টুনের পোকা।আর ভাবি?তিনি যখন যেটা ভালো লাগে দেখেন।আমাদের সামনেই কয়েকজন ছিন্নমূল শিশু পাতায় আগুন জ্বালিয়ে তারই উত্তাপে নিজেদের উদ্দীপ্ত করার চেষ্টা করে যাচ্ছিল। আকরাম খান সেদিকে তাকান। তারপর অস্ফুট কণ্ঠে বলেন, শীতে হাঁটতে ভালো লাগে। কিন্তু খুব কষ্ট হয় এদের দেখে। ঢাকায় তবু কোনো না কোনোভাবে শীতের কাপড় জুটে যায়। কিন্তু প্রত্যন্ত অঞ্চলে অবস্থা খুব খারাপ। একটু শীতের কাপড় যদি জোগাড় করে দেওয়া যেত গরিব-দুঃখিদের জন্য। আমার যদি সামর্থ্য থাকত, তাহলে দেশের গরিবদের শীতে কষ্ট পেতে দিতাম না।একটা দীর্ঘশ্বাসের পর ধীরে ধীরে গন্তব্যের দিকে চলে যান জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।