রাউজানের আইনশৃঙ্খলা পরিস্থিতি হঠাৎ খারাপ হয়ে উঠেছে। উপজেলার বিভিন্ন স্থানে এক সপ্তাহে ছয়টি ডাকাতি ও ১৫টি চুরির ঘটনা ঘটেছে। ডাকাত ও চোরের আক্রমণে নারী, শিশুসহ আহত হয়েছে নয়জন। এসব ঘটনায় সাধারণ ডায়েরি হলেও মামলা হয়নি। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, পরবর্তী ঝামেলা এড়ানোর জন্য তাঁরা মামলা করছেন না।হঠাৎ করে চুরি-ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ায় এলাকার মানুষ উৎকণ্ঠিত হয়ে পড়েছে। শীতের ঘন কুয়াশাছন্ন রাতে পরিস্থিতি আরও খারাপ হতে পারে—এই আশঙ্কায় অনেকে শহরে ভাড়া বাসায় চলে যাওয়ার চিন্তা করছেন। আক্রান্ত ব্যক্তিরা জানান, ডাকাতেরা গ্রিল কেটে ও দরজার তালা ভেঙে ঘরে ঢোকে। তাদের বেশির ভাগের হাতে থাকে লোহার রড, কিরিচ, ছুরি ও বন্দুক। অস্ত্র উঁচিয়ে ঘরের সদস্যদের জিম্মি করে টাকাসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে সরে পড়ে তারা। কেউ বাধা দিলে তার ওপর সশস্ত্র আক্রমণ চালাতে দ্বিধা করে না ডাকাতেরা। উরকির চর ইউনিয়নের আবুরখীল নন্দনকানন এলাকার ব্যবসায়ী তপন বড়ুয়া জানান, ২৫ নভেম্বর রাতে দরজার গ্রিল কেটে ও তালা ভেঙে ডাকাতেরা তাঁর ঘরে ঢোকে। লুটপাটে বাধা দিতে গেলে ডাকাতেরা লোহার রড দিয়ে তাঁর মা বনলতা বড়ুয়াকে (৮০) আঘাত করে। কিরিচের কোপে আহত করে ১০ বছরের শিশু শুভ বড়ুয়াকে। একপর্যায়ে স্থানীয় লোকজন প্রতিরোধ শুরু করলে ডাকাতেরা গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায়। এ সময় গুলিতে আহত হন স্থানীয় যুবক বাবলা বড়ুয়া।বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক দক্ষিণ ঢাকাখালীর বাসিন্দা উত্তম বড়ুয়ার বাড়িতে একই রাতে ডাকাতি হয়। এ সময় ডাকাতেরা ঘরের মূল্যবান জিনিসপত্র লুট করে বলে উত্তম বড়ুয়া জানান। একই রাতে নোয়াপাড়া ইউনিয়নের কচুখাইন গ্রামে নুরুল আবসারের ঘরেও হানা দিয়ে ডাকাতেরা প্রায় পাঁচ লাখ টাকার সম্পদ লুট করে নিয়ে যায়। ২৩ নভেম্বর রাতে বাগোয়ান ইউনিয়নের পাঁচখাইন গ্রামের কামাল উদ্দিন চৌধুরী ও প্রবাসী ইউছুপ উদ্দিনের ঘরে ঢুকে ডাকাতেরা আট লাখ টাকার সম্পদ লুট করে নিয়ে যায়। এ সময় ডাকাতের হাতে আহত হয় দুজন।পশ্চিম গুজরার বাসিন্দা নুরুল আলম বলেন, ১৫ দিন আগে তাঁর ঘরে চুরি করে পালানোর সময় চোরেরা লাঠি দিয়ে আঘাত করলে তাঁর এক ছেলের মাথা ফেটে যায়। বাগোয়ান গ্রামের জাফর উল্লাহ জানান, গ্রামে গত এক মাসে একাধিক চুরির ঘটনা ঘটেছে।নোয়াপাড়ার বাসিন্দা আবু তাহের এলাকায় চুরি-ডাকাতির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, শীতের কুয়াশাচ্ছন্ন রাতে ডাকাতদের তৎপরতা বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই অনেক সচ্ছল পরিবারের লোকজন শহরে বাসা নিয়ে থাকার চিন্তা করছেন।উরকির চর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক দুলাল বড়ুয়া বলেন, গ্রামীণ সড়কে পুলিশি টহল-ব্যবস্থার দুর্বলতার সুযোগে চোর-ডাকাতেরা তৎপর হয়ে উঠেছে। পুলিশ সক্রিয় না হলে পালিয়ে থাকা অপরাধীরা প্রকাশ্যে এসে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি ঘটাতে পারে বলে তিনি মন্তব্য করেন। হঠাৎ ডাকাতি বেড়ে যাওয়া প্রসঙ্গে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল আমিন বলেন, পুলিশের সীমাবদ্ধতার কারণে প্রতিটি গ্রামে টহল দেওয়া সম্ভব হয় না। বিভিন্ন ঘটনায় ডায়েরি (জিডি) হলেও সংশ্লিষ্ট ব্যক্তিরা মামলা করছেন না। এলাকার মানুষ সহযোগিতা করলেই চুরি-ডাকাতি রোধ করা সম্ভব।’ তিনি দাবি করেন, গত এক মাসে পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। সন্দেহভাজন অন্য ডাকাতদের ধরার জোর প্রচেষ্টা চলছে।এদিকে, ২৫ নভেম্বর রাতে ডাকাতির সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে। গত রোববার রাতে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পূর্ব গুজরা ইউনিয়নের বড় ঠাকুরপাড়ার মোহাম্মদ আলীর ছেলে মোহাম্মদ ফোরকান (২৭), উরকির চর ইউনিয়নের হারপাড়া গ্রামের আবদুর রশীদের ছেলে মোহাম্মদ ওসমান (৩৫) ও একই ইউনিয়নের ঢাকাখালী গ্রামের সজল বড়ুয়ার ছেলে টিপু বড়ুয়াকে (২২) গ্রেপ্তার করা হয়। তাঁরা ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে সোমবার আদালতে জবানবন্দি দিয়েছেন বলে জানান ওসি।