এক সন্তান, তিন বাবা-মা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই নারী ও এক পুরুষের ডিএনএ নিয়ে সন্তান জন্মদানের প্রক্রিয়াটিকে নিয়ন্ত্রণ করতে পারলে অনেক শিশু মাইটোকন্ড্রিয়া ত্রুটিজনিত মারণ ব্যাধির হাত থেকে রেহাই পেতে পারে। ছবিটি প্রতীকী।
দুই নারী ও এক পুরুষের ডিএনএ নিয়ে সন্তান জন্মদানের প্রক্রিয়াটিকে নিয়ন্ত্রণ করতে পারলে অনেক শিশু মাইটোকন্ড্রিয়া ত্রুটিজনিত মারণ ব্যাধির হাত থেকে রেহাই পেতে পারে। ছবিটি প্রতীকী।

দু‌ই নারী ও এক পুরুষের ডিএনএ নিয়ে সন্তান জন্মদানের অনুমোদন দেওয়ার পক্ষে-বিপক্ষে আজ ভোটাভুটি হচ্ছে যুক্তরাজ্যের হাউস অব কমন্সে। মায়ের কাছ থেকে সন্তানের শরীরে জটিল জিনগত রোগের বিস্তার ঠেকাতেই মূলত এ বৈজ্ঞানিক পদ্ধতির উদ্ভাবন করেছেন ব্রিটিশ চিকিৎসাবিজ্ঞানীরা। কিন্তু এ পদ্ধতির প্রয়োগ নিয়ে ধর্মীয় নেতৃত্বসহ সমাজের বিভিন্ন স্তরে চলছে তুমুল বিতর্ক। এ প্রস্তাব পাস হলে যুক্তরাজ্যই হবে এক সন্তানের তিন জৈবিক বাবা-মায়ের বিধান পাস করা প্রথম দেশ। খবর বিবিসির।

মানব শরীরের প্রায় প্রতিটি কোষে থাকা একটা ছোট্ট অংশের নাম মাইটোকন্ড্রিয়া, যা খাদ্যকে শরীরে ব্যবহারযোগ্য শক্তিতে পরিণত করে। কিন্তু মায়ের শরীর থেকে ত্রুটিপূর্ণ মাইটোকন্ড্রিয়া সন্তানের শরীরে যেতে পারে। আর এ ত্রুটিপূর্ণ মাইটোকন্ড্রিয়া সন্তানের মস্তিষ্কের ক্ষয়, পেশি কোষের ক্ষয় থেকে শুরু করে অন্ধত্ব তৈরি এমনকি হৃৎপিণ্ড বিকল করতে পারে।

মাইটোকন্ড্রিয়ার চিকিৎসা

যুক্তরাজ্যের সান্ডারল্যান্ডের শ্যারন বারনারদির সাত সন্তানই মাইটোকন্ড্রিয়ার ত্রুটিজনিত রোগে আক্রান্ত হয়ে মারা যায়। তাঁর সাত সন্তানের মধ্যে বেঁচে থাকা সর্বশেষ ছেলে অ্যাডওয়ার্ড ২১ বছর বয়সে গত বছর মারা যান। বিজ্ঞানীরা বলছেন, দুই নারী ও এক পুরুষের ডিএনএ নিয়ে সন্তান জন্মদানের প্রক্রিয়াটিকে নিয়ন্ত্রণ করতে পারলে বারনারদির মতো নারী ও তাঁদের সন্তানেরা এই মারণ ব্যাধির হাত থেকে রেহাই পেতে পারেন।

এই পদ্ধতিতে ‘আইভিএফ’ বা ‘ইন ভিট্রো ফার্টিলাইজেশন’-এর মাধ্যমে সন্তান জন্মদানের প্রক্রিয়ার আরও জটিল রূপান্তর ঘটানো হয়েছে। মাইটোকন্ড্রিয়া রোগে আক্রান্ত নারীরা সন্তান জন্মদানের ক্ষেত্রে এই চিকিৎসা নিতে পারেন। এতে সন্তান জন্মদানে ইচ্ছুক নারী-পুরুষের ডিএনএর সঙ্গে সুস্থ মাইটোকন্ড্রিয়া অধিকারী আরেক নারীর কাছ থেকে ডিএনএ নেওয়া হবে। এভাবে জন্ম নেওয়া সন্তান জৈবিক বাবা-মায়ের ডিএনএর পাশাপাশি দাতা নারীর ডিএনএর মাত্র ০ দশমিক ১ শতাংশ পাবে। কিন্তু এতেই শিশুটি ত্রুটিপূর্ণ মাইটোকন্ড্রিয়ার হাত থেকে রেহাই পাবে এবং প্রজন্ম থেকে প্রজন্মান্তরে তা অব্যাহত থাকবে।

তিন মানুষের এক সন্তান

দীর্ঘ গবেষণার পর যুক্তরাজ্যের নিউ ক্যাসল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা এই চিকিৎসা-পদ্ধতিতে সাফল্যের দাবি করার পর ব্রিটিশ সরকার এতে নীতিগত সমর্থন দেয়। ‘থ্রি-পারসনস বেবি’ নামে বহুল আলোচিত-সমালোচিত এই বিল শেষ পর্যন্ত হাউস অব কমন্সে গড়ায়। এমপিদের বলা হয় তাঁরা যেন দলীয় নীতি চিন্তা না করে এই প্রস্তাবের ‘নৈতিক দিক’ বিবেচনা করে ‘বিবেকের’ সাড়ায় এ ভোটে অংশ নেন।

নিউ ক্যাসল বিশ্ববিদ্যালয়ের এই গবেষণায় নেতৃত্বদানকারী বিজ্ঞানী ‘ওয়েলকাম ট্রাস্ট সেন্টার ফর মাইটোকন্ড্রিয়া রিসার্চ’-এর পরিচালক অধ্যাপক ডাউগ টার্নবুল এই প্রস্তাবের পক্ষে ভোট দেওয়ার জন্য এমপিদের প্রতি আহ্বান জানিয়েছেন। বিবিসিকে তিনি বলেন, ‘এটা এমন এক গবেষণা, যা রোগীদের ইচ্ছা বাস্তবায়নে পরিচালিত, রোগীদের সমর্থনে পরিচালিত এবং রোগীদের স্বার্থে পরিচালিত এবং এটাই খুব গুরুত্বপূর্ণ বার্তা।’

পক্ষে-বিপক্ষে বিতর্ক

‘থ্রি-পারসনস বেবি’ প্রস্তাব পাস করতে অধ্যাপক ডাউগ টার্নবুলের আহ্বানকে ব্রিটেনের নোবেল বিজয়ী বিজ্ঞানীরাসহ ১৪টি দেশের ৪০ জন নেতৃস্থানীয় বিজ্ঞানী সমর্থন করেছেন। কিন্তু সবাই এই চিকিৎসা-পদ্ধতির অনুমোদন দেওয়ার পক্ষে নন। গত সপ্তাহে ইংল্যান্ডের ক্যাথলিক ও অ্যাংলিকান গির্জার নেতারা বলেছেন, এই চিন্তা নিরাপদ ও নৈতিক নয়। কেননা এই প্রক্রিয়ায় ভ্রূণ নষ্ট করতে হয় বা এর রূপান্তর ঘটাতে হয়। এ ছাড়া হিউম্যান জেনেটিকস অ্যালার্টসহ আরও কয়েকটি সংগঠন সতর্কতা জানিয়ে বলেছে, এতে অনুমোদন দিলে তা ভবিষ্যতে সন্তানের জিনগত পরিবর্তনের দরজা খুলে দিতে পারে। অবশ্য, নুফিল্ড কাউন্সিল অন বায়োটিকসের মতো প্রতিষ্ঠান এবং ইংল্যান্ডের সন্তান-ধারণে উর্বরা-সংক্রান্ত চিকিৎসায় সরকারি নিয়ন্ত্রকের এই চিকিৎসা প্রস্তাবকে ‘নৈতিক’ বলেই সমর্থন দিয়েছে।

সতর্কতার আহ্বান

হিউম্যান ফার্টিলাইজেশন অ্যান্ড এমব্রায়োলজি অথরিটি (এইচএফইএ) এই থ্রি-পারসনস বেবি পদ্ধতির ওপর পরপর তিনটি পর্যালোচনা চালিয়ে একে ‘অনিরাপদ নয়’ বলে ঘোষণা দিয়েছে। কিন্তু এর পরও কিছু বিজ্ঞানী বলছেন, ওই পর্যালোচনাগুলো যথাযথ হয়নি। সারে বিশ্ববিদ্যালয়ের ডক্টর টেড মরো বলেন, ‘নিরাপত্তা নিয়ে আমার কিছু উদ্বেগ আছে। আমি সত্যিই খুশি না যে, অনেকেই এই পর্যালোচনাগুলো দৃষ্টান্তযোগ্য বলে মনে করছেন।’

থ্রি-পারসনস বেবি নিয়ে হাউস অব কমন্সে মঙ্গলবার ৪৫ মিনিটের এক বিতর্ক হওয়ার কথা। এর পরপরই হবে এমপিদের ভোট। অবশ্য এখানে পাস হলেও প্রস্তাবটি হাউস অব লর্ডসে উত্থাপিত হবে। কিন্তু সবাই মনে করছেন, হাউস অব কমন্সে পাস হওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। এভাবে ব্রিটিশ রাজনীতিকদের অনুমোদন পেলে হিউম্যান ফার্টিলাইজেশন অ্যান্ড এমব্রায়োলজি অথরিটি নিউক্যাসলের ওয়েলকাম ট্রাস্ট সেন্টার ফর মাইটোকন্ড্রিয়া রিসার্চকে এই চিকিৎসা-পদ্ধতি চর্চার জন্য লাইসেন্স দেবে। সে ক্ষেত্রে থ্রি-পারসনস বেবি নিয়ে প্রথম প্রচেষ্টাটি এ বছরই শুরু হতে পারে এবং ২০১৬ সালে এমন প্রথম শিশুর জন্ম হতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।