এক সপ্তাহ ধরে ব্যবসায়ী ‘নিখোঁজ’
হাটহাজারীর এক ব্যবসায়ী এক সপ্তাহ ধরে ‘নিখোঁজ’ বলে তাঁর পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। ১৯ জুন দুপুরে বাড়ি থেকে বের হওয়ার পর জিয়াউল হক ওরফে জিয়া (২২) নামের ওই ব্যবসায়ীর আর কোনো খোঁজ পাওয়া যায়নি। নিখোঁজ জিয়াউল হক হাটহাজারীর এনায়েতপুর গ্রামের নূর আহম্মদ মাস্টার বাড়ির মো. আলী আকবরের ছেলে। স্থানীয় মুনিয়া পুকুরপার বাজারে ‘সাগর অ্যান্ড ব্রাদার্স’ নামের একটি স্যানিটারি দোকান রয়েছে তাঁর।এ ঘটনায় জিয়ার মা নুর নাহার বেগম হাটহাজারী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তবে গতকাল সোমবার দুপুর পর্যন্ত জিয়ার নিখোঁজ হওয়ার ঘটনায় থানায় কোনো মামলা হয়নি। হাটহাজারী থানার পুলিশ বলছে, একটি মোটরসাইকেল কিনে টাকা পরিশোধ করতে এর মালিককে ভুয়া চেক দিয়েছিলেন জিয়া। এ ঘটনায় মোটরসাইকেলটির মালিক থানায় জিয়ার বিরুদ্ধে প্রতারণা মামলা করেন। ওই মামলার পর থেকেই জিয়ার হদিস নেই। জিয়ার মা নুর নাহার বেগম প্রথম আলোকে বলেন, জিয়া ৮৫ হাজার টাকা দিয়ে একটা মোটরসাইকেল কিনেছিল। এর মধ্যে ১৫ হাজার টাকা পরিশোধ করে। বাকি ৭০ হাজার টাকা নিয়ে ১৯ জুন দুপুরে বাসা থেকে বের হয়। এরপর একবার জিয়ার সঙ্গে মুঠোফোনে কথা হয়। তারপর জিয়া বাড়িতে ফেরেনি। ওই দিন বেলা দুইটা থেকে মুঠোফোনটিও বন্ধ। এর আগে গত ২২ মে কয়েকজন জিয়াকে ধরে নিয়ে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেয়। তবে জিয়া যে ব্যক্তির কাছ থেকে মোটরসাইকেল কিনেছে তার নাম-পরিচয় জানাতে পারেননি নুর নাহার বেগম। এ প্রসঙ্গে জানতে চাইলে হাটহাজারী থানার পরিদর্শক (তদন্ত) আবুল কাশেম ভুঁইয়া প্রথম আলোকে বলেন, ‘জিয়ার নিখোঁজ হওয়ার বিষয়টি আমরা তদন্ত করছি। তবে জিয়া মোটরসাইকেল কিনে এর মালিককে যে চেকটি দিয়েছিল সেটি ছিল ভুয়া। এ ঘটনায় মোটরসাইকেলের মালিক থানায় একটি প্রতারণা মামলা করেন। এরপর থেকে জিয়ার খোঁজ নেই। তাৎক্ষণিকভাবে মোটরসাইকেল মালিকের নাম বলতে পারছি না।’