ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে গত এক সপ্তাহে দুইবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের ১৩ জন নেতা–কর্মী আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। ১২ অক্টোবর ফটিকছড়ি পৌরসভা ছাত্রলীগের কাউন্সিল নিয়ে এই সংঘর্ষের সূত্রপাত হয়। বিবদমান এই দুই পক্ষ উপজেলা আওয়ামী লীগের দুই প্রভাবশালী নেতার অনুসারী বলে জানা গেছে।
নাজিরহাট উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের জরুরি বিভাগের চিকিৎসক মহররম আলী ও আরাফাত রহমান জানান, ১২ অক্টোবর হাসপাতালে আহত হয়ে চিকিৎসা নেন মো. রুবেল, মো. মইনু, মো. এমরান, মো. সাইফুর, মো. জয়নাল, মো. পিয়াল, মো. রনি ও মো. িরপন। এরপর ১৭ অক্টোবর আহত হন মো. শাহেদুল আলম, মো. হোসেন, মো. শোয়াইব, মো. রাসেল ও মো. আজম। আহত নেতা–কমীরদের মধ্যে মো. শাহেদুল আলম উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক। মো. রাসেল ও মো. মইনু নাজিরহাট পৌরসভা যুবলীগের সদস্য। বাকিরা পৌর এবং উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মী হিসেবে এলাকায় পরিচিত।
পৌর যুবলীগ নেতা নেসার আহম্মদ জানান, বিবদমান ফটিকছড়ি ছাত্রলীগের দুটি পক্ষের একটি উপজেলা চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামী লীগ নেতা এম তৌহিদুল আলমের অনুসারী। অন্য পক্ষ সাবেক সাংসদ রফিকুল আনোয়ারের কন্যা ও উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য খাদিজাতুল আনোয়ারের সমর্থক। কাউন্সিলে নিজেদের পছন্দের নেতা-কর্মীদের নেতৃত্বে আনার জন্যই দুই পক্ষ এমন বিবাদে জড়িয়েছে বলে তিনি দাবি করেন।
ফটিকছড়ির বিবিরহাট বাজারের ব্যবসায়ী মো. জাফর জানান, ১২ অক্টোবর সম্মেলনের দিন ছাত্রলীগের নেতা-কর্মীরা আগ্নেয়াস্ত্র, কিরিচ, ছোরা ও লাঠিসোঁটা নিয়ে পরস্পরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হন। এতে উপস্থিত নেতারা কমিটি ঘোষণা ছাড়াই শেষ করেন সম্মেলন।
১৭ অক্টোবরের সংঘর্ষের ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন নাজিরহাটের কুম্ভারপাড়া এলাকার ব্যবসায়ী সাইফুর রহমান। তিনি জানান, বেলা একটায় কুম্ভারপাড়া এলাকায় ছাত্রলীগের সদস্যরা বাগ্বিতণ্ডায় লিপ্ত হন। কিছুক্ষণের মধ্যেই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। মারামারির সময় নেতা-কর্মীরা লাঠি ও ধারালো অস্ত্র ব্যবহার করেন বলে তিনি জানান।
ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মুহাম্মদ সাহেদুল আলম প্রথম আলোর কাছে স্থানীয় ছাত্রলীগের কোন্দলের কথা স্বীকার করেন। তিনি বলেন, ‘আমরা একদিকে ভাবমূর্তি উজ্জ্বল করার চেষ্টা করছি, অন্যদিকে কেউ কেউ যুবলীগ-ছাত্রলীগের নাম ব্যবহার করে সন্ত্রাসে জড়িয়ে পড়ছেন। আমরা চাই, এদের আইনের আওতায় আনা হোক।’
ছাত্রলীগ-যুবলীগের একটি পক্ষ অস্ত্রের মহড়া দিচ্ছে বলে দাবি করেন খাদিজাতুল আনোয়ারের অনুসারী হিসেবে পরিচিত ফটিকছড়ি ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মুহাম্মদ জামাল উদ্দিন। তিনি বলেন, ‘পরিবেশ নষ্ট করতে উপজেলা আওয়ামী লীগের একজন নেতার অনুসারী যুবলীগ-ছাত্রলীগের নাম ভাঙিয়ে সন্ত্রাস করছে। আসলে তারা জামায়াত-শিবিরের কর্মী-সমর্থক।’
এ ব্যাপারে প্রশ্ন করা হলে তৌহিদুল আলম পক্ষের সমর্থক হিসেবে পরিচিত ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ফয়সল ইসলাম চৌধুরী বলেন, তঁাদের পক্ষের কেউ সন্ত্রাসের সঙ্গে যুক্ত নন। উপজেলা আওয়ামী লীগের একজন নেতার অনুসারীরাই বারবার অস্ত্রের মহড়া দিচ্ছে। গণতান্ত্রিক প্রক্রিয়া রক্ষা তাঁরা কেবল প্রতিবাদ করছেন।
তবে উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি বখতিয়ার সাঈদ ফটিকছড়ি ছাত্রলীগে কোনো কোন্দল নেই বলে দাবি করেন। তিনি বলেন, ‘যারা অস্ত্রের মহড়া দিচ্ছে তাঁরা অছাত্র, কেউ ছাত্রলীগের সদস্য নন। তা ছাড়া বড় সংগঠনে মতবিরোধ থাকেই। পরিস্থিতি এখন শান্ত।’
উপজেলা চেয়ারম্যান তৌহিদুল আলম বলেন, ‘আমি আওয়ামী লীগের লোক। আমার পক্ষের কেউ যুবলীগ-ছাত্রলীগের নাম ব্যবহার করলে তাতে দোষের কিছু নেই। তবে, জামায়াত নামধারী কেউ দলের ভাবমূর্তি নষ্ট করলে তাদের প্রতিহত করা হবে।’
খাদিজাতুল আনোয়ার বলেন, ‘ছাত্রলীগ ঐতিহ্যবাহী সংগঠন। ছাত্রলীগের নেতা-কর্মীর নাম দিয়ে কেউ অছাত্রের মতো কাজ করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য আমরা জেলায় সুপারিশ করব।’